চট্টগ্রামের কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি (কাফকো) থেকে সার নিয়ে বাঘাবাড়ীর উদ্দেশে ছেড়ে আসা ‘এমভি কর্ণফুলী-৫’ পণ্যবাহী জাহাজের তিনজন শ্রমিক জীবিত উদ্ধার হয়েছেন। তবে নৌযানটির মাস্টার, চালকসহ সাতজন গতকাল শনিবার রাত পর্যন্ত নিখোঁজ ছিলেন। পুলিশ জাহাজটি আটক করেছে।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির প্রথম আলোকে জানান, এমভি কর্ণফুলী-৫ জাহাজটি গতকাল ভোররাতে উপজেলার বাতিরখাল মাছঘাটের অদূরে মেঘনা নদীতে অপর একটি মালবাহী জাহাজকে ধাক্কা দেয়। খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে সকাল আটটার দিকে এমভি কর্ণফুলী-৫ জাহাজের কেবিন থেকে অবরুদ্ধ অবস্থায় মাহাবুব ও জাহিদ নামের দুজনকে উদ্ধার করেন।
ওসি বলেন, জাহাজ থেকে একটি রক্তমাখা লোহার রেঞ্জ উদ্ধার করা হয়েছে। জাহাজের পাটাতন ও কেবিনের ছাদেও রক্তের দাগ দেখা গেছে। তবে জাহাজের কোনো মালামাল খোয়া যায়নি।
উদ্ধার হওয়া শ্রমিকেরা হচ্ছেন জাহাজের গ্রিজার নোয়াখালীর হাতিয়া উপজেলার নলচিরা এলাকার মো. পারভেজ, লস্কর ভোলার শ্যামপুর এলাকার মাহাবুব হোসেন ও ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার জাহিদুল ইসলাম।
আর নিখোঁজ রয়েছেন জাহাজের মাস্টার নড়াইলের লোহাগড়া উপজেলার আড়িয়ারা এলাকার শেখ এনামুল হোসেন, চালক মাগুরার মহম্মদপুর উপজেলার বালিদিয়া এলাকার নুর নেওয়াজ, সুকানি নড়াইলের লোহাগড়া উপজেলার মল্লিকপুর এলাকার শাফিনুর রহমান, লস্কর ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার টিটু, একই এলাকার শামীম, বাবুর্চি (অজ্ঞাতনামা) ও টিটুর অতিথি (অজ্ঞাতনামা)।
পারভেজ গতকাল সন্ধ্যায় কমলনগর থানায় প্রথম আলোকে জানান, শুক্রবার রাত নয়টার দিকে জাহাজটি রামগতির চর আবদুল্লাহ এলাকায় পৌঁছালে লস্কর টিটু ও শামীম জাহাজের নাবিক নুর নেওয়াজকে বেপরোয়া মারধর শুরু করেন। তা দেখে ভয়ে তিনি নদীতে ঝাঁপ দেন। পরে জেলেরা তাঁকে উদ্ধার করেন। পুলিশ রাতেই তাঁকে থানায় নিয়ে আসে।
লস্কর মাহাবুব জানান, ঘটনার সময় তিনি ও জাহিদুল জাহাজের কেবিনে বিশ্রাম নিচ্ছিলেন। রাত ১০টার দিকে লস্কর টিটু হঠাৎ বাইরে থেকে তাঁদের কেবিনের দরজা বন্ধ করে দেন। কিছুক্ষণ পর বাইরে তাঁরা প্রচণ্ড ধস্তাধস্তি ও চিৎকার শুনতে পান। একসময় সেই চিৎকার বন্ধ হয়ে যায়। এই অবস্থায় তাঁরা সারা রাত কেবিনেই আটকা ছিলেন। পরে সকালে পুলিশ তাঁদের উদ্ধার করে।
মাহাবুব আরও জানান, তিন-চার দিন আগে টিটু জাহাজের বাবুর্চি সাহাব উদ্দিনকে পিটিয়ে তাড়িয়ে দেন। চট্টগ্রাম থেকে ইউরিয়া সার নিয়ে শুক্রবার সকালে তাঁদের জাহাজ ছেড়ে আসার সময় টিটু তাঁর পরিচিত একজনকে বাবুর্চি হিসেবে নিয়ে নেন। এ নিয়ে জাহাজের মাস্টার শেখ এনামুল হোসেন ও চালক নুর নেওয়াজের সঙ্গে টিটু ও শামীমের বাগ্বিতণ্ডা হয়। ওই বিরোধের জের ধরে শামীম, টিটু, টিটুর অতিথি ও নতুন বাবুর্চি পরিকল্পিতভাবে শেখ এনামুল, নুর নেওয়াজ ও শাফিনুরকে মেরে নদীতে ফেলে দিয়ে পালিয়ে গেছেন বলে তিনি ধারণা করছেন।
এমভি কর্ণফুলী-৫-এর চার্টার মালিক (ভাড়াটে মালিক) আবদুস সালাম খবর পেয়ে ঢাকা থেকে কমলনগরে এসেছেন। তিনি জানান, চট্টগ্রাম কাফকো থেকে ৭২০ মেট্রিক টন ইউরিয়া সার নিয়ে শুক্রবার সকাল ছয়টায় তাঁর জাহাজটি বাঘাবাড়ীর উদ্দেশে রওনা হয়। জাহাজের শ্রমিকদের মধ্যে বিরোধ ছিল কি না, সে সম্পর্কে তিনি কিছু জানেন না। তিনি বলেন, তাঁরা সাধারণত জাহাজের মাস্টার ও চালক নিয়োগ দেন। ওই মাস্টার ও চালক তাঁদের পছন্দমতো অন্যান্য শ্রমিক নিয়োগ দেন। এ কারণে মাস্টার ও চালক ছাড়া অন্য কোনো শ্রমিকের তথ্য তাঁদের জানা নেই।
ওসি হুমায়ুন কবির জানান, এ ঘটনায় জাহাজ কর্তৃপক্ষ মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে।