জৈন্তাপুর সীমান্তে ভারতীয়দের গুলিতে বাংলাদেশি যুবক আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেট জেলার মানচিত্র

সিলেটের জৈন্তাপুর সীমান্তে ভারতীয়দের গুলিতে বাংলাদেশি যুবক আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গুলিবিদ্ধ অবস্থায় তাঁকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

গতকাল শনিবার দুপুরের দিকে জৈন্তাপুরের ঘিলাতৈল সীমান্তের ১ হাজার ২৮৬ নম্বর পিলারের কাছে ভারতের অংশে এ ঘটনা ঘটে। আহত যুবকের নাম মো. ইমন আলী (২৫)। তিনি জৈন্তাপুর উপজেলার ঘিলাতৈল গ্রামের মো. রমজান আলীর ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গতকাল দুপুরে দিকে মো. ইমন আলী ঘিলাতৈল সীমান্তের ১ হাজার ২৮৬ নম্বর পিলারের পাশ দিয়ে ভারতের অভ্যন্তরে প্রবেশ করেন। এ সময় ভারতের খাসিয়া হেওয়ায়ই বস্তি এলাকার বাসিন্দারা তাঁকে লক্ষ্য করে ছররা গুলি ছোড়েন। এতে তিনি গুলিবিদ্ধ হন। পরে আহত অবস্থায় তিনি দেশের সীমান্তে প্রবেশ করেন। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

সিলেটের জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম দস্তগীর আহমেদ বলেন, ছররা গুলিতে আহত হওয়ার পর সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়ে আজ রোববার তিনি বাড়ি ফিরেছেন। তিনি এখন সুস্থ রয়েছেন। তাঁর বুক ও পিঠে ছররা গুলির চিহ্ন রয়েছে।