জুয়ার আসরে অভিযান, ২ জনের কারাদণ্ড
সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার সেলবরষ ইউনিয়নের গাবী গ্রামে একটি জুয়ার আসরে অভিযান চালিয়ে মো. রতন মিয়া (৪৮) ও সোনা মিয়া (৬০) নামের দুই জুয়াড়িকে ১০০ টাকা করে জরিমানা ও ১০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রেদুয়ানুল হালিম এ আদালত পরিচালনা করেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, উপজেলার গাবী গ্রামের একটি বাড়ির পেছনের শুকনা কৃষিজমিতে গতকাল বিকেল সাড়ে পাঁচটার দিকে স্থানীয় পাঁচ–সাতজন জুয়াড়ি চাটাই পেতে তাস দিয়ে জুয়া খেলছিলেন। এমন খবর পেয়ে ধরমপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদ চৌধুরী উপপরিদর্শক (এসআই) সোহেল মাহমুদকে সঙ্গে নিয়ে জুয়ার আসরে ওই দিন সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে অভিযানে যান সহকারী কমিশনার (ভূমি) রেদুয়ানুল হালিম।
অভিযান টের পেয়ে অন্য জুয়াড়িরা সেখান থেকে সটকে পড়লেও গাবী গ্রামের রতন মিয়া ও বীর দক্ষিণ পূর্বপাড়া গ্রামের সোনা মিয়াকে আটক করা হয়। এ সময় ওই দুই জুয়াড়ির কাছ থেকে ১ হাজার ৩০০ টাকা জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ওই দুই জুয়াড়িকে ১০০ টাকা করে জরিমানা ও ১০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
ওসি মো. খালেদ চৌধুরী বলেন, ওই দিনই দণ্ড পাওয়া দুই জুয়াড়িকে কারাগারে পাঠানো হয়েছে।