জীবনের দাবি সব থেকে বড়

‘৬৮ বছর ধরি ভারতের ছিটত আছি। তারা জমিটার হিসাব করছে। মানুষের হিসাব করেনি। হামরা ছিটের মানুষ এত দিন আছিলাম এতিমের মতো। ছিটের মাইনষের বুকত আগুন জ্বলে। এইবার হামরা বাংলার সঙ্গে মিশি যাবার নাগছি। হামার নতুন জন্ম হলো।’ বলছিলেন কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ভেতরে ভারতের ছিটমহল দাশিয়ার ছড়ার গোলাম মোস্তফা।
ঠিক এর বিপরীত চিত্র এই ছিটমহলের আরেক দল মানুষের মধ্যে। এই দলে আছেন অশীতিপর বৃদ্ধা উবিজুন বেওয়া। তিনি ভারতে যেতে চান। কারণ, তাঁর দুই ছেলে, ছেলের বউ, নাতি—সবাই দিল্লিতে থাকে বছরের বেশির ভাগ সময়। তারা দিল্লিতেই যাবে। ঘরের পাশেই তাঁর স্বামী ইউনুস আলীর কবর। তা কবরের জায়গায় কবর থাকুক। তিনি যাবেন জীবিতদের সঙ্গেই। জীবনের দাবিই তো সব থেকে বড়। এ দলের মিজানুর রহমান বলছিলেন, ‘হামার নাগরিকত্ব সনদ নাই। তাও ৬৮ বছর থাকি ভারতের ছিটত আছি। এত দিন ভারতের সাথেই হামরা ব্যবসা-বাণিজ্য, কাজ-কাম করছি। এলা কেন হামরা বাংলাত থাকমু। হামরা ভারত যাম।’
বাংলাদেশের ভেতরে ভারতের ছিটমহলগুলোর বাসিন্দাদের মধ্যে এখানে থাকা ও ভারতে যাওয়া নিয়ে দ্বন্দ্ব প্রবল হয়ে উঠেছে। দুই পক্ষের মধ্যে মারপিট ও মামলার হুমকি দেওয়ার ঘটনা ঘটেছে দাশিয়ার ছড়ায়। মাদক ব্যবসা, চোরাচালানের অভিযোগ করছে দুই পক্ষ পরস্পরের প্রতি। ‘রাজাকার’ বলে গালিও দেওয়া হচ্ছে ভারত যেতে আগ্রহীদের। এই অংশটি সংখ্যায় কম। তারা ভয়ভীতির মধ্যে আছেন। শেষাবধি যদি ভারতে যাওয়া না-ই হয়, তবে রাজাকার অপবাদ নিয়ে মাথা নিচু করেই থাকতে হবে বলে মনে করছেন তাঁরা।
ভারতের লোকসভায় স্থলসীমান্ত চুক্তি-সংক্রান্ত বিল পাস হওয়ার পর বাংলাদেশের ভেতরে ভারতের ১১১টি ছিটমহল বাংলাদেশের সঙ্গে এবং ভারতের ভেতরে বাংলাদেশের ৫১টি ছিটমহল ওই দেশে অঙ্গীভূত হতে যাচ্ছে। ১৯৭৪ সালের ইন্দিরা-মুজিব চুক্তি বাস্তবায়ন করার দাবিতে উভয় দেশেই ছিটমহলবাসীদের দুটি সংগঠন আন্দোলন করে আসছে। এর মধ্যে ‘ভারত-বাংলাদেশ ছিটমহল বিনিময় সমন্বয় কমিটি’র বাংলাদেশ অংশ চায় বাংলাদেশের নাগরিকত্ব। গোলাম মোস্তফা এই কমিটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক। সেই সম্ভাবনা সৃষ্টি হওয়ায় আনন্দে তাঁরা মিষ্টিও বিতরণ করেছেন।
আর অপর সংগঠন ‘ছিটমহল ইউনাইটেড কাউন্সিল’-এর বাংলাদেশ অংশ চায় ভারতের নাগরিকত্ব। তারা ভারতে চলে যাবে। মিজানুর রহমান এই সংগঠনের দাশিয়ার ছড়া ইউনিটের সাধারণ সম্পাদক। তাঁদের মন খারাপ।
