জুড়ীতে ১৪টি বিদ্যুতের খুঁটি পড়ে যাওয়ায় দুর্ভোগে চার শতাধিক গ্রাহক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিদ্যুৎ সরবরাহ
প্রতীকী ছবি

মৌলভীবাজারের জুড়ী উপজেলার ফুলতলা ইউনিয়নে বিদ্যুৎ–লাইনের ১৪টি খুঁটি পড়ে যাওয়ায় চার শতাধিক গ্রাহক তিন দিন ধরে বিদ্যুৎহীন অবস্থায় দিন কাটাচ্ছেন।

গ্রাহকদের একজন ফুলতলা বাজার এলাকার বাসিন্দা তাজুল ইসলাম। আজ শনিবার প্রথম আলোকে তিনি বলেন, ভ্যাপসা গরম পড়েছে। এর মধ্যে তিন দিন ধরে বিদ্যুৎ নেই। মানুষের দুর্ভোগ বেড়েই চলছে। ফুলতলা বাজারে ব্যবসা-বাণিজ্য ব্যাহত হচ্ছে।

কয়েক দিনের বৃষ্টিতে পানি জমে নিচের মাটি সরে যাওয়ায় খুঁটিগুলো পড়ে গেছে। এতে ২৮ কিলোমিটার দীর্ঘ ৩৩ কিলোভোল্টের ওই লাইনে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়।

সংশ্লিষ্ট বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, পার্শ্ববর্তী কুলাউড়া পৌর শহরের চাতলগাঁও এলাকার বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) উপকেন্দ্র থেকে প্রায় ২৮ কিলোমিটার দীর্ঘ ৩৩ কিলোভোল্টের লাইন দিয়ে ফুলতলা ইউনিয়নের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ করা হয়। ২৫ আগস্ট রাতে জুড়ী-ফুলতলা সড়কের পাশ দিয়ে যাওয়া লাইনটির বিভিন্ন স্থানে ১৪টি খুঁটি পড়ে যায়। এতে ওই লাইনে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। ওই লাইনের আওতায় স্থানীয় কোনাগাঁও, ফুলতলা বাজার, বিজিবি ক্যাম্প ও বিরইনতলা এলাকায় চার শতাধিক গ্রাহক রয়েছেন।

জুড়ীতে দায়িত্বে থাকা পিডিবির উপসহকারী প্রকৌশলী আনসারুল কবীর শামীম দুপুরে প্রথম আলোকে বলেন, ৩৩ কিলোভোল্টের লাইনটি অনেক পুরোনো। কয়েক দিনের বৃষ্টিতে পানি জমে নিচের মাটি সরে যাওয়ায় খুঁটিগুলো পড়ে গেছে। নতুন করে এসব স্থানে আটটি খুঁটি স্থাপনসহ লাইন টানা হয়েছে। দ্রুত বিদ্যুৎ সরবরাহ চালু হবে বলে আশা করা যাচ্ছে।