জেলে সেজে র্যাবের অভিযান, অস্ত্র-গুলিসহ ৬ জলদস্যু আটক
কক্সবাজারের মহেশখালীতে ছদ্মবেশে অভিযান চালিয়ে অস্ত্র-গুলিসহ ছয় জলদস্যুকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গতকাল শুক্রবার রাতে উপজেলার সোনাদিয়া চ্যানেলে র্যাব-১৫ কক্সবাজারের একটি বিশেষ দল এ অভিযান পরিচালনা করে।
আটক জলদস্যুরা হলেন মহেশখালী উপজেলার কালারমারছড়ার বাসিন্দা নেজাম উদ্দিন (২২), মো. সাকিল (২৪), মো. সাজ্জাদ (৩৫), মো. সুজন (২৪), মো. মানিক (৩২) ও ওমর ফারুক (২১)। এ সময় তাঁদের কাছ থেকে ৩টি দেশীয় বন্দুক ও ১১টি গুলি উদ্ধার করা হয়েছে।
র্যাব-১৫ কক্সবাজারের সিপিসি কমান্ডার মেজর শেখ ইউসূফ আহমেদ বলেন, গতকাল রাতে মহেশখালীর সোনাদিয়া চ্যানেলে একদল জলদস্যু মাছ ধরার ট্রলারে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। খবর পেয়ে কয়েকজন র্যাব কর্মকর্তা জেলে সেজে সাগরে অভিযানে নামেন। এ সময় একটি ট্রলার থেকে অস্ত্র-গুলিসহ ছয় জলদস্যুকে আটক করে র্যাব। আটক ব্যক্তিদের মহেশখালী থানায় হস্তান্তর করে মামলার প্রস্তুতি চলছে।