কুড়িগ্রাম শহর থেকে দাশিয়ার ছড়া প্রায় ৪০ কিলোমিটার উত্তরে। এটি পড়েছে ফুলবাড়ী উপজেলায়। এর পশ্চিম সীমান্তে নীলকমল নদ। অপর তিন দিকে ফুলবাড়ীর কাশিপুর ইউনিয়ন। উত্তরে ভারতের কোচবিহার জেলার দিনহাটা মহকুমা। দূরত্ব দুই কিলোমিটার। তবে সেখানে যাওয়ার কোনো রাস্তা নেই। ছিটমহলটির চারপাশে বাংলাদেশের ভূখণ্ড দিয়ে ঘেরা।
দাশিয়ার ছড়ায় একটিই বাজার। এই বাজারেই কথা হলো ছিটমহলবাসীর সঙ্গে। সমন্বয় কমিটির নেতারা জানালেন বাংলাদেশের ভেতরের ছিটমহলগুলোর মধ্যে দাশিয়ার ছড়াই আয়তনে সবচেয়ে বড়। ছিটমহলটির নম্বর ১৫০। আয়তন প্রায় ৭ বর্গকিলোমিটার। জমির পরিমাণ ১ হাজার ৯৪৫ একর। ১৯৮০ থেকে ২০০৫ সাল পর্যন্ত এখানে ভারতের পঞ্চায়েত পদ্ধতির মতো পঞ্চায়েত নির্বাচন করা হতো। এতে শুধু পুরুষেরাই ভোট দিতেন। ২০০৪ সালে একটি ঘটনায় চেয়ারম্যানের পক্ষ ও এলাকাবাসীর পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এরপর থেকে পঞ্চায়েত নির্বাচন বন্ধ হয়ে গেছে। পরিত্যক্ত পঞ্চায়েত অফিসে এখনো উড়ছে ভারতীয় পতাকা।
২০১১ সালে ভারতীয় পক্ষের জনগণনা অনুসারে পরিবারের সংখ্যা ১৮০৫টি, জনসংখ্যা ১১ হাজার। তবে তখন শুধু উপস্থিত লোকদেরই গণনা করা হয়েছিল। এই ছিটমহলের চার থেকে পাঁচ হাজার লোক দিল্লিতে কাজ করেন। অনেকে জন্মস্থানের পরিচয় গোপন করে ব্যবসা ও চাকরি সূত্রে বাংলাদেশের মূল ভূখণ্ডে থাকেন। তাঁদের গণনা করা হয়নি। ফলে এখন প্রকৃত জনসংখ্যা ১৭ হাজারের বেশি হবে বলে তাঁদের ধারণা। ভারাক্রান্ত মনে আলতাফ হোসেন মন্তব্য করলেন, ‘ভারত-বাংলাদেশের সরকারের কাছে সুন্দরবনে কয়টা বাঘ, কয়টা হরিণ আছে তার হিসাব আছে। কিন্তু আমাদের কোনো হিসাব নাই।’
তবে এখন সেই দুঃসময় কেটে যাবে। বাংলাদেশে থেকে যেতে ইচ্ছুক ব্যক্তিরা প্রথমত চান এ দেশের নাগরিকত্ব। এরপরে তাঁদের দাবি, দাশিয়ার ছড়াকে একটি স্বতন্ত্র ইউনিয়ন হিসেবে ঘোষণা দেওয়া হোক। এ ছাড়া রাস্তা নির্মাণ, একটি মহাবিদ্যালয়, দুটি উচ্চবিদ্যালয়, মাদ্রাসা, অন্তত নয়টি প্রাথমিক বিদ্যালয়, স্বাস্থ্যকেন্দ্র, ডাকঘর, ভূমি নিবন্ধন অফিস—এসব প্রতিষ্ঠান এবং বিদ্যুৎ সরবরাহ চান তাঁরা। আর গত ৬৮ বছর জমির খাজনা দিতে পারেননি তাঁরা আইনি জটিলতায়। এখন ছিটমহল হস্তান্তর হলে বিগত খাজনা যেন মওকুফ করা হয়, সে আবেদনও জানাচ্ছেন।
