জেলেপল্লির পোড়া ভিটায় নতুন বসতি
দুদিন ধরে রংপুর অঞ্চলে কিছুটা ঠান্ডা। রাতে পড়ছে কুয়াশা। আবহাওয়া জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা। রোববার আঁধার কাটাতে রক্তিম সূর্যটা যখন আলো ছড়িয়ে দিতে উদয়ের পথে, ঠিক তখনই যাত্রা শুরু রংপুরের পীরগঞ্জ উপজেলার রামনাথপুর ইউনিয়নের মাঝিপাড়া গ্রামের বড়করিমপুর এলাকার উদ্দেশে। উপজেলা সদর থেকে পাঁচ কিলোমিটার দূরের এলাকা।
সূর্যটা আলো বাড়াতে থাকে, রিকশা এগোতে থাকে। সকালের আড়মোড়া ভেঙে অনেকেই তখন জীবিকার সন্ধানে ব্যস্ত। মাঝিপাড়া গ্রাম ঢুকতেই দেখা গেল, মিষ্টি রোদে নতুন টিন চকচক করছে।
১৭ অক্টোবর মধ্যরাতের পরের কথা। ভোররাতে পীরগঞ্জের ওই পল্লিতে পৌঁছে গা শিউরে ওঠে। বাতাসে পোড়া গন্ধ। ধ্বংসযজ্ঞ, আহাজারি, কান্নার রোল। রাতের আগুনে পুড়ে সব শেষ। তবে পরিস্থিতি এখন বদলেছে। রোববার সকাল সাতটায় দেখা যায়, আগুনে পোড়া ইটের দেয়ালের কালচে দাগ মোছায় ব্যস্ত লক্ষ্মী রানী। এই ব্যস্ততা শঙ্কা ভুলে নতুন করে ঘর সাজানোর। তাঁর ঘর নতুন হলেও সংসার বেশ পুরোনো।
পীরগঞ্জের বড়করিমপুর এলাকার হিন্দু জেলেপল্লির লক্ষ্মী রানীদের ঘরটি ১৭ অক্টোবর উত্তেজিত জনতা আগুনে পুড়িয়ে দিয়েছিল। লক্ষ্মী রানী (৪০) বলেন, ‘যা হবার হইচে, সেগলা মনোত থুয়া লাভ নাই। বাঁচি থাকলে অনেক কিছুই হয়। ক্ষতি হইচে, সরকারি-বেসরকারি সাহায্য পাওছি। তাক দিয়া ফের নতুন করি সংসার শুরু করছি।’
গ্রামের প্রবেশমুখে পুতুল রানীর বাড়ি। স্বামী নতুন টিনের ঘরের ভেতরে মাটি কাটছেন। আর পুতুল রানী সহায়তার তেল-ময়দায় উঠানের চুলায় চিতই পিঠা বানাচ্ছেন।
কেমন আছেন বলতেই পুতুল রানী মুচকি হাসেন। বলেন, ‘এখন ভালো আছি। সরকার সাহায্যও দিছে। নয়া ঘর হইচে। হামরা খুশি। তোমরা খালি একনা নজর থোন, এমতন হামলা যেন আর না হয়। যা আছে, তাক দিয়া খায়াপরি হামরা বাঁইচপ্যার পামো।’
গ্রামের ননী গোপাল ঘরে নতুন টিন লাগানোয় নিয়োজিত মিস্ত্রিদের কাজে হাত বাড়িয়েছেন। বসে নেই স্ত্রী-সন্তানেরাও। ঘরের খাট, চৌকি, বিছানা ঝেড়ে-মুছে প্রস্তুত করছেন তাঁরা। ননী গোপাল বলেন, ‘ছয় দিন পর ঘর নয়া হইল। আইজ ঝাড়ি-মুছি একটু শান্তির ঘুম দেমো। আশীর্বাদ করেন। তবে কারও জীবনে এমন ভয়ের রাত যেন আর না আসে।’
