জেলেদের খাদ্যের পাশাপাশি আর্থিক সহায়তা দেওয়ার দাবি
পটুয়াখালীর কুয়াকাটায় আয়োজিত এক অনুষ্ঠানে আলোচকেরা বলেছেন, মৎস্যচাষি ও মৎস্যশ্রমিকদের অবদানকে স্বীকৃতি দিতে হবে। কারণ, তাঁরাই বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা সত্ত্বেও বিশ্বব্যাপী উৎপাদিত মাছের ৪০ ভাগ উৎপন্ন করে প্রয়োজনীয় পুষ্টি ও প্রোটিনের জোগান দিচ্ছেন।
রোববার পটুয়াখালীর কুয়াকাটা পর্যটনকেন্দ্রের একটি তিন তারকা হোটেলের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত ‘আর্টিজনাল মৎস্যজীবী কংগ্রেসে’ এসব কথা বলেন আলোচকেরা। তাঁদের মধ্যে ছিলেন মৎস্যবিজ্ঞানী, গবেষক, মৎস্য অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং দেশের বিভিন্ন অঞ্চল থেকে জেলে সংগঠনের প্রতিনিধিরা।
বক্তারা মৎস্যজীবীদের প্রতিবন্ধকতা হিসেবে প্রভাবশালীদের আধিপত্য, সঠিক দাম না পাওয়া, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব এবং প্রয়োজনীয় পরিষেবার অভাবের কথা উল্লেখ করেন।
উপকূলের পরিবেশ-প্রতিবেশ, জীববৈচিত্র্য ও সমুদ্রের নীল অর্থনীতি নিয়ে কাজ করা গবেষণা প্রতিষ্ঠান ওয়ার্ল্ডফিশ বাংলাদেশের ‘ইকো ফিশ-২ অ্যাকটিভিটি’র উদ্যোগে দিনব্যাপী এ কংগ্রেসের আয়োজন করা হয়। ইউএসএআইডির অর্থায়নে এ প্রতিষ্ঠানটি পরিচালিত হয়। আয়োজকেরা জানান, জাতিসংঘ সাধারণ পরিষদ ঘোষিত ‘আর্টিজনাল ফিশারিজ অ্যান্ড অ্যাকুয়াকালচারের’ আন্তর্জাতিক বর্ষ ২০২২ পালনের অংশ হিসেবে এ কংগ্রেস অনুষ্ঠিত হয়।
কংগ্রেসে বক্তারা বলেন, মাছ ধরায় ১৪৭ দিন নিষেধাজ্ঞার সময় মৎস্যজীবীদের জন্য শুধু খাদ্যসহায়তা নয়, অর্থসহায়তার ব্যবস্থা করতে হবে। মৎস্যজীবীদের প্রযুক্তির সঙ্গে খাপ খাওয়াতে তাঁদের সন্তানদের লেখাপড়ার ব্যবস্থা করতে হবে।
কংগ্রেসে সভাপতিত্ব করেন ওয়ার্ল্ডফিশের ‘ইকো ফিশ-২ অ্যাকটিভিটি’র দলনেতা আবদুল ওহাব। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও পরিকল্পনা কমিশনের সদস্য আবদুস সাত্তার মণ্ডল।
প্রধান অতিথির বক্তব্যে সাত্তার মণ্ডল বলেন, ‘মৎস্যজীবীরা নিজের জীবনকে বাজি রেখে সাগরে যান মাছ ধরার জন্য। এ জন্যই তাঁদের সব ধরনের সহযোগিতা করতে চাই।’
মালয়েশিয়া থেকে অনলাইনে যুক্ত হয়ে কথা বলেন ওয়ার্ল্ডফিশের মহাপরিচালক এসাম ইয়াসিন মোহাম্মদ। নানামুখী উদ্যোগের ফলে দেশে মৎস্যসম্পদের উৎপাদন বৃদ্ধি পাচ্ছে বলে উল্লেখ করেন সামুদ্রিক মৎস্য অধিদপ্তরের পরিচালক শরীফ উদ্দিন।
১০ হাজার সমুদ্রগামী মাছ ধরার ট্রলারে অত্যাধুনিক অটোমেটিক আইডেনটিফিকেশন সিস্টেম (এআইএস) স্থাপনের সিদ্ধান্তের কথা জানিয়ে শরীফ উদ্দিন আরও বলেন, সরকার সমুদ্রসম্পদ আহরণে এবং এই সম্পদের নিরাপত্তা সুনিশ্চিত করতে নানা প্রকল্প হাতে নিয়েছে। এই উদ্যোগেরই অংশ হিসেবে সমুদ্রের নৌযানগুলোকে একটি আধুনিক যোগাযোগ প্রযুক্তির আওতায় নেওয়া হচ্ছে।
কংগ্রেসে আলোচনায় আরও অংশ নেন ‘ইকো ফিশ-২ অ্যাকটিভিটি’র বিজ্ঞানী ও ইলিশ বিশেষজ্ঞ জলিলুর রহমান, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য স্বদেশ চন্দ্র সামন্ত, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) অতিরিক্ত সচিব মাহবুবা পান্না, পটুয়াখালীর জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন, ইউএসএআইডি বাংলাদেশের প্রকল্প ব্যবস্থাপনা বিশেষজ্ঞ আশরাফুল হক প্রমুখ।
কংগ্রেসে মৎস্যজীবী নারীদের ক্ষমতায়ন, ইলিশের উন্নয়ন, জীববৈচিত্র্য সংরক্ষণ ও দেশীয় পাঙাশ মাছ রক্ষায় বিশেষ অবদান রাখায় ৯টি শ্রেণিতে ১৫ জনকে পুরস্কৃত করা হয়।