জীবিত হয়েও ‘মৃত’ সুমিত্রা রানী, চাকরি হারানোর শঙ্কা
সুমিত্রা রানী সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বড়হর খামারপাড়া গ্রামের বাসিন্দা। এখন থাকেন পাবনার বেড়া পৌর এলাকায়। চাকরি করেন একটি শিক্ষাপ্রতিষ্ঠানে। বাস্তবে তিনি জীবিত থাকলেও নির্বাচন কমিশনের (ইসি) তথ্যভাণ্ডারে তাঁকে ‘মৃত’ দেখানো হয়েছে। এ সমস্যার কারণে করোনার টিকা না নেওয়ার জন্য তিনি চাকরি হারাতে বসেছেন। বিষয়টি নিয়ে তিনি এখন উদ্বেগ–উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, জাতীয় পরিচয়পত্রের তথ্য হালনাগাদ করার সময় নির্বাচন কমিশনের (ইসি) তথ্য সংগ্রহকারীরা ভুল করে সুমিত্রা রানীকে ‘মৃত’ উল্লেখ করেন। ভোটার তালিকা থেকেও তাঁর নাম কাটা পড়েছে। তাঁদের ভুলের কারণে সুমিত্রা রানী এখন নানা সমস্যার মুখোমুখি হচ্ছেন।
সুমিত্রা জানান, তাঁর জাতীয় পরিচয়পত্র (এনআইডি) থাকা সত্ত্বেও তিনি টিকা নিতে পারছেন না। অথচ তিনি যে শিক্ষাপ্রতিষ্ঠানে চাকরি করেন, সেই প্রতিষ্ঠান কর্তৃপক্ষ শিক্ষক-কর্মচারীদের করোনার টিকা গ্রহণ বাধ্যতামূলক করেছে। নির্বাচন কমিশনের (ইসি) তথ্যভাণ্ডারে সংরক্ষিত তথ্যে তাঁকে মৃত দেখানোয় টিকা গ্রহণের জন্য তিনি নিবন্ধনই করতে পারছেন না।
জানা গেছে, সুমিত্রা রানী বর্তমানে পাবনার বেড়া পৌর এলাকায় বাস করেন। তাঁর স্বামীর নাম গোপাল চন্দ্র সূত্রধর। সিরাজগঞ্জের উল্লাপাড়া থেকেই তাঁর জাতীয় পরিচয়পত্রের নিবন্ধন হয়। তাঁর জাতীয় পরিচয়পত্র নম্বর ৮৮১৯৪১৪৯০০১৩০।
সুমিত্রা রানী বলেন, গোপাল চন্দ্র সূত্রধর কাঠমিস্ত্রীর কাজ করতেন। উল্লাপাড়ায় কাজ কমে যাওয়ায় গোপাল চন্দ্র স্ত্রী-সন্তানদের নিয়ে আট বছর আগে পাবনার বেড়া পৌর এলাকায় চলে আসেন। সেখানে অন্যের জায়গায় ঘর তুলে কোনোরকমে দিন কাটছিল তাঁদের। মাস ছয়েক আগে গোপাল মারা যাওয়ায় বিপদে পড়েন সুমিত্রা।
সুমিত্রার পরিবারে এখন অসুস্থ ছেলে, পুত্রবধূ, দুই নাতি–নাতনি রয়েছেন। গোপাল মারা যাওয়ার পর পরিবারের অসহায় অবস্থা দেখে বেড়া পৌর এলাকার আলহেরা একাডেমি স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষ অস্থায়ী ভিত্তিতে সুমিত্রাকে আয়া পদে চাকরি দেয়। সেখান থেকে পাওয়া তিন হাজার টাকা দিয়ে কোনোরকমে দিন চলছে তাঁদের।
আলহেরা একাডেমি স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে করোনার টিকা নেওয়া ছাড়া কেউ চাকরি করতে পারবেন না। এ জন্য সম্প্রতি সুমিত্রা রানী টিকার নিবন্ধন করতে স্থানীয় একটি কম্পিউটার সার্ভিসের দোকানে যান। কিন্তু সেখানে গিয়ে তিনি জানতে পারেন ইসির তথ্যভাণ্ডারে তাঁকে মৃত হিসেবে দেখানো হচ্ছে। পরে বেড়া উপজেলা নির্বাচন কার্যালয়ে গিয়েও বিষয়টি সম্পর্কে তিনি নিশ্চিত হন। এর পর থেকে তিনি বেড়া ও উল্লাপাড়া উপজেলা নির্বাচন কার্যালয়ে বেশ কয়েকবার গিয়ে তাঁর সমস্যার কথা জানিয়েছেন। কিন্তু তাঁর সমস্যার সমাধান না হওয়ায় তিনি টিকা গ্রহণের জন্য নিবন্ধনও করতে পারেননি।
আলহেরা একাডেমি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ হাকিমুল কবির বলেন, ‘সরকারি নির্দেশনা অনুযায়ী প্রতিষ্ঠানের সবাইকে বাধ্যতামূলক টিকা গ্রহণের জন্য বলা হয়েছে। সবাই টিকা নিলেও ইসির তথ্যসংগ্রহকারীদের ভুলে সুমিত্রা রানী টিকা নিতে পারছেন না। তাঁর বিষয়টি আমরা সহানুভূতির দৃষ্টিতে দেখছি।’
উল্লাপাড়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মাসুদ রানা বলেন, ‘আমাদের ডেটাবেসে সুমিত্রা রানীকে মৃত দেখানো হচ্ছে। ২০১৯ সালে তথ্য হালনাগাদের সময় তথ্য সংগ্রহকারীদের ভুলে এ ঘটনা ঘটে থাকতে পারে।’
তবে এ বিষয়ে সিরাজগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা আবুল হোসেন বলেন, ‘সুমিত্রা রানীকে দ্রুত উল্লাপাড়া উপজেলা নির্বাচন কার্যালয়ে ইসি বরাবর ভুল সংশোধনের জন্য একটি আবেদন জমা দিতে হবে। এ আবেদন পাওয়ামাত্রই আমরা তা ইসির প্রধান কার্যালয়ে পাঠিয়ে দেব। আশা করি, সেখান থেকে দ্রুতই বিষয়টি সংশোধিত হয়ে আসবে।’