জোয়ারেও আটকে থাকছে নৌযান!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>

 * শুষ্ক মৌসুমে স্বাভাবিক জোয়ারে পানির উচ্চতা থাকছে কম 

 * খাতুনগঞ্জে নৌপথে পণ্য পরিবহনে দুর্ভোগ
 * নৌবাণিজ্য এখন কেবল দ্বীপনির্ভর

খাতুনগঞ্জের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে পণ্য কিনে বোঝাই করা হয়েছে নৌযানে। ​গন্তব্যের উদ্দেশে যাত্রা করতে চাক্তাই খালে অপেক্ষায় আছে নৌযানগুলো। কিন্তু খালে জোয়ার এলেও পানির উচ্চতা তেমন বাড়েনি। পানি আরও বাড়লে তারপর যাত্রা শুরু হবে। ছবিটি গত মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় চাক্তাই খালের প্রবেশমুখের খাতুনগঞ্জ এলাকা থেকে তোলা l সৌরভ দাশ
খাতুনগঞ্জের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে পণ্য কিনে বোঝাই করা হয়েছে নৌযানে। ​গন্তব্যের উদ্দেশে যাত্রা করতে চাক্তাই খালে অপেক্ষায় আছে নৌযানগুলো। কিন্তু খালে জোয়ার এলেও পানির উচ্চতা তেমন বাড়েনি। পানি আরও বাড়লে তারপর যাত্রা শুরু হবে। ছবিটি গত মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় চাক্তাই খালের প্রবেশমুখের খাতুনগঞ্জ এলাকা থেকে তোলা l সৌরভ দাশ

নগরের খাতুনগঞ্জে চাক্তাই খালের প্রবেশমুখ থেকে উজানের দিকে আটকে আছে অন্তত ১৫টি পণ্যবাহী নৌযান। এসব নৌযান ঠাসা চাল, ডাল, ভোজ্যতেল, আটা-ময়দাসহ ভোগ্যপণ্যে। রয়েছে ঘরে ব্যবহার্য জিনিসরও। খালে পূর্ণ জোয়ারের জন্য অপেক্ষা নৌযানগুলোর। কারণ ভরাট হওয়া খালে পানির ধারা একেবারে তলানিতে ঠেকেছে। ফলে মাল বোঝাইয়ের জন্য ঢোকা নৌযান এখন আর বেরোতে পারছে না। এ চিত্র গত রোববার বেলা আড়াইটার।

অপেক্ষায় থাকা একটি নৌযান ‘এমবি শাহিদ’। এতে পণ্যবোঝাই করে অলস বসে আছেন চাক্তাই-সন্দ্বীপ নৌরুটের চালক মো. মোস্তফা। তিনি প্রথমআলোকে জানালেন, শুষ্ক মৌসুমে জোয়ারেও সব সময় নৌযান ভাসানো যায় না। খালে পর্যাপ্ত পানির প্রবাহ না থাকায় নৌযানগুলোকে এবার ৮ থেকে ১০ দিন পর্যন্ত বসে থাকতে হচ্ছে। গত ৭–৮ বছর ধরে খাল ভরাট হলেও চলতি শুষ্ক মৌসুমে দুর্ভোগ ​ বেড়েছে।

 চাক্তাই খালের মুখে সেতুর কাছে পাওয়া গেল ‘এমবি খাজা আজমীর’ নামে পণ্যবাহী আরেকটি নৌযান। চাক্তাই ও খাতুনগঞ্জ থেকে পণ্য নিয়ে হাতিয়া উপজেলায় যাওয়ার অপেক্ষায় আছে এটি। ওই নৌযানের শ্রমিক মোহাম্মদ হকপ্রথমআলোকে জানালেন, চাক্তাই-হাতিয়া নৌরুটে ৩৫ বছর ধরে পণ্য নিয়ে যাচ্ছেন। কখনো নৌযান ছাড়ার জন্য ৮–১০ দিন অপেক্ষা করতে হয়নি। ১৫-২০ বছর আগেও বাঁশখালী, মহেশখালী, কুতুবদিয়া, বোয়ালখালীসহ বিভিন্ন অঞ্চলে অসংখ্য নৌযান কিংবা সাম্পানে পণ্য পরিবহন হতো। এখন এসব উপজেলায় ছোট ছোট সাম্পানে অল্প পরিমাণ পণ্য আনা-নেওয়া হচ্ছে। সন্দ্বীপ ও হাতিয়াসহ দ্বীপ উপজেলাগুলোতে বিকল্প না থাকায় দেরি হলেও এই নৌপথে এখনো পণ্য পরিবহন হচ্ছে।

