জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ, স্মারকলিপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাজাপ্রাপ্ত চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল আজিম ওরফে রনির মুক্তির দাবিতে প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি দিয়েছেন নেতা-কর্মীরা। গতকাল বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম জেলা প্রশাসকের মাধ্যমে এ স্মারকলিপি দেওয়া হয়। এর আগে বেলা সাড়ে ১১টা থেকে দেড়টা পর্যন্ত জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করে ছাত্রলীগ।
চট্টগ্রামের জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন স্মারকলিপি গ্রহণ করেন। তিনি এই স্মারকলিপি প্রধানমন্ত্রীর কাছে পাঠাবেন বলে জানান নেতা-কর্মীদের।
গত শনিবার ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন চলাকালে চট্টগ্রামের হাটহাজারীর মির্জাপুর ইউনিয়নের একটি কেন্দ্রের পাশ থেকে অস্ত্র, গুলি, ব্যালট পেপারে ব্যবহৃত একটি সিলসহ নুরুল আজিমকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট হারুন অর রশিদ দুই বছরের কারাদণ্ড দেন তাঁকে। এ ছাড়া তাঁর বিরুদ্ধে অস্ত্র মামলা করা হয়। এ মামলায় গত মঙ্গলবার তাঁর জামিন আবেদন করা হলেও আদালত তা নামঞ্জুর করেন। নুরুল আজিমের মুক্তির দাবিতে গত রোববার থেকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ করছেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। গতকালের বিক্ষোভ কর্মসূচিতে তাঁরা হাটহাজারী থানার ওসি মোহাম্মদ ইসমাইল ও এক ম্যাজিস্ট্রেটের অপসারণও দাবি করেন। এ সময় উপস্থিত ছিলেন নগর ছাত্রলীগের সভাপতি ইমরান আহমেদ, সহসভাপতি ইয়াছিন আরাফাত, ছাত্রলীগের নেতা জয়নাল উদ্দিন, নগর যুবলীগের আহ্বায়ক মহিউদ্দিন, যুগ্ম আহ্বায়ক ফরিদ মাহমুদ, কোতোয়ালি থানা আওয়ামী লীগের সভাপতি ফিরোজ আহমেদ, সাধারণ সম্পাদক হাসান মনসুর প্রমুখ।
চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা ছাত্রলীগের পক্ষ থেকে দেওয়া স্মারকলিপিতে উল্লেখ করা হয়, ষড়যন্ত্রের ফাঁদ পেতে কলঙ্কের কালিমা দিয়ে নুরুল আজিমকে গ্রেপ্তার ও শাস্তির এই নাটক সাজানো হয়েছে। ৩৩ বছর ধরে জামায়াত-শিবিরের দখলে থাকা চট্টগ্রাম কলেজ ও হাজী মুহম্মদ মহসিন কলেজকে মুক্ত করতে সাহসের পরিচয় দিয়েছেন তিনি। ষড়যন্ত্রে জড়িত গোষ্ঠীর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা এবং দ্রুত আজিমের মুক্তির দাবি করা হয় স্মারকলিপিতে।
নগর ছাত্রলীগের সহসভাপতি ইয়াছিন আরাফাত প্রথম আলোকে বলেন, ‘আমরা জেনেছি, যারা ষড়যন্ত্র করেছে তারা ছাত্রজীবনে শিবিরের রাজনীতির সঙ্গে জড়িত ছিল। ছাত্রলীগকে ধ্বংস করতে তারা এ চক্রান্ত করেছে।’
জানতে চাইলে হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইসমাইল গতকাল বিকেলে প্রথম আলোকে বলেন, বিজিবি ও ম্যাজিস্ট্রেট অস্ত্রসহ হাতেনাতে ইউপি নির্বাচনের দিন ছাত্রলীগের নেতাকে আটক করে থানায় সোপর্দ করে। লোকজনের উপস্থিতিতে এসব ঘটনা হয়েছে। এতে কোনো ষড়যন্ত্র ছিল না। ছাত্রজীবনে শিবিরের রাজনীতির সঙ্গে জড়িত থাকার অভিযোগও অস্বীকার করেন ওসি।