জেবিওর দাম বাড়ানোর প্রস্তাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সয়াবিন তেলের ভেজাল রোধ করার নামে পাটকলে ব্যবহৃত তেল ‘জুট ব্যাচিং অয়েল’-এর (জেবিও) দাম ৬২ শতাংশ বাড়াতে সরকারকে প্রস্তাব দিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। এটি কার্যকর হলে পাটশিল্প আরও সংকটে পড়বে বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
বর্তমানে প্রতি লিটার জেবিও ৬৭ টাকা ৭০ পয়সা দরে বিক্রি হচ্ছে। দাম ৪২ টাকা ৩০ পয়সা বাড়িয়ে লিটারপ্রতি ১১০ টাকা করার প্রস্তাব করেছে বিপিসি। গত ২ অক্টোবর জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে পাঠানো বিপিসির চেয়ারম্যান মো. ইউনুসুর রহমান স্বাক্ষরিত চিঠিতে ওই প্রস্তাব করা হয়েছে।
বাংলাদেশ জুট মিলস করপোরেশন (বিজেএমসি) সূত্রে জানা গেছে, পাটকলগুলোতে পণ্য উৎপাদনের বিভিন্ন মৌলিক উপাদানের একটি জেবিও। পাট নরম করতে এটি ব্যবহার করা হয়। তবে দেশের পাটকলে বছরে কী পরিমাণ জেবিও ব্যবহৃত হয়, তার কোনো হিসাব বিজেএমসির কাছে নেই।
বিপিসি সূত্রে জানা গেছে, বাংলাদেশের একমাত্র রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারিতে অপরিশোধিত জ্বালানি তেল পরিশোধন করে উপজাত হিসেবে পাওয়া যায় জেবিও। দেশে বছরে গড়ে ২৪-২৫ হাজার টন জেবিও উৎপাদিত হয়। জেবিওর রং অনেকটা সয়াবিন তেলের মতো। দামও অনেক কম। সে কারণে একশ্রেণির অসাধু ব্যবসায়ী পাটকলের নামে জেবিও কিনে সয়াবিন তেলের সঙ্গে মিশিয়ে বাজারজাত করছে বলে অভিযোগ রয়েছে।
জানা গেছে, জেবিওর অপব্যবহার রোধে ২০১২ সালের ১০ জুলাই একটি সরবরাহ নীতিমালা করেছিল বিপিসি। এতে পাটকলগুলোতে তেল বিক্রিতে কড়াকড়ি আরোপের জন্য ১৫টি শর্ত আরোপ করা হয়। নীতিমালায় বলা হয়েছিল, দেশের বিভিন্ন জুট মিলে জেবিও সরবরাহের ক্ষেত্রে বিপণন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালকের অনুমোদনক্রমে একটি কমিটি গঠনসহ সব বিভাগীয়/আঞ্চলিক কার্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সমন্বয়ে তদারকি দল (ভিজিল্যান্স টিম) গঠন করতে হবে। বিভিন্ন জুট মিলে সরবরাহ করা জেবিওর সঠিক ব্যবহার হচ্ছে কি না, সেটি বিপণন কোম্পানি ও ভিজিল্যান্স টিমের মাধ্যমে যাচাই করা হবে।
কিন্তু নীতিমালা তৈরি করে বিভিন্ন বিপণন কোম্পানিতে পাঠানো হলেও গত দুই বছরে তা বাস্তবায়িত হয়নি; বরং এবার জিবিওর দাম বাড়ানোর প্রস্তাব দিল বিপিসি। মন্ত্রণালয়ে পাঠানো প্রস্তাবে বিপিসি বলেছে, দেশে নামীদামি জুট মিলসমূহ বন্ধ হওয়ার পাশাপাশি নতুন করে কোনো পাটশিল্প গড়ে উঠছে না। তবে দেশে যে পরিমাণ চালু জুট মিল রয়েছে, সে তুলনায় জেবিওর বিক্রি আনুপাতিক হারে বেশি বলে মনে হচ্ছে। এর থেকে মনে হয়, জেবিওর অপব্যবহার হচ্ছে। তাই অপব্যবহার রোধে জিবিওর দাম বাড়ানো উচিত।
বিপিসির হিসাবে ২০০৯-১০ অর্থবছরে দেশে জেবিও বিক্রির পরিমাণ ছিল ১৯ হাজার ১৬৫ টন। আর ২০১৩-১৪ সালে বিক্রি হয় ২৩ হাজার ৫৩৮ টন। অবশ্য ২০১২-১৩ ও ২০১১-১২ অর্থবছরে জেবিও বিক্রির পরিমাণ প্রায় ২৬ হাজার টনের কাছাকাছি ছিল।
বিপিসির চিঠিতে পাটকল কমেছে বললেও বিজেএমসির হিসাব বলছে, গত পাঁচ বছরে দেশে পাটকলের সংখ্যা বেড়েছে। ২০০৯ সালে ২৭টি সরকারি পাটকলের মধ্যে ২৪টি চালু ছিল। বর্তমানে ২৬টি চালু রয়েছে। আর বেসরকারি পাটকলগুলোর মধ্যে ২০০৯ সালে চালু ছিল ৭৪টি। বর্তমানে চালু আছে ১১০টি। এ ছাড়া পাট থেকে সুতা প্রস্তুতকারক চালু মিল রয়েছে ৯৭টি, ২০০৯ সালে এর সংখ্যা ছিল ৬৬টি।
বিজেএমসির চেয়ারম্যান হুমায়ুন খালেদ প্রথম আলোকে বলেন, ‘পাটশিল্প এখনো তার দুর্দিন কাটিয়ে উঠতে পারেনি। এই অবস্থায় জেবিওর দাম বাড়ানো হলে আমরা প্রচণ্ডভাবে ক্ষতিগ্রস্ত হব। এর অপব্যবহার রোধের অনেক উপায় আছে। বিপিসির উচিত তার নীতিমালাটি অনুসরণ করে তদারকি জোরদার করা। এ ছাড়া ভোজ্যতেলের ভেজাল রোধে রয়েছে নির্দিষ্ট সংস্থা। আইনের যথাযথ প্রয়োগেই এর সমাধান করা উচিত, দাম বাড়িয়ে নয়।’
তবে বিপিসির চেয়ারম্যান বলেন, ‘নীতিমালা যথাসাধ্য অনুসরণ করছি আমরা। কিন্তু জেবিওর অপব্যবহার রোধে তদারক করার মতো পর্যাপ্ত জনবল আমাদের নেই। জেবিও সয়াবিন তেলের সঙ্গে মেশানো হচ্ছে, এ রকম কোনো অকাট্য প্রমাণ আমাদের হাতে নেই, কিন্তু নানা দিক থেকে এ বিষয়ে অভিযোগ আসছে। তাই আমরা ভেবে দেখেছি, যদি এর দাম বাড়িয়ে সয়াবিনের সমান করতে পারি, তাহলে এই অপকর্ম বন্ধ হবে।’
জেবিওর মূল্যবৃদ্ধি পাটশিল্পের খরচ কিছুটা বাড়াবে স্বীকার করে বিপিসির চেয়ারম্যান বলেন, ‘যে খরচ বাড়বে সেটি জনস্বাস্থ্যের ক্ষতির তুলনায় কিছুই নয়। আমরা হিসাব করে দেখেছি, জেবিওর বাড়তি দাম কোনো পাটকলের জন্যই অসহনীয় হবে না।’