জীবিকার তাগিদে ষাটোর্ধ্ব হেনা এখন সবজি বিক্রেতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সবজি বিক্রেতা হেনা বেগম। ছবিটি বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে গাজীপুর নগরের জয়দেবপুর বাজার থেকে তোলা
ছবি: প্রথম আলো

হেনা বেগমের বয়স ৬২ কি ৬৩ বছর। এই বয়সে তাঁর অবসর সময় কাটানোর কথা। কিন্তু জীবিকার তাগিদে তিনি এখন গাজীপুর নগরের ভাসমান সবজি বিক্রেতা। পরিবারের সঙ্গে অবসর কাটানো তো দূরের কথা, তিন বেলা খাবার জোগাড় করাই তাঁর জন্য কষ্টকর।

গত বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় হেনা বেগমের দেখা মেলে গাজীপুর শহরের জয়দেবপুর বাজারে। আকাশে তখন মেঘের ঘনঘটা। সব দোকানপাট বন্ধ। রাস্তাঘাটও ফাঁকা। দু-একজন এখনো যাদের সড়কে দেখা যায়, তাদের চলাফেরায়ও ঘরে ফেরার তাড়াহুড়া। কিন্তু এর মাঝেই হেনা বেগম বসে আছেন ফুটপাতের একটি সড়কবাতির নিচে। সামনে কিছু শসা, লেবু ও মরিচ। অনেকক্ষণ পরপর কোনো মানুষ হেঁটে যেতে দেখলেই সবজিগুলো কিনতে দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছেন তিনি। কিন্তু ব্যর্থ হয়ে পরক্ষণেই মন খারাপ হচ্ছে তাঁর।

ফুটপাত ধরে হেঁটে যাওয়া এক ব্যক্তির অনেকটা পথ আগলে দাঁড়ান হেনা বেগম। এরপর ‘স্যার, এক কেজি শসা লইয়্যা যান। আমার চালানডা বাঁচব’ বলে শসা কিনতে অনুরোধ করেন তিনি। বৃদ্ধার এমন অনুরোধ ফেলতে পারেননি ওই ব্যক্তি। বৃদ্ধাকে খুশি করতে এক কেজির বদলে দুই কেজি শসা কিনলেন। যাওয়ার আগে তাঁর প্রশ্ন, ‘এই ঝড়বৃষ্টির দিনে আর কতক্ষণ বইয়্যা থাকবেন? যদি অসুস্থ হইয়্যা পড়েন!’ বৃদ্ধার উত্তর, ‘ঘরে খাওন না থাকলে তো এমনিই অসুস্থ হইয়্যা যামু। তহন না খাইয়্যা মরণ লাগব। তার চে ভালা, কিছু কইরা মরি।’

খোলা আকাশের নিচে হেনা বেগমের দোকান। তাঁর বয়স আর আর্থিক দিক বিবেচনায় স্থানীয় এক দোকানমালিক তাঁর দোকানের সামনের ফুটপাতটুকু ব্যবহার করতে দেন। হেনা প্রতিদিন সকালে সবজি নিয়ে বসেন এখানে। এরপর যতক্ষণ পর্যন্ত না সবজিগুলো বিক্রি শেষ হয়, ততক্ষণ পর্যন্ত দোকান খোলা রাখেন তিনি।

হেনা বেগম বলেন, তাঁর বাড়ি কাপাসিয়া উপজেলার টোক ইউনিয়নে। প্রায় ৪৫ বছর আগে বিয়ে হয় ময়মনসিংহের আয়ের আলীর সঙ্গে। বিয়ের পর থেকে তাঁরা থাকতেন রাজধানীর ডেমরা এলাকায়। সেখানে দৈনিক মজুরির ভিত্তিতে চাকরি করতেন আয়েব আলী। তাতে যা আয় হতো, টেনেটুনে সংসার চলে যেত। প্রথম সন্তানের জন্মের পর সংসারে টানাপোড়েন শুরু হয়। ঢাকায় টিকতে না পেরে চলে আসেন গাজীপুরে। সেখানে থাকতে শুরু করেন একটি ভাড়া বাসায়।

গাজীপুরে আয়েব আলী অটোরিকশা চালানোর কাজ শুরু করেন। জন্ম হয় আরও তিন সন্তানের। ছয়জনের সংসার চালাতে হিমশিম অবস্থায় পড়লে মানুষের বাড়িতে কাজ শুরু করেন হেনা বেগম। পরে সেখান থেকে ধাপে ধাপে সবজি বিক্রি শুরু করেন তিনি। স্বামীর মৃত্যুর পর তাঁর একার আয়ে সংসার চলছে।

হেনা বেগম বলেন, তাঁর তিন ছেলে ও এক মেয়ে। মেয়ে সবার বড়। তাঁকে বিয়ে দিয়েছেন। ছেলেদের মাঝে বড় ছেলে লেখাপড়া করছেন। মেজো ছেলে বিয়ে করে আলাদা থাকেন। আর ছোট ছেলে কোনো কাজ না পেয়ে বেকার। ঘরভাড়া আট হাজার টাকা। হেনা বেগমকে একাই বহন করতে হচ্ছে এই পুরো খরচ। এর মাঝে কোনো মাসে পড়াশোনার পাশাপাশি টিউশন করে কিছু টাকা দিতে পারেন বড় ছেলে। এভাবে চলছে সংসার।

রাত প্রায় ১২টা বেজে যায়। এর মধ্যে শুরু হয় বৃষ্টি। হেনা বেগম দোকান থেকে সরে আশ্রয় নেন পাশের একটি দোকানের ছাউনির নিচে। এত বৃষ্টির মধ্যেও বসে আছেন কেন—জানতে চাইলে তিনি বলেন, ‘প্রতি রাইতে কিছু হকার (যাঁরা খাবার মেস চালান) আহে, তাঁরা একলগে অনেক সবজি কেনে। আরও কিছুক্ষণ দাঁড়াই, দেখি আহে কি না। আইলে কম দামে দিয়া দিমু। তাতে অন্তত চালানের ট্যকাটা বাঁচব।’