রংপুরের পীরগঞ্জ উপজেলার রামনাথপুর ইউনিয়নের মাঝিপাড়া গ্রামের বড়করিমপুর এলাকার জেলেদের জীবনযাত্রা স্বাভাবিক হচ্ছে। তাঁরা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন। ইতিমধ্যে তাঁদের পুড়ে যাওয়া ঘরগুলো সরকারিভাবে করে দেওয়া হয়েছে। সরকারি-বেসরকারিভাবে সাহায্য–সহযোগিতাও পেয়েছেন তাঁরা।
গ্রামে নিরাপত্তার দায়িত্বে টহলে থাকা পুলিশ সদস্যদের আজ সোমবার সকাল থেকে সেখানে দেখা যায়নি। তবে আর্মড পুলিশ ব্যাটালিয়ানের ৮-১০ জন সদস্যকে জেলেদের গ্রাম থেকে প্রায় কোয়ার্টার কিলোমিটার দূরে বটেরহাট এলাকায় বসে থাকতে দেখা গেছে।
ফেসবুকে ধর্মীয় অবমাননার ছবি আপলোড করা নিয়ে ১৭ অক্টোবর রোববার রাত সাড়ে ১০টার দিকে উত্তেজিত জনতা ওই গ্রামের বড়করিমপুর এলাকায় জেলেদের বাড়িঘরে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগ করে। এতে পুড়ে যায় দুটি মুদিদোকানসহ ২১টি বসতঘর। আগুনে পুড়ে মারা যায় দুটি গাভিও।
আজ সকাল সাড়ে নয়টার দিকে জেলেদের ওই গ্রামে গিয়ে দেখা যায়, হামলা ও অগ্নিসংযোগের কারণে ধবংসযজ্ঞ বাড়িঘরের চিত্র বদলে গেছে। এখন সেখানে চকচক করছে নতুন টিনের ঘর। গৃহবধূরা নতুন ঘরদোর ধোয়া–মোছা করে পরিষ্কার–পরিচ্ছন্ন করছেন। কেউ বাড়ির ভেতরে উনুনে রান্নায় ব্যস্ত। পুরুষেরা অনেকে প্রয়োজনীয় জিনিস কিনতে স্থানীয় বাজারে গেছেন। কেউ ব্যস্ত ছিলেন গরুর গোসল করাতে। গৃহবধূদের এবাড়ি–ওবাড়ি গিয়ে একে ওপরের খোঁজ নিতেও দেখা গেছে।
বড়করিমপুরের মধ্যখানে দেখা গেল, নিখিল চন্দ্রের নতুন দোকানে প্রতিবেশীদের আনাগোনা। ভিড় ঠেলে দেখা যায়, নিখিল পান বাঁধতে ব্যস্ত। দোকানের নতুন রেকে হরেক রকম মালামাল সাজানো। বিক্রিতে সহায়তা করছেন স্ত্রী কণিকা রানী। মালামালসহ এই মুদিদোকানটি ওই দিন উত্তেজিত জনতার দেওয়া আগুনে পুড়ে গিয়েছিল। এতে তাঁরা হতাশ হয়ে পড়েছিলেন। অবশ্য এসব নিয়ে তাঁদের এখন আর আক্ষেপ নেই। সরকারি খরচে তাঁদের নতুন দোকান ও কাঠের তাক তৈরি করে দেওয়া হয়েছে।
ওই গ্রামের পণ্ডিত চন্দ্র, সহদেব চন্দ্র, মহাদেব চন্দ্র, সুকাল চন্দ্রসহ কয়েকজন এসেছিলেন নিখিলের নতুন দোকান দেখতে। ব্যাগের ক্যামেরা বের করতেই এগিয়ে আসেন নিখিলের স্ত্রী কণিকা। ছবি তোলার পরে কথা হয় তাঁর সঙ্গে।
কণিকা হেসে বলেন, ‘নয়া করি দোকান শুরু করছি, স্যার। একটা বিস্কুট নেও-খাও। হামাক আশীর্বাদ করেন। সরকারি লোক দাঁড়ে থাকি দোকান করি দিছে। ব্যবসা করির জন্যে এখন টাকাও হাতোত আছে। নয়া কাপড়ও পাছি। আর কোনো কষ্ট নাই, সমস্যাও নাই। তোমরা ইগলা পাশোত আছনেন জন্যে হামরা ঘুরি দাঁড়বার পাওছি।’
