জৈন্তাপুরে আ.লীগ প্রার্থীর তিন গুণ ভোট পেয়ে জয়ী বিএনপি নেতা
সপ্তম ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে সিলেটের জৈন্তাপুর উপজেলার একটি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। উপজেলার নিজপাট ইউনিয়নের এই নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থীর তিন গুণের বেশি ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা মো. ইন্তাজ আলী।
জেলা নির্বাচন কার্যালয়ের তথ্য অনুযায়ী, ইউনিয়নের ৯টি কেন্দ্রে বিজয়ী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইন্তাজ আলী ভোট পেয়েছেন ৬ হাজার ১০টি। আর আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আবদুল মতিন পেয়েছেন ১ হাজার ৭৯০ ভোট। তাঁদের দুজনের ভোটের ব্যবধান ৪ হাজার ২২০টি। নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করা আট প্রার্থীর মধ্যে নৌকার প্রার্থীর অবস্থান চতুর্থ।
গতকাল সোমবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নিজপাট ইউনিয়নের ৯টি কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ হয়। ইউনিয়নে ভোটার ২১ হাজার ৬৭৪ জন।
সিলেটের জ্যেষ্ঠ নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ শুকুর মাহমুদ মিঞা জানান, জৈন্তাপুর উপজেলার নিজপাট ইউনিয়নে নির্বাচনে চেয়ারম্যান পদে অংশ নেওয়া আট প্রার্থীর মধ্যে বিজয়ী স্বতন্ত্র প্রার্থী মো. ইন্তাজ আলী ৬ হাজার ১০ ভোট, নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আবদুল মালিক ৪ হাজার ১২১ ভোট, আওয়ামী লীগ (বিদ্রোহী) নেতা স্বতন্ত্র প্রার্থী মো. নাজিম উদ্দিন ৩ হাজার ১৮২ ভোট, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবদুল মতিন ১ হাজার ৭৯০ ভোট, স্বতন্ত্র প্রার্থী মো. ইসলাম উদ্দিন ৩৮৩ ভোট, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মাওলানা আলীম উদ্দিন ১৬৫ ভোট, স্বতন্ত্র প্রার্থী জালাল উদ্দিন ১৪৩ ভোট ও স্বতন্ত্র প্রার্থী মো. জসিম উদ্দিন ৫৬ ভোট পেয়েছেন।
দলীয় প্রার্থীর ভরাডুবি প্রসঙ্গে জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. কামাল আহমদ প্রথম আলোকে বলেন, ‘ইউপি নির্বাচনে আঞ্চলিকতা একটি বড় বিষয়। এ ছাড়া প্রার্থী ও স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগের নেতা-কর্মীদের মধ্যে সমন্বয়হীনতায় দলীয় প্রার্থী কম ভোট পেয়েছেন বলে আমাদের পর্যবেক্ষণে দেখা গেছে। এই প্রার্থী আগে সরকারি কর্মচারী ছিলেন। সে জন্য স্থানীয়ভাবে ভোটারদের সঙ্গে তাঁর যোগাযোগ কম ছিল।’
এই নির্বাচনে আওয়ামী লীগের কোনো বিদ্রোহী প্রার্থী ছিল না বলে মন্তব্য করে কামাল আহমদ বলেন, ‘যাঁকে বিদ্রোহী প্রার্থী হিসেবে বলা হচ্ছে, তিনি আওয়ামী লীগের কেউ নন। এ ছাড়া তিনি দলের হয়ে নির্বাচনে অংশ নেওয়ার জন্য মনোনয়নও চাননি।’