সরেজমিন দেখা গেছে, কর্ণফুলী নদী থেকে চাক্তাই ও খাতুনগঞ্জ পাইকারি বাজারকে দুই ভাগ করে মাঝপথে শহরে ঢুকেছে চাক্তাই খাল। ছয় কিলোমিটার দৈর্ঘ্যের খালটির প্রবেশ পথের প্রস্থ কাগজে-কলমে ৮০ থেকে ১২০ ফুট। এসব ঠিক থাকলেও খালের গভীরতা নেই বললে চলে।

নৌযানের মাঝিরা জানান, ছোট নৌযানের চলার জন্য গভীরতা দরকার কমপক্ষে ১০ ফুট। এখন আছে মাত্র ৪ থেকে ৫ ফুট।

চাক্তাই ও খাতুনগঞ্জের ব্যবসায়ীরা জানান, দ্বীপ উপজেলাগুলো ছাড়া দক্ষিণ চট্টগ্রামের উপকূলীয় কিছু এলাকায় সামান্য পণ্য ছোট নৌযানে পরিবহন হয়। অথচ চাক্তাই বা রাজাখালী খাল থেকে কর্ণফুলী নদী ও চানখালী খাল হয়ে সাঙ্গু নদীর মাধ্যমে দুই-তিন দশক আগেও বান্দরবানের থানচি ও রুমা উপজেলা পর্যন্ত পণ্য নেওয়া হতো। এখন খাল ভরাট হয়ে নৌযান চলাচলে সমস্যা হওয়ায় বেশির ভাগ ক্ষেত্রে পণ্য নেওয়া হচ্ছে সড়কপথে।

ব্যবসায়ীরা জানান, ছোট নৌযানে ৩০ থেকে ১২০ টন পর্যন্ত পণ্য পরিবহন হয়। অর্থাৎ একটি নৌযানের পণ্য ১৬ টনবাহী একটি ট্রাকে নিতে হলে সর্বোচ্চ সাত-আটটি ট্রাক দরকার হয়। নৌযানে পণ্য পরিবহন হলে খরচ যেমন কম হয়, তেমনি সড়কপথের ওপরও চাপ কমে।

যোগাযোগ করা হলে খাতুনগঞ্জ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের সভাপতি মাহবুবুল আলম বলেন, ১৫-২০ বছর আগেও চাক্তাই-খাতুনগঞ্জের বাণিজ্য কেন্দ্রগুলোর আশপাশের খাল ব্যবহার করে প্রতিদিন ৫০টির বেশি নৌযান পণ্য আনা-নেওয়া করত। এখন দিনে ছয়-সাতটি নৌযানও আসা-যাওয়া করে না। কর্ণফুলী সেতুর কারণে পলি জমে চাক্তাই খালের মুখও ভরাট হয়ে যাচ্ছে। আবার ময়লা-আবর্জনা জমে প্রবেশমুখ থেকে উজানে এখন নৌযান চলাচলে সমস্যা হচ্ছে। দ্রুত খনন না করলে নৌবাণিজ্য ধীরে ধীরে বন্ধ হয়ে যাবে।

সন্দ্বীপের পাইকারি ব্যবসায়ীরা জানান, চাক্তাই খাল থেকে সন্দ্বীপ পর্যন্ত প্রতি বস্তা পণ্য পরিবহনে ৩০ টাকা খরচ হয়। তবে শুষ্ক মৌসুমে সময় বেশি লাগায় এবং অনিশ্চয়তা থাকায় অনেক ব্যবসায়ীই এখন চাক্তাই খালের পরিবর্তে সীতাকুণ্ড উপজেলার কুমিরা-গুপ্তছড়া নৌপথ ব্যবহার করেন। এতে চাক্তাই-খাতুনগঞ্জ থেকে ট্রাকে করে কুমিরা পর্যন্ত পণ্য পরিবহন করতে হয়। সড়কপথ ব্যবহারের কারণে প্রতি বস্তা পণ্য পরিবহনে ২০ টাকা বাড়তি খরচ হচ্ছে।

