জৈন্তাপুরে ব্যক্তিগত গাড়ির সঙ্গে সংঘর্ষে অটোরিকশার চালকসহ দুজন নিহত
সিলেটের জৈন্তাপুরে ব্যক্তিগত গাড়ির সঙ্গে সংঘর্ষে সিএনজিচালিত অটোরিকশার চালকসহ দুজন নিহত হয়েছেন। আজ শুক্রবার দুপুর ১২টার দিকে সিলেট-তামাবিল আঞ্চলিক সড়কের হরিপুর বাজারের পাশে হরিপুর স্কুল মার্কেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন অটোরিকশার চালক সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ইসলামপুর এলাকার জালাল আহমদের ছেলে হোসেন আহমদ (৩৫) এবং রিকশাটির যাত্রী হাজীপুর এলাকার বাসিন্দা শুকুর আহমদ (৫০)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জৈন্তাপুর থেকে অটোরিকশায় শিম ও বরবটি নিয়ে সিলেটের দিকে যাচ্ছিলেন ব্যবসায়ী শুকুর আহমদ। ব্যক্তিগত গাড়িটি সিলেট থেকে জাফলংয়ের দিকে যাচ্ছিল। দুপুর ১২টার দিকে জৈন্তাপুরের হরিপুর বাজার পেরিয়ে হরিপুর স্কুল মার্কেট এলাকায় পৌঁছালে অটোরিকশা ও ব্যক্তিগত গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই ওই দুজনের মৃত্যু হয়। ব্যক্তিগত গাড়ির সামনের অংশও দুমড়েমুচড়ে গেছে। এতে গাড়িটির চালক ও এক যাত্রী আহত হয়েছেন। তাঁদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
সিলেটের জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমদ বলেন, ‘খবর পেয়ে আমরা তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছাই। হতাহত ব্যক্তিদের উদ্ধার করে তামাবিল হাইওয়ে পুলিশকে অবহিত করি। নিহত দুজনের মরদেহ সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।’
তামাবিল হাইওয়ে পুলিশের ওসি মাহবুবুর রহমান দুপুরে বলেন, ঘটনাস্থল থেকে অটোরিকশা ও ব্যক্তিগত গাড়িটি উদ্ধার করে থানায় নেওয়া হচ্ছে। ময়নাতদন্তের পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় মামলা করার প্রস্তুতি চলছে।