জেএসসির ফরম পূরণ করতে না পেরে ছাত্রীর আত্মহত্যা!
বাগেরহাটের চিতলমারী উপজেলায় রহিমা আক্তার নামের অষ্টম শ্রেণির এক ছাত্রী গত রোববার আত্মহত্যা করেছে। তার পরিবারের অভিযোগ, জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষার ফরম পূরণের সুযোগ না পেয়ে এবং এক শিক্ষক তাকে ও তার বাবাকে অপমান করায় রহিমা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
রহিমা (১৩) চিতলমারীর শৈলদাহ গ্রামের বাদশা শেখের মেয়ে। সে পাশের পিরোজপুরের নাজিরপুর উপজেলার মাটিভাঙ্গা হাজী আব্দুল গণি মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী ছিল। তার বড় ভাই মাসুম শেখ গতকাল বিকেলে প্রথম আলোকে বলেন, অন্য একটি জেলায় হলেও তাঁদের বাড়ি থেকে ওই বিদ্যালয়টিই ছিল সবচেয়ে কাছে। কিন্তু অসুস্থ থাকায় রহিমা বেশ কিছুদিন বিদ্যালয়ে যেতে পারেনি। এ কারণে সে জানত না যে ২২ আগস্ট ছিল জেএসসি পরীক্ষার ফরম পূরণের শেষ তারিখ। সে গত শনিবার বিদ্যালয়ে গিয়ে বিষয়টি প্রথম জানতে পারে। পরে তাকে ফরম পূরণের সুযোগ দেওয়ার জন্য শিক্ষকদের অনুরোধ করে। কিন্তু এতে কোনো কাজ না হওয়ায় পরদিন রোববার সকালে বাবাকে নিয়ে বিদ্যালয়ে যায়। সহকারী শিক্ষক নজরুল ইসলামকে ফরম পূরণের সুযোগ দেওয়ার জন্য অনুরোধ করে। কিন্তু তিনি সেই সুযোগ তো দেনইনি, উল্টো রহিমা ও তার বাবাকে বকাঝকা করেন। অপমান করে বিদ্যালয় থেকে তাড়িয়ে দেন। বিকেলে বাড়ি ফিরে রহিমা নিজ ঘরের আঁড়ার সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।
মাসুম প্রথম আলোর কাছে অভিযোগ করেন, নির্ধারিত সময়ের পরেও ওই বিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী ফরম পূরণ করেছে। অথচ রহিমাকে সেই সুযোগ দেওয়া হয়নি।
রহিমার মা জয়তুন বেগম বলেন, ‘রহিমা আমার একমাত্র মেয়ে। ফরম পূরণের সুযোগ না পেয়ে গলায় ফাঁস নিয়েছে। অথচ ফরম পূরণের বিশেষ সুযোগ ছিল। শিক্ষকেরা সেই সুযোগ দিল না। সুযোগ দিলে আমার মেয়েটাকে এভাবে মরতে হতো না।’
সহকারী শিক্ষক নজরুলের মুঠোফোনে গতকাল বিকেলে একাধিকবার যোগাযোগের চেষ্টা করে তা বন্ধ পাওয়া যায়। তাই এ বিষয়ে তাঁর বক্তব্য জানা সম্ভব হয়নি।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক সন্তোষ কুমার কুণ্ডু বলেন, ‘প্রায় দেড় মাস বিদ্যালয়ে অনুপস্থিত থাকায় মেয়েটি ফরম পূরণ করতে পারেনি। রোববার অফিসের কাজে আমি উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে গিয়েছিলাম। রাতে রহিমার আত্মহত্যার খবর পাই।’
ইউএনও মো. তবিবুর রহমান বলেন, মেয়েটির আত্মহত্যার এ ঘটনা বড়ই মর্মান্তিক। তাকে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ করা হলে খতিয়ে দেখা হবে। এতে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল বাহার চৌধুরী বলেন, রহিমার বাবার অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আত্মহত্যার এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।
বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান জিয়াউল হক প্রথম আলোকে বলেন, নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো শিক্ষার্থী ফরম পূরণ করতে না পারলে বিশেষ বিবেচনায় ফরম পূরণ করা হয়।