জুমের মরিচের কেজি ৩৬০ টাকা!
খাগড়াছড়ির দীঘিনালায় হঠাৎ বেড়েছে জুম উৎপাদিত মরিচের দাম। স্থানীয়ভাবে ধানি মরিচ হিসেবে পরিচিত এই মরিচ বিক্রি হচ্ছে প্রতি কেজি ৩৬০ থেকে ৪৮০ টাকায়। অথচ গত বছর এই মরিচ প্রতি কেজি বিক্রি হয়েছে ১০০ থেকে ১২০ টাকা। অতি বৃষ্টির কারণে ফলন কম হওয়ায় এ বছর মরিচের দাম বেড়েছে বলে কৃষকেরা জানান।
কৃষি বিভাগের দেওয়া তথ্যমতে, গত বছর দীঘিনালায় ১০ হেক্টর পরিমাণ জুম পাহাড়ে মরিচের চাষ হয়েছিল। আর এ বছর ১২ হেক্টর জমিতে মরিচের চাষ হলেও বৃষ্টির কারণে ফলন কম হয়েছে। ভরা মৌসুমেও বাজারে মরিচের দেখা মিলছে না।
গতকাল শনিবার উপজেলার সাপ্তাহিক হাটে গিয়ে দেখা গেছে, বাজারে মাত্র ৫ জন বিক্রেতা জুমের উৎপাদিত কাঁচা মরিচ নিয়ে এসেছেন। প্রতি কেজি মরিচ বিক্রি হচ্ছিল ৩৬০ টাকায়। এর আগের সপ্তাহে বাজারে মরিচ বিক্রি হয়েছে প্রতি কেজি ৪৮০ টাকা দরে।
দীঘিনালা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরিসংখ্যানের দায়িত্বপ্রাপ্ত উপসহকারী কৃষি কর্মকর্তা সুপন চাকমা বলেন, চলতি বছর ১২ হেক্টর পরিমাণ জুম পাহাড়ে মরিচের চাষ হয়েছে। তবে গত বছরের তুলনায় এ বছর ফলন কম।