জুড়ীতে বনের দুই সহস্রাধিক একর জমি রক্ষা নিয়ে শঙ্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজার জেলার মানচিত্র

মৌলভীবাজারের জুড়ী উপজেলার হাড়ারগজ সংরক্ষিত বনের দুই সহস্রাধিক একর জমি বিধি ভেঙে জেলা প্রশাসকের (ডিসি) নামে রেকর্ড হয়। পরে বন বিভাগ তাদের জমি ফিরে পেতে ভূমি জরিপ ট্রাইব্যুনালে মামলা করে। মামলাটি এখনো চলমান।

এদিকে বিভিন্ন প্রতিষ্ঠান চা-চাষের জন্য ওই জমি দীর্ঘ মেয়াদে বন্দোবস্ত পেতে সরকারের বিভিন্ন পর্যায়ে আবেদন করে। এর পরিপ্রেক্ষিতে বন্দোবস্তের বিষয়ে সরেজমিনে পর্যবেক্ষণমূলক মতামত চেয়ে ভূমি মন্ত্রণালয় একটি কমিটি গঠন করে। সম্প্রতি কমিটির সদস্যরা বনটি পরিদর্শনও করেন। এ অবস্থায় বনের জমিটি বনেরই থাকবে না হাতছাড়া হয়ে যাবে, তা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।

বন বিভাগ জানায়, হাড়ারগজ সংরক্ষিত বনটি দীর্ঘদিন জরিপের বাইরে ছিল। ২০১০ সালে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর ডিজিটাল পদ্ধতিতে বনটির জরিপকাজ শুরু করে। জরিপ শেষে ২০১৩ সালের ৪ আগস্ট হাড়ারগজ সংরক্ষিত বন মৌজায় জেলা প্রশাসকের নামে ২ হাজার ১৭৪ দশমিক ৩৫ একর জমি রেকর্ড হয়। একই মৌজায় বন বিভাগের নামে রেকর্ড হয় ১১ হাজার ৬৮ দশমিক ৮৯ একর জমি। পরে ওই জমির গেজেটও সম্পন্ন হয়। অথচ ২০০১ সালে প্রণীত ভূমি রেকর্ড ও নকশাবিষয়ক নির্দেশাবলিতে বলা হয়, ১৯২৭ সালের বন আইনের ২০ ধারা বলে সংরক্ষিত বন হিসেবে প্রকাশিত প্রজ্ঞাপনের অন্তর্ভুক্ত সব জমি বন বিভাগের নামে রেকর্ড হবে। এ ছাড়া বন বিভাগ প্রত্যর্পণ না করলে রিজার্ভড, প্রোটেক্টেড বা অ্যাকোয়ার্ড হিসেবে চিহ্নিত বনের জমি কারও নামে রেকর্ড করা যাবে না।

এদিকে জেলা প্রশাসকের নামে রেকর্ড হওয়া জমিটি চা-বাগানের জন্য বন্দোবস্ত পেতে চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক সাংসদ শামসুল হক ভুঁইয়া সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন করেন। এ নিয়ে ২০১৩ সালের ২২ সেপ্টেম্বর প্রথম আলোর শেষ পাতায় ‘জমি নিলেন ডিসি, চান আওয়ামী লীগ নেতা’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এর পরিপ্রেক্ষিতে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের তৎকালীন মহাপরিচালক আবদুল মান্নান সরেজমিনে হাড়ারগজ বন পরিদর্শন করেন। ২০১৪ সালের ১৩ জুলাই তিনি সিলেটের জোনাল সেটেলমেন্ট কর্মকর্তার কাছে প্রতিবেদন পাঠান। এর অনুলিপি সরকারের বিভিন্ন দপ্তরে পাঠানো হয়।