দাশিয়ার ছড়ার উত্তর অংশে গিয়ে দেখা গেল এলাকাটি প্রায় নির্জন। এখানেই ছিটমহল ইউনাইটেড কাউন্সিলের সম্পাদক মিজানুর রহমানের বাড়ি। কাউন্সিলের অফিস নেই। তাঁর বাড়ির উঠানেই এসেছিলেন গজেনচন্দ্র বর্মণ, মো. খলিল উদ্দিন, সাবরিনা পারভিন, জামাল উদ্দীনসহ অনেকে। তাঁরা জানালেন, বহু বছর ধরে কার্তিকের আকালের সময় এই ছিটের হাজার পাঁচ-ছয়েক লোক দিল্লিতে চলে যান কাজের জন্য। কায়িক শ্রম করে ফিরে আসেন আষাঢ় মাসে। কেউ কেউ একটানা দু-তিন বছরও থাকেন। অনেকে স্ত্রী-সন্তানদেরও নিয়ে যান। দিল্লিতে যাঁরা কাজে যান, তাঁদের বাড়িগুলো তালাবদ্ধ।
ছিটমহলে সাধারণত চুরি-ডাকাতির ভয় নেই। তবে এখন কাউন্সিলপন্থীরা ভীত। ইদানীং প্রশাসনের লোক, সাংবাদিক, বিদেশি প্রতিনিধিরা ছিটমহলে আসছেন। কিন্তু তাঁদের সঙ্গে ভারত যেতে আগ্রহীদের দেখা করতে বা কথা বলতে বাধা দেওয়া হচ্ছে। মিজানুর অভিযোগ করেন, গত মাসে ভারতের হাইকমিশনার পঙ্কজ সরন দাশিয়ার ছড়ায় এসেছিলেন। সমন্বয় কমিটির লোকেরা তাঁর সঙ্গে কাউন্সিলের নেতাদের দেখা করতে দেননি। তাঁরা চেয়েছিলেন হাইকমিশনারের কাছে ভারতীয় নাগরিকত্বের ব্যাপারে আবেদন করবেন।
গত বছর থেকেই ইউনাইটেড কাউন্সিল ও সমন্বয় কমিটির মধ্যে পারস্পরিক দ্বন্দ্ব তীব্র আকার নেয়। গত বছরের ১৫ সেপ্টেম্বর ভারতীয় নাগরিকত্ব চেয়ে ভারতের পতাকা নিয়ে কাউন্সিল একটি মিছিল করে। বাংলাদেশের পতাকা নিয়ে সমন্বয় কমিটিও একটি মিছিল করে বাংলাদেশের নাগরিকত্ব চেয়ে। মিজানুর অভিযোগ করেন, কালিহাটের কাছে তাঁদের মিছিলে সমন্বয় কমিটির লোকেরা হামলা করে। ছিটমহল হস্তান্তর সম্পন্ন হলে তাঁদের ওপর হামলা ও ফৌজদারি মামলা হতে পারে বলে আশঙ্কা করছেন তাঁরা। তবে কাউন্সিলরদের এসব অভিযোগ অস্বীকার করেন সমন্বয় কমিটির নেতারা।
কুড়িগ্রামের জেলা প্রশাসক এ বি এম আজাদ গতকাল রোববার প্রথম আলোকে বলেন, ‘ছিটমহল সম্পর্কে সরকারিভাবে এখনো কোনো নির্দেশনা আমাদের কাছে আসেনি। সেই কারণে কোনো প্রশাসনিক উদ্যোগ নেওয়া হয়নি। তবে ছিটমহলগুলোতে যেন আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি না হয়, সে বিষয়ে সতর্ক দৃষ্টি রাখা হয়েছে।’
জমিজমা ফেলে কেন তাঁরা ভারতে যেতে চান, এর জবাবে একেক জনের উত্তর একেক রকম। গজেন্দ্র বর্মণের দশ বিঘা জমি। তারপরেও তিনি যেতে চান নিরাপত্তার অভাব বোধ করায়। জামাল উদ্দিনের জমি তিন বিঘা। তিনি মনে করেন, ভারতে গেলে পুনর্বাসনের ব্যবস্থা হবে, আর দিল্লিতে স্থায়ীভাবে থেকে ভালো কাজও পাওয়া যাবে। মিজানুর রহমান মনে করেন, এত দিন আন্দোলনের নেতৃত্ব দিয়ে যদি ব্যর্থ হয়ে পড়েন, তবে সামাজিকভাবে তাঁর কোনো অবস্থান তো থাকবেই না, উপরন্তু মামলা-মোকদ্দমা বা হামলার শিকারও হতে পারেন।