ভাতাভোগীদের অভিযোগ
‘জীবিতরা মৃত’, নাম কাটা
‘ম্যানুয়াল’ থেকে মুঠোফোনে টাকা পাঠানোর প্রক্রিয়ায় যেতে তালিকা থেকে নাম বাদ গেছে বেশ কয়েকজন ভাতাভোগীর।
রংপুরের বদরগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তার কার্যালয় থেকে বিভিন্ন ভাতাভোগীর নাম তালিকা থেকে বাদ দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। কারণ জানতে গিয়ে ভুক্তভোগীরা ওই কার্যালয়ে হয়রানির শিকার হচ্ছেন। দালাল ছাড়া মিলছে না সেবা। এসব অভিযোগ এনে সম্প্রতি দুই ভুক্তভোগী উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। তালিকা থেকে নাম বাদ দেওয়ার অভিযোগটি আনা হয়েছে সমাজসেবা কর্মকর্তার বিরুদ্ধে।
ভুক্তভোগীরা বলেছেন, উপজেলা সমাজসেবা কার্যালয় থেকে জীবিত ভাতাভোগীকে মৃত, আবার কোনো কারণ ছাড়াই হঠাৎ অনেক ভাতাভোগীর নাম বাদ দেওয়া হয়েছে। এ কারণে তাঁরা আগে ভাতা পেলেও গত ৬ থেকে ৯ মাস ধরে তা পাচ্ছেন না।
তবে সমাজসেবা কর্মকর্তা গোলাম ফারুক বলেছেন, বয়স্ক, প্রতিবন্ধী, বিধবা ও স্বামী পরিত্যক্তা মিলিয়ে ২৮ হাজার ৩৫৬ জন কার্ডধারী আগে ‘ম্যানুয়ালি’ ব্যাংক থেকে ভাতার টাকা তুলতেন। এখন টাকা যাবে মুঠোফোনে। এসব নিয়ে কাজ করতে গিয়ে কিছু ঝামেলা হয়েছে। এর বাইরে টাকা নিয়ে কাজ করে দেওয়া কিংবা হয়রানি করার অভিযোগ ঠিক নয়।
ভাতা না পাওয়া ব্যক্তিরা অভিযোগ দিয়েছেন পৌরসভার মেয়র আহসানুল হক চৌধুরীর কাছেও। মেয়র বলেন, ‘আমার কাছে প্রতিদিন বাদ পড়া ভাতাভোগী লোকজন অভিযোগ নিয়ে আসছেন।’
অভিযোগ পাওয়ার পর সমাজসেবা কার্যালয়ে অভিযান চালিয়ে একজন দালালকে আটক করেন ইউএনও মেহেদী হাসান। তিনি জানিয়েছেন, নাম বাদ পড়ার বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
গত রোববার বিকেলে উপজেলা সমাজসেবা কার্যালয়ে গিয়ে দেখা যায়, কার্যালয়ের সামনে ও ভেতরে মানুষের ভিড়। বাইরে আঞ্জুয়ারা বেগম (৪৫) নামের এক নারী কাঁদছেন। তাঁর বাড়ি উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের মৌয়াগাছ গ্রামে। আঞ্জুয়ারা জানান, তাঁর ছেলে শারীরিক প্রতিবন্ধী রাজু আহম্মেদের প্রতিবন্ধী ভাতা দুই বছর ধরে তুললেও ছয় মাস ধরে আর তুলতে পারছেন না।
গোপীনাথপুর ইউনিয়নের হাসিনানগর গ্রামের প্রতিবন্ধী নাছিমা বেগম ৩ বছর ধরে ভাতা তুললেও ৯ মাস ধরে পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন তাঁর স্বামী আইনুল হক। আইনুলের অভিযোগ, স্ত্রীর প্রতিবন্ধী কার্ডের ফটোকপি নিয়ে পাঁচ দিন ঘোরার পরে সমাজসেবা কার্যালয় থেকে বলা হয়েছে নাছিমা বেগম মারা গেছেন। অথচ তাঁর স্ত্রী জীবিত।
ভাতা না পেয়ে ইউএনওর কার্যালয়ে অভিযোগকারী দুজন হলেন মধুপুর ইউনিয়নের কাশিগঞ্জ গ্রামের মাহামুদা আক্তার ও লোহানীপাড়া ইউনিয়নের কাঁচাবাড়ী শাহপাড়া গ্রামের সাজ্জাদুর রহমান। পৃথকভাবে ১৭ জুন তাঁরা ওই অভিযোগ দেন। এই প্রতিবেদকের কাছে অভিযোগের কথা জানিয়েছেন গোপীনাথপুরের কামারপাড়া গ্রামের আরতি রানী, হেলারচক গ্রামের ছলিমা, ওসমানপুর মুন্সিপাড়া গ্রামের ফরিদা পারভিন।
লোহানীপাড়া ইউনিয়নের চেয়ারম্যান রাকিব হাসান বলেন, সমাজসেবা অফিসের বারান্দায় দাঁড়িয়ে থেকেও মানুষ সেবা পাচ্ছেন না। বয়স্ক ও অসহায় প্রতিবন্ধী ভাতাভোগী মানুষগুলোকে হয়রানি করা হচ্ছে। গত বৃহস্পতিবার উপজেলা মাসিক সমন্বয় কমিটির সভায় তিনি বিষয়টি তুলে ধরেন।