জেলা পরিষদ সদস্যের বিরুদ্ধে দোকানঘর দখলের অভিযোগ
ঝালকাঠির নলছিটিতে জেলা পরিষদের সদস্য নাছিমা আক্তারের বিরুদ্ধে এক ব্যবসায়ীর দোকানঘর দখলের অভিযোগ উঠেছে। এ ঘটনায় আজ রোববার সংবাদ সম্মেলন করে প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন জেলার নলছিটি উপজেলার কুশঙ্গল ইউনিয়নের সেওতা গ্রামের বাসিন্দা মো. আক্তারুজ্জামান। তবে নাছিমা আক্তার দোকানঘর দখলের অভিযোগ অস্বীকার করেছেন।
আজ বেলা সাড়ে ১১টায় উপজেলার ফেরিঘাট এলাকায় মো. আক্তারুজ্জামান তাঁর ভাইয়ের বাসায় সংবাদ সম্মেলন করেন। এতে তিনি লিখিত বক্তব্যে বলেন, উপজেলার কুশঙ্গল ইউনিয়নের মানপাশা বাজারে তাঁদের একটি দোকানঘর আছে। ২৫ বছর ধরে ওই দোকানঘর তাঁদের দখলে আছে। দোকানের পজিশন, ডিসিআরসহ বাজার কমিটির সভাপতির স্বাক্ষর করা যাবতীয় কাগজপত্র তাঁদের নামে। তাঁরা দোকানঘরের জমির খাজনা নিয়মিত পরিশাধ করে আসছেন। দোকানে আনুমানিক তিন লাখ টাকার মালামাল ও আসবাব রয়েছে।
সংবাদ সম্মেলনে মো. আক্তারুজ্জামান লিখিত বক্তব্যে আরও বলেন, দোকানঘরটি জেলা পরিষদের সদস্য নাছিমা আক্তার ও তাঁর ছেলেমেয়েদের সন্ত্রাসীরা দীর্ঘদিন ধরে দখলের চেষ্টা করছে। গত রমজান মাসে দোকান চলাকালে তারা দোকানে এসে তাণ্ডব চালায়। ওই সময় তিনি বাজার কমিটিসহ স্থানীয় চেয়ারম্যানকে বিষয়টি জানান।
কিছুদিন আগে জেলা পরিষদের সদস্য নাছিমা আক্তার জোরপূর্বক একটি তালা লাগিয়ে দোকান বন্ধ করে দেন। দোকানের মধ্যে আটকে পড়া মালামাল বিক্রি করতে না পারায় তিনি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। স্থানীয় চেয়ারম্যানসহ গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে তিনি সালিস বৈঠকের মাধ্যমে বিষয়টি সুরাহার চেষ্টা করেন। কিন্তু নাছিমা আক্তার কারও তোয়াক্কা না করে জোরজবরদস্তির মাধ্যমে দোকানঘরটি দখলের চেষ্টা চলাচ্ছেন।
সংবাদ সম্মেলনে আক্তারুজ্জামান অভিযোগ করে বলেন, নাছিমা আক্তার ক্ষমতার দাপট দেখিয়ে জাল কাগজপত্র তৈরি করে নিজেকে দোকানের মালিক দাবি করছেন। দোকান না দিলে মেরে ফেলার হুমকি দিচ্ছেন তিনি। এ ঘটনায় নলছিটি থানায় একটি অভিযাগ দেওয়া হয়েছে।
এ বিষয়ে জেলা পরিষদের সদস্য নাছিমা আক্তার বলেন, ‘দোকানঘরটি ১৯৯০ সালে আমার স্বামী আমার নামে লিখে দেন। এই ঘরের মালিকানা আমার। এর কাগজপত্রও আমার কাছে আছে। আমি কারও দোকানঘর দখল করিনি।’