জেলায় পরীক্ষা নিলে দুর্নীতির শঙ্কা, ঢাকায় নেওয়ার তাগিদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুর্নীতির শঙ্কায় প্রাথমিক শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা কেন্দ্রীয়ভাবে ঢাকায় নেওয়ার দাবি জানিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চাকরিপ্রত্যাশী শিক্ষার্থীরা। আজ দুপুরে কেন্দ্রীয় গ্রন্থাগার চত্বরে
ছবি: প্রথম আলো

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান চাকরিপ্রত্যাশী শিক্ষার্থীরা প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা কেন্দ্রীয়ভাবে ঢাকায় নেওয়ার দাবি জানিয়েছেন। তাঁরা বলছেন, নিয়োগ পরীক্ষা জেলা পর্যায়ে নেওয়া হলে তাতে অনিয়ম ও দুর্নীতির সুযোগ তৈরি হবে। আজ সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার চত্বরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে চাকরিপ্রত্যাশীরা বলেন, ‘আজ গণমাধ্যমের মাধ্যমে জেনেছি, প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০২০-এর লিখিত পরীক্ষা আগামী এপ্রিলে দেশের বিভিন্ন জেলায় অনুষ্ঠিত হবে। অথচ পরীক্ষাটি কেন্দ্রীয়ভাবে ঢাকায় নেওয়া হবে বলে গত সপ্তাহে জানানো হয়েছিল। এক সপ্তাহ যেতে না যেতেই কর্তৃপক্ষ গতকাল প্রাথমিকভাবে পরীক্ষাটি জেলা পর্যায়ে নেওয়ার সিদ্ধান্ত নেয়। আজ সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।’

শিক্ষার্থীরা আরও বলেন, ‘জেলা পর্যায়ে পরীক্ষা নেওয়ার খবরে আমরা চরমভাবে হতাশ। জেলায় পরীক্ষা নেওয়ার অতীত রেকর্ড ভালো না। বিগত সময়ে জেলা পর্যায়ে অনুষ্ঠিত পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস, প্রক্সিসহ নানা অনিয়ম ঘটেছে। আমাদের আশঙ্কা, জেলা পর্যায়ে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হলে সেখানে ভয়াবহ দুর্নীতি হতে পারে। আমরা এর প্রমাণ বিগত বছর ও চলতি বছর একাধিক নিয়োগ পরীক্ষায় পেয়েছি।’

চাকরিপ্রত্যাশীরা আরও বলেন, একটি কুচক্রী ও স্বার্থান্বেষী মহল নিয়োগ পরীক্ষায় জালিয়াতি ও দুর্নীতি করতে পরীক্ষাটি জেলা পর্যায়ে নেওয়ার জন্য বেশ তৎপর হয়ে পড়েছে। তারা যেকোনো মূল্যে পরীক্ষাটি জেলা পর্যায়ে নিতে চায়। তারা প্রশ্নপত্র ফাঁস বা কেন্দ্র দখল করে তাদের নির্ধারিত অযোগ্য প্রার্থীদের নিয়োগের পথ সুগম করতে চায়। সেই সঙ্গে তারা নিয়োগকে বিতর্কিত করে শিক্ষিত বেকার যুবকদের উসকে দিয়ে সরকারের ভাবমূর্তি নষ্ট করতে তৎপর। অথচ কেন্দ্রীয়ভাবে শুধু ঢাকায় পরীক্ষাটি অনুষ্ঠিত হলে অন্য সব নিয়োগ পরীক্ষার মতো এই পরীক্ষাও কর্তৃপক্ষ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারবে।

চাকরিপ্রত্যাশীরা প্রধানমন্ত্রী, শিক্ষামন্ত্রী এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর কাছে আসন্ন প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষাটি কেন্দ্রীয়ভাবে ঢাকায় এবং দুর্নীতি ও অনিয়মের ঊর্ধ্বে স্বচ্ছতা ও জবাবদিহির মাধ্যমে সম্পন্ন করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেছেন।

সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী মো. খাইরুল ইসলাম, নাফিসা আলম, কামাল হোসেন, বর্তমান শিক্ষার্থী সুবর্ণা রায় প্রমুখ উপস্থিত ছিলেন।