জেল সড়কের অর্ধেক বেদখল

দড়াটানা মোড় থেকে সহকারী পুলিশ সুপারের (সার্কেল) কার্যালয় পর্যন্ত প্রায় আধা কিলোমিটারের মধ্যে অধিগ্রহণ করা সড়কটির প্রস্থ ৪৮–৫৬ ফুট।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যশোর শহরের জেল সড়কের প্রায় অর্ধেক দখল হয়ে গেছে। শহরে প্রবেশের প্রধান এই সড়কে যানজট লেগেই থাকে। গত রোববার দুপুরে
ছবি: প্রথম আলো

যশোর শহরে প্রবেশের প্রধান সড়ক হচ্ছে জেল সড়ক। এ সড়কের খাজুরা বাসস্ট্যান্ড থেকে শহরের প্রাণকেন্দ্র দড়াটানা মোড় পর্যন্ত প্রায় দেড় কিলোমিটারের মধ্যে রয়েছে সরকারি–বেসরকারি শতাধিক প্রতিষ্ঠান। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে জেলা কেন্দ্রীয় কারাগার, যশোর জেনারেল হাসপাতাল, সহকারী পুলিশ সুপারের (সার্কেল) কার্যালয় ও টিচার্স ট্রেনিং কলেজ। অত্যন্ত ব্যস্ত এ মহাসড়কের দুই পাশের খালি জায়গা অবৈধ দখলে চলে গেছে। পথচারীদের হাঁটার অবস্থা নেই। শহরের এ অংশে অসহনীয় যানজট-জনজট নিত্যদিনের চিত্র।

ব্যবসায়ীদের দখলের কারণে সংকুচিত হয়ে আসা সড়কের মধ্যে আরেক ভোগান্তি হয়ে দাঁড়িয়েছে বিদ্যুৎ ও টেলিফোন লাইনের অসংখ্য খুঁটি। সড়কটিতে শৃঙ্খলা ফেরানোর জন্য যশোর পৌরসভা কর্তৃপক্ষ বা সড়ক ও জনপথ (সওজ) বিভাগের কর্মকর্তাদের কোনো উদ্যোগ নেই।

সওজ বিভাগ যশোর কার্যালয় সূত্রে জানা যায়, দড়াটানা মোড় থেকে সহকারী পুলিশ সুপারের (সার্কেল) কার্যালয় পর্যন্ত প্রায় আধা কিলোমিটারের মধ্যে অধিগ্রহণ করা সড়কের প্রস্থ ৪৮–৫৬ ফুট। সেখানে পিচের (বিটুমিন) ঢালাই রয়েছে মাত্র ২৪ ফুট। পিচঢালাইয়ের দুই পাশের ২৪ থেকে ২৬ ফুট জায়গা ব্যবসায়ীদের দখলে চলে গেছে। পিচঢালাইয়ের পাশ দিয়ে বিদ্যুতের লাইন টানা হয়েছে। বিদ্যুতের খুঁটির পাশের অংশে মানুষের চলাচলের কোনো সুযোগ নেই।

সম্প্রতি সরেজমিনে দেখা যায়, ভৈরব নদের ওপরে নির্মিত দড়াটানা সেতু পার হলেই সড়কের দক্ষিণ পাশে দড়াটানা হাসপাতালের পাশে সড়কের জায়গায় ছোট ছোট ফলের দোকান বসানো হয়েছে। দোকানিরা জানান, দৈনিক এক হাজার টাকা ভাড়া ও মোটা অঙ্কের টাকা অগ্রিম দিয়ে এ জায়গায় দোকান ভাড়া নিতে হয়। যাঁর জমি তাঁকে ভাড়ার টাকা দিতে হয়।

ফলের দোকানগুলো থেকে প্রায় ৩০ ফুট দূরে পুলিশ নারী কল্যাণ (পুনাক) সমিতির মার্কেট। এ মার্কেটের সামনে ফাঁকা কোনো জায়গা রাখা হয়নি। এ মার্কেটে কয়েকটি ওষুধের দোকানের সামনে রাস্তার ওপরে ওষুধ কোম্পানির কর্মীদের মোটরসাইকেল সার বেঁধে রাখা হয়। পুনাক মার্কেট থেকে প্রায় ১৫০ ফুট দূরে কুইন্স হাসপাতাল ভবন। হাসপাতালের সামনে পর্যাপ্ত ফাঁকা জায়গা নেই। রাস্তার ওপরেই অ্যাম্বুলেন্স রেখে রোগী ওঠানো-নামানো হচ্ছে।

কুইন্স হাসপাতালের সীমানা ঘেঁষে বহুতল আরএস ভবন। এ ভবনের নিচতলায় গাড়ি রাখার জায়গা থাকলেও সেখানে টিনের গুদাম বানিয়ে ব্যবসা করা হচ্ছে। দিনের বেশির ভাগ সময় ১০ টনের ট্রাক সড়কের ওপরে রেখেই গুদামে টিন ওঠানো-নামানো হয়। এর ফলে এ জায়গায় সারাক্ষণই যানজট-জনজট লেগে থাকে।

কেন্দ্রীয় কারাগারের সামনে থেকে খাজুরা বাসস্ট্যান্ড পর্যন্ত এক কিলোমিটারের মধ্যে টিচার্স ট্রেনিং কলেজসহ কয়েক শ ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে।

সড়কটি প্রশস্তকরণের ব্যাপারে জানতে চাইলে সড়ক ও জনপথ বিভাগ যশোরের নির্বাহী প্রকৌশলী আবুল কালাম আজাদ বলেন, দড়াটানা থেকে মাগুরা পর্যন্ত জাতীয় এ মহাসড়ক ছয় লেনে উন্নীতকরণের জন্য জমি অধিগ্রহণের ডিপিপি মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। প্রথম পর্যায়ে জমি অধিগ্রহণ করা হবে। দ্বিতীয় পর্যায়ে ছয় লেন সড়ক নির্মাণের ডিপিপি প্রস্তাবনা পাঠানো হবে। এ জন্য বাৎসরিক ছোটখাটো সংস্কার করেই সড়কটি চালিয়ে নেওয়া হচ্ছে।