জেসান-হারলি-রাজা-নবাবদের হাটে তুলতে চান না মালিক
জেসান-হারলি-রাজা-নবাবকে চার বছর ধরে পরিচর্যা করছেন মালিক অলিউর রহমান। তিনি বলেন, স্থানীয় বাজারে বিক্রি করতে চান জেসান-হারলিদের। তাতে দামে কিছুটা ছাড় দিতে হলেও রাজি আছেন। কারণ, গরু হাটে তুললে খরচ বেড়ে যায়। আবার বিক্রি না হলে ফেরত নিয়ে আসতে হবে। তাই সে ঝামেলায় যেতে চান না।
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার আউলিয়াপুকুর ইউনিয়নের সনকৈড় গ্রামে অলিউরের খামার। নাম জাহিদ অ্যাগ্রো ফার্ম। গত রোববার অলিউর বলেন, খামারে ১৯টি গরু থাকলেও এবারই প্রথম ৪টি গরু বিক্রির উপযোগী হয়েছে। ফ্রিজিয়ান জাতের এই ৪ গরুর প্রতিটির ওজন সাড়ে ২৬ মণ। শুরুতে প্রতিটি গরুর দাম ১০-১২ লাখ টাকা হাঁকালেও ক্রেতার সাড়া না পেয়ে দাম কমানোর ঘোষণা দিয়েছেন তিনি। বিক্রির কথা প্রচার করতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে জাহিদ অ্যাগ্রো ফার্ম নামে একটি পেজ খুলেছেন। পেজে গরুগুলোর মূল্যসহ ছবি আপলোড করেছেন। সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার কার্যালয়ে।
জাহিদ অ্যাগ্রো ফার্মে বিশাল আকৃতির জেসান-হারলি-রাজা-নবাবকে দেখতে ভিড় করছেন ক্রেতা। ফেসবুক পেজ দেখে অনেকে ফোনও করছেন অলিউরকে। কিন্তু ন্যায্য দাম না পাওয়ায় গরু বিক্রি করতে পারছেন না। অলিউর বলেন, দীর্ঘ চার বছর নিজের হাতে গরুগুলোকে লালনপালন করেছেন। খইল-ভুসি, ঘাস, খড় ছাড়া বাড়তি কোনো খাবার গরুগুলোকে দেওয়া হয়নি। প্রতিদিন প্রত্যেক গরুর পেছনে গড়ে ৭০০-৭৫০ টাকা ব্যয় করতে হয়েছে। এ ছাড়া খামারে তিনজন কর্মচারী কাজ করছেন।
অলিউর বলেন, এবার মানুষের হাতে টাকা কম। গতবারই অনেকে গরুগুলো কিনতে চেয়েছিলেন। তখন বিক্রি করেননি। গরুগুলো স্থানীয় লোকজনের কাছে বিক্রি করতে চান। ঈদের সময় রাস্তায় যানবাহনের চাপ থাকে। কোরবানির হাটে পানিটা পর্যন্ত গরুকে কিনে খাওয়াতে হয়। সব মিলিয়ে গরুগুলো হাটে তুলতে যে ব্যয় হবে তাতে এলাকায় কিছুটা কম দামে বিক্রি হলেও ক্ষতি পুষিয়ে নেওয়া যাবে।