জেলা পরিষদের সংশোধনী বিল নিয়ে পাহাড়ে ক্ষোভ
পার্বত্য জেলা পরিষদ আইন সংশোধনী বিল সংসদে পাসের বিরোধিতা করেছে পাহাড়ের আদিবাসী ও বাঙালিদের বিভিন্ন সংগঠন। প্রতিবাদে সংগঠনগুলো মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে। আদিবাসী সংগঠনগুলো পার্বত্য জেলা পরিষদের আইন সংশোধনের পরিবর্তে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে নির্বাচন অনুষ্ঠানের দাবি জানায়। আর বাঙালিদের একটি সংগঠন পার্বত্য জেলা পরিষদে একজন বাঙালি ভাইস চেয়ারম্যানসহ জনসংখ্যার ভিত্তিতে পরিষদে বাঙালি সদস্য রাখার দাবি তুলেছে।
২৩ নভেম্বর সংসদে তিন পার্বত্য জেলা পরিষদের সংশোধন বিল পাস হয়। এ বিলে মূলত অন্তর্বর্তী পরিষদের সদস্যসংখ্যা পাঁচ থেকে বাড়িয়ে ১১ জনে উন্নীত করার কথা বলা হয়েছে। পার্বত্য চট্টগ্রামে বসবাসকারী বিভিন্ন সম্প্রদায়ের প্রতিনিধিরা সদস্য হবেন এতে।
পার্বত্য জেলা পরিষদের বিল পাসের প্রতিবাদ জানিয়েছেন রাঙামাটি থেকে নির্বাচিত সংসদ সদস্য ও জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা (সন্তু লারমা) সমর্থিত জনসংহতি সমিতির সহসভাপতি ঊষাতন তালুকদার। এক বিবৃতিতে তিনি বলেন, তিন পার্বত্য জেলা পরিষদের অন্তর্বর্তী সদস্যসংখ্যা বাড়ানো গ্রহণযোগ্য হতে পারে না। নির্বাচনের মাধ্যমে ৩৪ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ পার্বত্য জেলা পরিষদ গঠনই হতে পারে একমাত্র সমাধান। অনির্বাচিত ব্যক্তিদের নিয়ে গঠিত অন্তর্বর্তী পার্বত্য জেলা পরিষদের আকার বাড়ালেও তা কখনোই শক্তিশালী, গতিশীল ও জবাবদিহিমূলক হবে না। এই বিল পাস তিন পার্বত্য জেলা পরিষদের নির্বাচনকে পাশ কাটানো ও পার্বত্য চুক্তি বাস্তবায়নকে সুকৌশলে এড়িয়ে যাওয়ারই লক্ষণ।
জনসংহতি সমিতি (এমএন লারমা) এ বিলের প্রতিবাদ জানিয়ে খাগড়াছড়ি জেলার বিভিন্ন উপজেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। সংগঠনটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও মহালছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান বিমল কান্তি চাকমা বলেন, পার্বত্য জেলা পরিষদ আইনে সংশোধনীর পরিবর্তে এখন প্রয়োজন পার্বত্য চুক্তি মোতাবেক ভোটার তালিকা প্রণয়ন করে নির্বাচনের ব্যবস্থা করা। এ আইন সংশোধনী পার্বত্য চুক্তিকে পাশ কাটানোর একটি কৌশল।
পাহাড়ের আঞ্চলিক দল ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) সংশোধনী বিলের বিরোধিতা করে জবাবদিহিমূলক পরিষদ গঠন ও পার্বত্য জেলা পরিষদ নির্বাচনের দাবি জানিয়ে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল করেছে। ইউপিডিএফ সমর্থিত গণতান্ত্রিক যুব ফোরামের সভাপতি জিকো ত্রিপুরা বলেন, অন্তর্বর্তী পরিষদ সংশোধন করে সদস্যসংখ্যা বাড়িয়ে এর জবাবদিহি নিশ্চিত হবে না। পার্বত্য জেলা পরিষদের দুর্নীতি রোধ ও জবাবদিহি নিশ্চিত করতে হলে নির্বাচনের বিকল্প নেই।
পার্বত্য চট্টগ্রাম নাগরিক কমিটির আহ্বায়ক ও সাবেক রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান গৌতম দেওয়ান এক বিবৃতিতে বলেন, এ সংশোধনী পার্বত্য চুক্তি বাস্তবায়নের পরিবর্তে সমস্যা আরও জটিল করে তুলবে। বিবৃতিতে তিনি অভিযোগ করেন, সংশোধিত বিল পাসের আগে পার্বত্য চুক্তি মোতাবেক আঞ্চলিক পরিষদের সঙ্গে কোনো আলোচনা করেনি। এটা পার্বত্য চুক্তির সুস্পষ্ট লঙ্ঘন। তিনি অবিলম্বে পার্বত্য জেলা পরিষদের নির্বাচনের দাবি জানান।
অপর দিকে, পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ সংশোধনী বিলটি বৈষম্যমূলক আখ্যা দিয়ে বিলটি প্রত্যাখ্যান করেছে। সংগঠনটি পার্বত্য জেলা পরিষদে বাঙালিদের জন্য একটি ভাইস চেয়ারম্যানের পদ সৃষ্টি ও জনসংখ্যার অনুপাতে বাঙালি সদস্য বৃদ্ধির দাবি জানান। এ দাবির স্বপক্ষে পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ খাগড়াছড়ি মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে।
পার্বত্য চট্টগ্রামবিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র আ ম মোকতাদির চৌধুরী ১৭ নভেম্বর তিন পার্বত্য জেলা পরিষদ সংশোধন বিল সংসদে উত্থাপন করেন। বিলটি গত ২৩ নভেম্বর সংসদে পাস হয়।
উল্লেখ্য, ১৯৮৯ সালে পার্বত্য জেলা পরিষদ গঠনের পর একবার মাত্র নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। এর পর থেকে পার্বত্য জেলা পরিষদ অন্তর্বর্তী পরিষদ নিয়ে চলছে।