সুমতি রানী ও নন্দ রানীর ঘরেও চকচক করছে নতুন টিনের চালা-বেড়া। ঘরের উঠানে কাদামাটির প্রলেপ দিতে ব্যস্ত তাঁরা। সুমতি রানী বলেন, ‘বাপু, যা হারার হারাইছি। কষ্ট হয়। সেইগুলা তো আর ফেরত পাওয়া যাবার নয়। সরকার ঘর বানে দিছে, পোড়া ছাই তুলি নয়া মাটি দিয়া ঘর মোছোছি। আবার সংসার শুরু করমো।’
পীরগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান রোববার বিকেলে বলেন, ‘দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয় থেকে মাঝিপাড়া গ্রামের বড়করিমপুর এলাকায় ৬১টি পরিবারকে ১১৬ বান্ডিল ঢেউটিন ও প্রতি বান্ডিল টিনের বিপরীতে তিন হাজার করে টাকা দেওয়া হয়েছে। এর মধ্যে পুড়ে যাওয়া ২১টি টিনের ঘর ও দুটি দোকান আমরা সরকারি খরচে করে দিয়েছি।’
পীরগঞ্জ থানা-পুলিশ সূত্রে জানা গেছে, মূলত ওই ঘটনার সূত্রপাত ফেসবুকে অন্যের একটি পোস্টের মন্তব্যস্থানে একটি ছবি আপলোড করা নিয়ে। ছবিটি দিয়েছিলেন ওই মাঝিপাড়া গ্রামের পরিতোষ রায় (১৯)। স্থানীয় মানুষের অভিযোগ, পবিত্র কাবাঘরকে অবমাননা করে তিনি ছবিটি দিয়েছিলেন। এটা দেখে ১৭ অক্টোবর ওই গ্রামে হামলা চালায় উত্তেজিত জনতা। এতে গ্রামের ২১টি ঘর পুড়ে যায়। ভাঙচুর ও লুটপাট চালানো হয়েছে অন্তত ৪০টি বাড়িতে। স্বর্ণালংকার, ২৫টি গরু ও ১০টি ছাগল লুট হয়।
পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরেস চন্দ্র বলেন, ঘটনার পর পীরগঞ্জ থানায় তিনটি মামলা করেছে পুলিশ। ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা দুটি মামলায় তিনজন এবং জেলেপল্লিতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় শনিবার পর্যন্ত ৬৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার র্যাব দাবি করেছে, তারা গাজীপুরের টঙ্গী থেকে সৈকত মণ্ডল ও রবিউল ইসলাম নামের দুজনকে গ্রেপ্তার করেছে। সৈকত মণ্ডল হামলার নেতৃত্বকারী। আর রবিউল ইসলাম একটি মসজিদ থেকে মাইকে উসকানিমূলক বক্তব্য দিয়ে মানুষ জড়ো করেছিলেন।
খোঁজ নিয়ে জানা গেছে, সৈকত মণ্ডল রংপুর কারমাইকেল কলেজের দর্শন বিভাগের ছাত্রলীগের সহসভাপতি। তাঁকে দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ১৮ অক্টোবর অব্যাহতি দেওয়া হয় বলে ছাত্রলীগ কারমাইকেল কলেজ শাখার সভাপতি সাইদুজ্জামান নিশ্চিত করেছেন। একই কারণে ছাত্রলীগ কারমাইকেল কলজে শাখার সাংগঠনিক সম্পাদক তানজিরুল ইসলামকেও অব্যাহতি দেওয়া হয়েছে। সৈকত মণ্ডলের বাড়ি পীরগঞ্জের চেরাগপুর গ্রামে। রবিউল ইসলাম পীরগঞ্জের বটেরহাট জামে মসজিদের ইমাম। বাড়ি পাশের খেজমতপুর গ্রামে।