জেলেনৌকায় সৌরবিদ্যুৎ

ভোলা জেলা শহর থেকে প্রায় ১৫০ কিলোমিটার দূরে চরফ্যাশন উপজেলার ঢালচর ইউনিয়ন। এ ইউনিয়নের প্রথম সৌরবিদ্যুৎ ব্যবহারকারী মোহাম্মদপুর গ্রামের বাসিন্দা শাহ আলম ফরাজী। ১০ বছর ধরে তিনি ৬৫ ওয়াট ক্ষমতাসম্পন্ন একটি প্যানেল দিয়ে সৌরবিদ্যুৎ ব্যবহার করছেন। তাঁর ঘরে পাঁচটি বাতি, একটি ছোট পাখা ও একটি রঙিন টিভি চলছে।
১০ বছর আগে কিস্তিতে ৩৫ হাজার টাকায় সৌর প্যানেলটি কিনেছিলেন শাহ আলম। এখন পর্যন্ত কোনো সমস্যা হয়নি, ব্যাটারিও পাল্টাতে হয়নি। তবে তিনি বললেন, বর্ষা ও শীতে আলো কম পাওয়া যায়।
একই ইউনিয়নের আমজাদ মাঝি তাঁর নৌকায় সৌরবিদ্যুতের ২০ ওয়াটের প্যানেল বসিয়েছেন। প্রতিদিন পাঁচটি মুঠোফোনে চার্জ দেওয়াসহ তিনটি বাতি জ্বালান। তিনি বলেন, প্যানেলের জন্য এককালীন জমা দিয়েছেন এক হাজার ৯৫০ টাকা। এখন মাসে কিস্তি দিচ্ছেন ৫০০ টাকা। এককালীন, কিস্তিসহ তাঁর মোট খরচ হবে সাড়ে ১২ হাজার টাকা।
আমজাদ মাঝি বলেন, তাঁকে সারা রাত নদীতে থাকতে হয়। কেরোসিনের বাতি জ্বালানো ও ঘাটে গিয়ে জেনারেটরে মুঠোফোন চার্জ দিতে মাসে এক হাজার টাকার বেশি খরচ হতো, সেটি আর এখন লাগছে না। তিনি বলেন, নৌকায় সারা রাত বাতি জ্বালা থাকলে মনে সাহস থাকে; দুর্ঘটনার আশঙ্কা কমে আসে। আমজাদ মাঝির নৌকার মতো দুই শতাধিক নৌকায় সোলার প্যানেল বসিয়ে সৌরবিদ্যুতের সুবিধা নিচ্ছেন জেলেরা।
ঢালচর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবুল কালাম পাটওয়ারী বলেন, তাঁদের ইউনিয়ন পুরোপুরি সৌরবিদ্যুৎ নির্ভর। মুঠোফোনের টাওয়ার, ইউনিয়ন তথ্যসেবাকেন্দ্র ও সরকারি-বেসরকারি সংস্থা চলছে সৌরবিদ্যুতে। এ ছাড়া ব্যবহারকারীর সংখ্যা তিন শতাধিক।
মদনপুর ইউপির চেয়ারম্যান নাছির উদ্দিন জানালেন, তাঁর ইউনিয়নে কেরোসিনের কুপিবাতি উঠে গেছে। সৌরবিদ্যুতে ইউনিয়ন পরিষদের কম্পিউটার চলছে, নদীর চরে বসে মানুষ তথ্যপ্রযুক্তির সেবা নিচ্ছে। ইউনিয়ন পরিষদ কার্যালয়, বিদ্যালয়, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, মোবাইল টাওয়ার, পরিবার, ব্যবসাপ্রতিষ্ঠান ও জেলে নৌকায় ব্যবহার হচ্ছে সৌরবিদ্যুৎ।
ভোলায় সৌরবিদ্যুৎ প্যানেল, ব্যাটারিসহ নানা রকম সরঞ্জাম বিক্রির ব্যবসায় জড়িত ২২টি সংস্থা। এসব প্রতিষ্ঠান কর্মকর্তাদের ভাষ্য, জেলায় ৮৩ হাজার ৩০৯ জন সৌরবিদ্যুতের গ্রাহক রয়েছেন।
গ্রামীণ শক্তির ভোলা জেলা শাখার প্রধান উপসহকারী প্রকৌশলী এস এম আমিনুর রহমান বলেন, সূর্যের আলো থেকে শক্তি আহরণ করে সোলার প্যানেল। ব্যাটারি পুরো মাত্রায় চার্জ হলে ১৫ ঘণ্টার মতো বিদ্যুৎ পাওয়া যায়। হিসাব কষে ব্যবহার করলে কোনো সমস্যা হওয়ার কথা নয়।