জুড়ী ভ্যালী ক্লাব
প্রাকৃতিক সৌন্দর্যে ভরা মৌলভীবাজারের জুড়ী উপজেলা। এখানকার কিছু অংশজুড়ে পড়েছে দেশের বৃহত্তম হাকালুকি হাওর। এখানে রয়েছে বিভিন্ন সংরক্ষিত বন, চা-বাগান, পাহাড়ি ছড়া-ঝরনাসহ বিভিন্ন ক্ষুদ্র জাতিগোষ্ঠীর আবাস। ছোট্ট উপজেলা শহরের উত্তর ভবানীপুর এলাকায় জুড়ী-লাঠিটিলা সড়কের পাশে ১০১ শতক জায়গাজুড়ে অবস্থিত ‘জুড়ী ভ্যালী ক্লাব’। ক্লাবটি স্থাপিত হয় ১৯২৯ সালে। ব্রিটিশ স্থাপত্যের নিদর্শন এটি। একসময় সেখানে সপ্তাহে দুই দিন বিকেলে আড্ডা জমত আশপাশের ৩৩টি চা-বাগানের কর্মকর্তাদের। কেউ সেখানে বইপত্র পড়তেন, আবার কেউ খেলাধুলায় মেতে উঠতেন। তবে ক্লাবটি এখন নিষ্প্রাণ।
পাকা সীমানাপ্রাচীর দিয়ে ঘেরা ক্লাবটি। সামনে প্রবেশ ফটক। ভেতরে স্টিলের খুঁটি ও ইটের গাঁথুনির ওপর নির্মিত প্রায় আড়াই হাজার বর্গফুটের একটি বলরুমসহ পাশাপাশি তিনটি স্থাপনা। বাকি দুটি স্থাপনায় ক্লাবের দপ্তর, রান্নাঘর, জেনারেটর, নারী-পুরুষের কাপড়চোপড় বদলানোর আলাদা কক্ষ ও জ্বালানি তেলের গুদাম ছিল। বলরুমে বিলিয়ার্ড বোর্ডসহ খেলার কিছু সরঞ্জাম, টেবিল টেনিস বোর্ড, পুরোনো কিছু চেয়ার-টেবিল, পোর্ট্রেট, গ্রামোফোন রাখার বাক্স ও মদের বার আছে। ক্লাবের ভেতরে রয়েছে লন টেনিসের কোর্ট।
প্রায় ৬৩ বছর ওই ক্লাবে ব্যবস্থাপকের দায়িত্বে ছিলেন শ্রীকান্ত রায় চৌধুরী। ২০০৩ সালে তিনি মারা যান। তাঁর ছোট ছেলে উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান কিশোর রায় চৌধুরী বলেন, আগে চা-বাগানের ব্যবস্থাপকেরা ছিলেন যুক্তরাজ্যের নাগরিক। তাঁদের নকশা-পরিকল্পনা অনুযায়ীই ক্লাবটি নির্মিত হয়। একসময় চা-বাগানের ব্যবস্থাপকদের চাঁদায় ক্লাবের কার্যক্রম চলত। ক্লাবে ব্যবস্থাপক, সহকারী ব্যবস্থাপক, বেয়ারা, ঝাড়ুদারসহ বিভিন্ন পদ ছিল। সপ্তাহের শনি ও মঙ্গলবার চা-বাগানের ব্যবস্থাপকেরা ক্লাবে বসতেন। এ ছাড়া সব চা-বাগানের কারখানার জ্বালানি তেল, দাপ্তরিক কার্যক্রম পরিচালনায় ব্যবহৃত খাতা, কলমসহ প্রয়োজনীয় জিনিস এখান থেকে কেনা হতো। সবকিছুরই দাম বাজার মূল্যের চেয়ে একটু বেশি ছিল। বাড়তি টাকা ক্লাব পরিচালনায় খরচ হতো। বিভিন্ন ধরনের বইপত্র ছিল। নব্বইয়ের দশক পর্যন্ত ক্লাব ভালোই চলছিল। এরপর থেকে ধীরে ধীরে নিস্তেজ হয়ে পড়ে।
কিশোর রায় চৌধুরী বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ আইয়ুব খান, প্রধানমন্ত্রী লিয়াকত আলী খানসহ অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি ক্লাবটি পরিদর্শন করেছেন। পরিদর্শন বইয়ে তাঁদের মন্তব্য ছিল। বইটির এখন আর হদিস নেই। এ ছাড়া ব্রিটিশ আমলের বড় আকারের শ্যাম্পেনের একটি বোতল এখানে ছিল। সেটিও নেই।
ক্লাবটি পরিচালনার জন্য চা-বাগানের ব্যবস্থাপকদের নিয়ে একটি কমিটি রয়েছে। কমিটির বর্তমান সেক্রেটারি সাগরনাল চা-বাগানের ব্যবস্থাপক সুজিত কুমার সাহা বলেন, প্রায় আট বছর ধরে তিনি জুড়ীতে চাকরি করছেন। বিভিন্ন বাগানে তাঁর চাকরিকাল প্রায় ৩০ বছর। তিনি দাবি করেন, ‘জুড়ী ভ্যালী ক্লাব’ দেশের প্রাচীনতম চা-ক্লাব। একসময় ক্লাবটির অনেক সুনাম শুনেছেন। জুড়ীতে আসার পর ক্লাবটি দৈন্যদশা দেখে হতাশ হয়ে পড়েন। এটিকে চাঙা করার উদ্যোগ নেন। কিন্তু তেমন সহযোগিতা মিলছে না।
জুড়ী, কুলাউড়া ও বড়লেখা এলাকার ৩৩টি চা–বাগান নিয়ে গঠিত জুড়ী ভ্যালি। দেশে এ রকম ভ্যালি আছে সাতটি।
সুজিত কুমার সাহা বলেন, ক্লাবের জন্য প্রতিটি বাগানের মাসিক গ্রাহক চাঁদা দুই হাজার টাকা। এ ছাড়া প্রতিটি বাগানের ব্যবস্থাপক ও সহকারী ব্যবস্থাপকদের মাসিক চাঁদা ২০০ টাকা। চারটি বাগান বাদে কেউ নিয়মিত তা দেয় না। ফলে ক্লাব পরিচালনা করা কঠিন হয়ে পড়েছে। ঐতিহ্যমণ্ডিত এই ক্লাব টিকিয়ে রাখার ব্যাপারে তিনি সরকারের সহযোগিতা কামনা করেন।
করোনা পরিস্থিতির কারণে গত প্রায় দেড় বছর বন্ধ রয়েছে ৯২ বছরের এই ক্লাব। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে ক্লাবটি আবার মুখর হবে, এমনই প্রত্যাশা।