জুড়ীতে বন্যার পানিতে ডুবে চা-শ্রমিক নিখোঁজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজারের মানচিত্র

মৌলভীবাজারের জুড়ী উপজেলায় বন্যার পানিতে ডুবে রণ রিকমন (৪০) নামের এক ব্যক্তি গতকাল বুধবার রাত থেকে নিখোঁজ। ফায়ার সার্ভিসের কর্মীরা তাঁর সন্ধানে চেষ্টা চালাচ্ছেন। তবে বেলা আড়াইটার দিকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত তাঁর কোনো সন্ধান মেলেনি।

রণের বাড়ি উপজেলার ধমাই চা-বাগানের নতুন টিলা এলাকায়। তিনি ওই বাগানের শ্রমিক। স্থানীয় লোকজন ও স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, অতিবৃষ্টি ও উজান থেকে নামা পাহাড়ি ঢলে ধামাই বাগানের বিভিন্ন নিচু এলাকা প্লাবিত হয়ে গেছে। রণদের বাড়িতে ঢোকার রাস্তায় কোমরসমান পানি। আর রাস্তার দুই পাশের নিচু জমিতে ১০ থেকে ১২ ফুট পানি।

রণ গতকাল রাত নয়টার দিকে স্থানীয় একটি দোকান থেকে নিত্যপ্রয়োজনীয় কিছু জিনিস কিনে বাড়ি ফিরছিলেন। কিন্তু তিনি নৌকা না পেয়ে হেঁটে রওনা দেন। একপর্যায়ে বাড়ির সামনে তিনি ডুবে যান। এ সময় চিৎকার শুনে আশপাশের লোকজন সাঁতরে ঘটনাস্থলে গিয়ে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাননি। খবর পেয়ে কুলাউড়া ফায়ার সার্ভিসের একটি দল আজ বৃহস্পতিবার দুপুরে সেখানে গিয়ে অভিযান শুরু করে।

কুলাউড়া ফায়ার সার্ভিস স্টেশনের দায়িত্বে থাকা কর্মকর্তা সোলায়মান হোসেন বলেন, নিখোঁজ ব্যক্তির এখনো সন্ধান পাওয়া যায়নি। সিলেট থেকে ডুবুরি দল এসে উদ্ধারকাজ চালাবে।