কণিকাদের দোকান ছেড়ে আসতেই পথে দেখা হয় জেলে জিতেন্দ্র নাথ দাসের সঙ্গে। কোথায় যাচ্ছেন জানতে চাইতে বলেন, ‘দাদা, পীরগঞ্জ বাজারোত যাই। সাত দিন থাকি কোনোটে বেরাই নেই। কিছু খরচপাতি দরকার। মাছের বাজারেরও খোঁজখবর নিয়া আসি। ব্যবসা তো এত দিন বন্ধ আছিল। ফের শুরু কইরবার নাগে।’
গ্রামের নিরঞ্জন রায় বলেন, ‘ঘরোত বসি থাকলে কি হইবে; কন? ভয় কিসের? হামরা কি ওমাক (মুসলিমদের) মারছি, না ডাঙ্গাছি! বাপ-দাদার আমল থাকি হামরা মিলিমিশি আছি। কোনো দিন একটা ঠোক্কাও নাগে নাই। একটা দুর্ঘটনা ঘটি গেইছে, এটা হামার কপালোত আছিল। ভগবান সবার ভালো করুক।’
নন্দ রানীর বাড়ি গ্রামের শেষ প্রান্তে। তিনি নতুন ঘরের চালা ঠিক করছিলেন মা তরুবালার সঙ্গে। নন্দ রানী বলেন, ‘আগুনোত সউগ পুড়ছিল। সরকার নয়া ঘর করি দিছে। সউগ ভুলিয়া বাঁচির নাগবে।’ নন্দ রানীর কথা শেষ না হতেই মা তরুবালা বলেন, ‘ছাওয়াটা (নন্দ রানী) ওমার (হামলাকারীদের) ভয়ে ধানবাড়ির ভেতরোত সারা রাইত নুকি আছিল। ভগবান বাঁচাইছে। পোড়া ঘর নয়া হইচে। এ্যালা করি মিলি খাইবে। ছাওয়াটার খতি হইলে কোনটে পানু হয়?’
পুড়ে যাওয়ার আগে জেলেদের ওই গ্রাম দেখার সৌভাগ্য অনেকের মতো এই প্রতিনিধিদের না হলেও গত রোববার ভোররাতে পোড়ানো বাড়িঘরের ধ্বংসযজ্ঞের চিত্রসহ ক্ষতিগ্রস্ত লোকজনের কান্না ও আহাজারি দেখে তাঁদের বুকটা হু হু করে উঠেছিল। অবশ্য সেই চিত্র এখন আর সেখানে নেই। সবকিছু ঠিকঠাক করে ভয়–আতঙ্ক কাটিয়ে ঘুরে দাঁড়ানোর আপ্রাণ চেষ্টা করছেন তাঁরা। স্বপ্ন বুনছেন আগের মতো স্বাচ্ছন্দ্যে বাঁচার। তাঁদের মলিন মুখগুলোতেও উজ্জ্বলতা ফিরেছে। টানা সাত দিন প্রথম আলোর এই প্রতিবেদকদ্বয় ওই নিঃস্ব জেলেদের দুঃখ–কষ্টের কথা লিখে গেছেন। আজ বিকেলে ওই জেলেপল্লি ছেড়ে আসার সময় পুতুল রানী বলেন, ‘স্যার, হামার ঘরবাড়ি সউগ ঠিকঠাক হয়া গেল। হয়তো তোমরাও আর আইসপের নেন। কিন্তুক য্যাটে থাকেন, চোউক-কানটা হামার প্যাকে একনা থোন।’
উত্তেজিত জনতার ওই হামলার ঘটনায় পীরগঞ্জ থানায় চারটি মামলা করেছে পুলিশ। ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা দুটি মামলায় তিনজন এবং জেলেপল্লিতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় ছাত্রলীগ নেতা সৈকত মণ্ডলসহ আজ সোমবার পর্যন্ত ৬৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।