চুয়াডাঙ্গায় সিরিজ বোমা হামলা মামলায় নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) এহসার সদস্য (সার্বক্ষণিক সদস্য) শায়খুল ইসলাম ওরফে রাকিব ওরফে মুয়াজকে (৪৪) যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে তাঁকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৪ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক লুৎফর রহমান শিশির বিস্ফোরকদ্রব্য আইনে আজ মঙ্গলবার দুপুরে আসামির উপস্থিতিতে এই রায় দেন। সাজা পাওয়া শায়খুল ইসলামের বাড়ি বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার পঞ্চকরণ গ্রামে।
রায়ে বলা হয়েছে, রাষ্ট্রপক্ষ আসামি শায়খুল ইসলামের বিরুদ্ধে আনা বিস্ফোরকদ্রব্য আইন ১৯০৮–এর ৩ ও ৬ ধারার অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণ করতে সক্ষম হওয়ায় তাঁকে যাবজ্জীবন কারাদণ্ড ও জরিমানা করেছেন আদালত।
রাষ্ট্রপক্ষে সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) মো. গিয়াস উদ্দিন মামলাটি পরিচালনা করেন। তিনি জানান, চাঞ্চল্যকর এই মামলায় ১৭ সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আদালত জেএমবির এহসার সদস্য শায়খুল ইসলামকে আদালত সাজা দিয়েছেন।
এর আগে ২০১৭ সালের ২৮ মার্চ দণ্ডবিধির ৩০৭/৩৪ ধারায় চুয়াডাঙ্গার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এ বি এম মাহমুদুল হক আসামি শায়খুলকে ৭ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৪ মাসের কারাদণ্ড দিয়েছিলেন।
আদালত সূত্রে জানা গেছে, ২০০৫ সালের ১৭ আগস্ট জেএমবি দেশব্যাপী সিরিজ বোমা হামলা চালায়। চুয়াডাঙ্গার ঘটনাটি ঘটে বেলা ১১টা ১৫ মিনিটে। ওই দিন বোমার আঘাতে চুয়াডাঙ্গায় দুজন আহত হন। তাঁরা হলেন সদর উপজেলার আলোকদিয়া ইউনিয়নের দৌলাতদিয়াড় এলাকার আবদুল মজিদের ছেলে বাদল (৩২) ও হাতিকাটা গ্রামের মজিবর রহমানের ছেলে হিরক।
এ ঘটনায় জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক(এসআই) মো. আবদুল মোতালেব বাদী হয়ে অজ্ঞাতনামা দুর্বৃত্তদের আসামি করে ওই দিন চুয়াডাঙ্গা সদর থানায় দণ্ডবিধির ৩০৭/৩৪ ধারাসহ বিস্ফোরকদ্রব্য আইনে মামলা করেন। তদন্ত শেষে জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক(এসআই) এস এম কামরুজ্জামান খান ২০০৭ সালের ৮ মার্চ জেএমবির এহসার সদস্য শায়খুল ইসলাম ও খুলনা বিভাগীয় প্রধান রকিব হাসান ওরফে হাফেজ মাহমুদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন। একটি মামলায় মৃত্যুদণ্ডাদেশ পাওয়া আসামি রকিব হাসান ২০১৪ সালের ২৩ ফেব্রুয়ারি গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে পালানোর পরদিনই ‘বন্দুকযুদ্ধে’ নিহত হন।
মামলার বাদী, তদন্তকারী কর্মকর্তা, ঘটনা ও অভিযোগপত্রের তারিখ এবং আসামি একই হওয়ার পরও দুই আদালতে দুটি পৃথক রায় প্রসঙ্গে জানতে বেশ কয়েকজন আইনজীবীর সঙ্গে কথা বলেন এই প্রতিবেদক।
এ বিষয়ে জেলা আইনজীবী সমিতির সভাপতি সেলিম উদ্দিন খান প্রথম আলোকে জানান, মামলার বাদী, বিবাদী, তদন্তকারী কর্মকর্তা সব এক হলেও পৃথক ধারার কারণে দুটি আদালতে বিচারকাজ শেষ করেন। দণ্ডবিধির মামলায় পাঁচ বছর আগে দণ্ডবিধির ৩০৭/৩৪ ধারায় রায় দিয়েছিলেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। আজ অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক লুৎফর রহমান শিশির বিস্ফোরকদ্রব্য আইনের ধারায় আসামিকে সাজা দেন।