ভাটার সময় খালের পানি তলানিতে ঠেকে। গত রোববার বেলা আড়ইটার চিত্র l প্রথম আলো
ভাটার সময় খালের পানি তলানিতে ঠেকে। গত রোববার বেলা আড়ইটার চিত্র l প্রথম আলো

খাতুনগঞ্জ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন সূত্র জানায়, ২৫-৩০ বছর আগে সারা দেশের আমদানি পণ্যের ৯০ শতাংশ চাক্তাই-খাতুনগঞ্জ ও আছদগঞ্জ থেকে নৌপথে সারা দেশে নেওয়া হতো। চট্টগ্রাম বন্দর দিয়ে পণ্য আমদানি করে ব্যবসায়ীরা মাঝিরঘাট এলাকাসহ পাইকারি বাজারে মজুত করতেন। এরপর সারা দেশ থেকে ব্যবসায়ীরা এসে এসব পণ্য কিনে নিয়ে যেতেন। তবে এখন ঢাকা-নারায়ণগঞ্জ অঞ্চলে পণ্যের লেনদেন সবচেয়ে বেশি।

কাস্টমসের কয়েক বছরের তথ্য বিশ্লেষণে দেখা যায়, আমদানি করা ভোগ্যপণ্যের ৩৮ শতাংশ আনেন চট্টগ্রামের ব্যবসায়ীরা। ঢাকা অঞ্চলের ব্যবসায়ীরা আমদানি করেন প্রায় ৫৫ শতাংশ। বাজার অংশীদারি কমার পাশাপাশি নৌপথেও বাণিজ্য কমছে।

এদিকে ভোগ্যপণ্য আমদানিকারকেরা জানান, চাক্তাই-খাতুনগঞ্জ থেকে সারা দেশে ছোট নৌযানে পণ্য পরিবহনের প্রয়োজনীয়তা এখন নেই। কারণ বন্দরের বহির্নোঙর থেকেই এক থেকে তিন হাজার টন পণ্যবাহী লাইটার জাহাজে করে সারা দেশের অন্তত ৩৩টি নৌঘাটে পণ্য নেওয়া হয়। তবে চাক্তাইসহ আশপাশের খাল থেকে চট্টগ্রামের উপজেলাগুলোতে খাল ও নদীপথে পণ্য পরিবহনের প্রয়োজনীয়তা ফুরিয়ে যায়নি।

পণ্যবাহী নৌযানের মাঝিরা বলেন, খাল ভরাট হওয়ার কারণে বর্ষা ও শুষ্ক দুই মৌসুমে কমবেশি বিপদে পড়তে হয়। কারণ শুষ্ক মৌসুমে জোয়ারের সময় নৌযান ভেড়ানো গেলেও পণ্যবোঝাই করে প্রায় সময় অপেক্ষা করতে হয়। ভরা জোয়ার ছাড়া স্বাভাবিক জোয়ারে নৌযান ভাসানো যায় না। আবার খালের গভীরতা কম থাকায় বর্ষা মৌসুমে সেতুর সঙ্গে প্রায় সময় পণ্যবাহী নৌযান আটকে যায়। খালের গভীরতা বাড়ানো ছাড়া এ ভোগান্তি থেকে মুক্তি পাওয়া যাবে না।

চাক্তাই খাল রক্ষণাবেক্ষণের দায়িত্ব সিটি করপোরেশনের। বহদ্দারহাট থেকে কর্ণফুলী নদী পর্যন্ত প্রায় ছয় কিলোমিটার লম্বা চাক্তাই খাল থেকে গত পাঁচ বছরে বালু-মাটি উত্তোলনে প্রায় ১০ কোটি টাকা খরচ করেছে সিটি করপোরেশন। করপোরেশনের দািব, প্রতিবছরই চাক্তাই খাল খনন করা হচ্ছে। খালের গভীরতাও কমপক্ষে ১৭ ফুট আছে।

সিটি করপোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আনোয়ার হোছাইন প্রথমআলোকে বলেন, ইতিমধ্যে চাক্তাই খালের বহদ্দারহাট অংশ থেকে খননকাজ শুরু হয়েছে। দুই মাসের মধ্যে প্রবেশমুখ এলাকাও খনন করা হবে। গত বছর বন্দর খনন করার কথা থাকলেও তারা করেনি। ফলে প্রবেশমুখে মাটি জমে গেছে।