জেলায় নমুনা সংগ্রহে দ্বিতীয়, আক্রান্তে সর্বনিম্ন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

করোনার সংক্রমণ শনাক্তে কিশোরগঞ্জ জেলায় এখন পর্যন্ত দ্বিতীয় সর্বোচ্চ নমুনা এসেছে বাজিতপুর থেকে। এ উপজেলায় নমুনা সংগ্রহের হার বেশি হলেও আক্রান্ত কম। আক্রান্তের হার ৩ দশমিক ০৩ শতাংশ।

হিসাব করে দেখা গেছে, নমুনা সংগ্রহের সংখ্যার দিক দিয়ে জেলার দ্বিতীয় সর্বোচ্চ স্থানে আছে বাজিতপুর। তবে আক্রান্তের হার জেলার বাকি ১২ উপজেলার মধ্যে সবচেয়ে কম। এই পরিসংখ্যান নিয়ে খোদ স্বাস্থ্য বিভাগে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার মতে, প্রকৃত চিত্র পরিসংখ্যানের ধারেকাছে নেই।

সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত তথ্য অনুযায়ী, গত বৃহস্পতিবার পর্যন্ত এই উপজেলা থেকে নমুনা সংগ্রহ হয়েছে ২২ হাজার ৮১৫ জনের। এর মধ্যে ৬৯৩ জনের শরীরে করোনার সংক্রমণ পাওয়া গেছে।

একই সূত্র জানায়, ১৩ উপজেলা নিয়ে কিশোরগঞ্জ জেলা। এখন পর্যন্ত এই জেলায় করোনা আক্রান্ত হয়েছেন ১০ হাজার ৮৬৫ জন। মারা গেছেন ১৯১ জন। নমুনা পরীক্ষা হয়েছে ৭৯ হাজার ৮০৯ জনের। জেলায় আক্রান্তের হার ১৩ দশমিক ৬১ শতাংশ।

এদিকে বাজিতপুরে বিপুল সংখ্যার নমুনার বিপরীতে আক্রান্তের হার কম হওয়ার কারণ অনুসন্ধান করতে গিয়ে উঠে এসেছে বেশ কয়েকটি বিষয়। এর মধ্যে মূল বিষয় হলো জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালটি বাজিতপুরে অবস্থিত। বেসরকারি ওই হাসপাতালে করোনা পরীক্ষা হয়। বিশেষ করে ভর্তি ও অস্ত্রোপচারযোগ্য রোগীদের বড় একটি অংশের করোনা পরীক্ষা অনেকটা বাধ্যতামূলক। ফলে হাসপাতালের নিজস্ব নিয়মের কারণে উপসর্গ না থাকলেও করোনা পরীক্ষা করাতে হচ্ছে। এতে করে নমুনার সংখ্যা বেড়ে যাচ্ছে। সেই তুলনায় আক্রান্ত পাওয়া যাচ্ছে কম। এক হিসাবে দেখা গেছে, নমুনার প্রায় ৬৫ শতাংশ জহুরুল ইসলাম মেডিকেল কলেজের, বাকি অংশ উপজেলা স্বাস্থ্য বিভাগের সংগ্রহ করা। তবে নমুনা সংগ্রহে বেসরকারি হাসপাতালটি এগিয়ে থাকলেও আক্রান্তের ৯০ শতাংশই সরকারি স্বাস্থ্য বিভাগের নমুনা থেকে শনাক্ত হওয়া। এমনকি মারা যাওয়া ১৬ জনই স্বাস্থ্য বিভাগের।

মুশফিকুর রহমান বাজিতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা। উপজেলার করোনা পরিস্থিতি পর্যবেক্ষণে তিনি দায়িত্বপ্রাপ্তদের একজন। তিনি বলেন, ‘জহুরুল ইসলাম মেডিকেল কলেজের নমুনার হিসাবটি সর্বমোট হিসাবে যুক্ত হওয়ার কারণে আমাদের নমুনা বেড়ে গেছে। বিপরীতে আক্রান্ত খুবই কম। এই হিসাব দেখে বাজিতপুরের পরিস্থিতি মূল্যায়ন মানে বড় ধরনের ভুল। আমাদের অবস্থা পরিসংখ্যানের চেয়ে অনেক খারাপ, সেটাই সত্য।

খোঁজ নিয়ে জানা গেছে, জেলার হাওরের লোকজনের কয়েকটি প্রবেশদ্বারের মধ্যে বাজিতপুর একটি। সে কারণে এই উপজেলায় সংক্রমণ ঝুঁকি বেশি। সব মিলিয়ে স্বাস্থ্য বিভাগ মনে করে, পরিসংখ্যানের সঙ্গে বাস্তবতার বড় ফারাক রয়েছে। কিন্তু পরিসংখ্যান দেখে স্থানীয় বড় একটি অংশের ধারণা, বাজিতপুরের করোনার চিত্র জেলায় অন্যান্য উপজেলার তুলনায় ভালো। ফলে এই পরিসংখ্যানে তৃপ্ত জনগণের চলাফেরায় পদে পদে স্বাস্থ্যবিধি উপেক্ষিত হচ্ছে। সর্বশেষ কঠোর বিধিনিষেধের সময়ও তাঁদের জীবনযাপন ছিল অনেকটা স্বাভাবিক। মাস্ক পরার প্রবণতাও হতাশাজনক। গ্রামের চিত্র আরও ভয়াবহ। করোনা আছে—এ সত্য নিয়ে অনেক ইউনিয়নবাসীর মধ্যে এখনো দ্বিধাদ্বন্দ্ব আছে।

জালাল আহমেদ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা। তিনি করোনা প্রতিরোধ কমিটির সদস্যসচিব।

উপজেলাটির করোনা পরিস্থিতি সম্পর্কে মূল্যায়ন করতে গিয়ে তিনি বলেন, ‘আমরা ভালো নেই। পরিস্থিতি খারাপের দিকে। মানুষের মধ্য থেকে তথ্য গোপন করার প্রবণতা কমেনি। সচেতনতার মাত্রা বাড়েনি।’

সংক্রমণ হারের দিক থেকে জেলায় সবচেয়ে ভালো চিত্র বাজিতপুরের—এ পরিসংখ্যান সামনে আনা হলে তিনি বলেন, ‘আমরা এতটা ভালো নেই। প্রকৃত চিত্র পরিসংখ্যানের ধারেকাছে নেই।’