
এক বেলা খাবার জুটলে অন্য বেলা উপোস। অভাব-অনটন পিছু ছাড়ছিল না। এ অবস্থায় ১৯৯৯ সালে বাড়ির আঙিনায় কম্পোস্ট জৈব সার তৈরির কাজ শুরু করলেন আনিছা বেগম। ঘুরতে থাকল ভাগ্যের চাকা। গত দুই বছরেই বিভিন্ন প্রকার কম্পোস্ট জৈব সার তৈরি করে আয় করলেন প্রায় তিন লাখ টাকা।
শুধু নিজের ভাগ্য বদল করে থেমে থাকেননি সাক্ষরজ্ঞানসম্পন্ন আনিছা (৪০)। প্রতিবেশী, নিজের গ্রাম, এরপর আশপাশের গ্রামের অভাবী নারীদের পথ দেখালেন। এলাকার প্রায় এক হাজার নারী এখন এই সার তৈরি করছেন। আনিছার বাড়ির মতো এলাকার প্রতিটি বাড়ির আঙিনা যেন হয়ে উঠেছে এক একটি কম্পোস্ট জৈব সার তৈরির কারখানা।
আনিছার বাড়ি নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়ার জন্মস্থান রংপুরের মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দে। পায়রাবন্দের ইসলামপুর ভাঙ্গারপাড়া গ্রামের গৃহবধূ তিনি।
একটি মাত্র টিনের দোচালা ঘর আনিছার। স্বামী শফিকুল ইসলাম দিনমজুর। বসতভিটের জমি ১২ শতক। ঘর বাদে বাকি অংশ পতিতই থাকে। কোনো এক কারণে একদিন তাঁদের বাড়িতে আসেন মিঠাপুকুর উপজেলা কৃষি বিভাগের তৎকালীন ব্লক সুপারভাইজার (বর্তমানে উপসহকারী কৃষি কর্মকর্তা) হামিদুর রহমান। আনিছা-শফিকুলের কষ্টের কথা জেনে বাড়িতে খামারজাত, হিপ ও পিট কম্পোস্ট জৈব সার তৈরির পরামর্শ দিলেন তিনি। কিন্তু কাজ শুরু করতে প্রাথমিকভাবে যে টাকার দরকার, তা আনিছার ছিল না। তাই শুরু করার টাকাটাও দেন ওই কৃষি কর্মকর্তা।
প্রথমে এই তিন প্রকারের জৈব সার তৈরি করে গ্রামের কৃষকদের কাছে বিক্রি করেন আনিছা। আয় হলো দেড় হাজার টাকা। এই টাকা দিয়ে বাড়ির পতিত অংশে সবজি খেত করলেন। এবার আয় হলো আড়াই হাজার টাকা। সেই টাকাও বিনিয়োগ করলেন সার তৈরিতে। তাঁর উৎপাদিত জৈব সারের চাহিদা বাড়তে থাকে। সারের উৎপাদনও বাড়াতে লাগলেন তিনি। শুরুতে তিন প্রকার সার তৈরি করলেও ধীরে ধীরে সারের প্রকারভেদও বেড়েছে। সেই সঙ্গে বাড়তে থাকে আনিছার আয়ও।
আনিছার এখন ১২ শতাংশের ভিটেমাটি ছাড়াও ১০ শতক আবাদি জমি হয়েছে। ৩৩ শতক জমি বন্ধক নিয়ে চাষাবাদ করছেন। ছয়টি টিনের ও একটি আধা পাকা ঘর হয়েছে। গরু-ছাগল হয়েছে। জৈব সার বিক্রি করে প্রতি মাসে গড়ে ১০ থেকে ১২ হাজার টাকা আয় করছেন।
আনিছার চার ছেলে। সবাই লেখাপড়া করছে। আনিছার ভাষায়, ‘একসময় তো খুব কষ্ট ছিল। এখন ভালোভাবে চইলবার পাইতোছি। জৈব সার তৈরি করিয়া নিজের উন্নতি হইছে। আমার কাজ দেখিয়া গ্রামের নারীরা এই কাজ করছে। সবচেয়ে আনন্দ লাগে যখন এই গ্রামের মধ্যে বাড়িত আসিয়া ট্রেনিং নিয়া যায় বড় বড় অফিসার।’
আনিছার ভাগ্যের পরিবর্তন দেখে প্রতিবেশী নারীরা সার তৈরির কাজে আগ্রহী হয়ে ওঠেন। আনিছাই তাঁদের এই সার তৈরির পদ্ধতি শিখিয়ে দেন। একজন-দুজন করে ইসলামপুর গ্রামের অনেক নারী এ কাজে ঝুঁকে পড়েন। সফল হন তাঁরাও। এভাবে ধীরে ধীরে পায়রাবন্দ ইউনিয়নের ২১টি মৌজার প্রায় এক হাজার নারী এই সার তৈরিতে জড়িয়ে পড়েন। অভাবকে বিদায় দিয়ে সচ্ছলতার মুখ দেখেছেন তাঁরা।
ইসলামপুরের শারমিন বেগম জানালেন, আনিছার কাছে কাজ শিখে তিনি এখন রোজগার করছেন। শহিদা বেগম বললেন, ‘আনিছার কাছোত হামরা ট্রেনিং নিছি কেমন করি এই সার তৈরি করা নাগে।’ মোমেনা বেগম বললেন, ‘আনিছার জন্যে হামার এই গ্রামটার উন্নতি হইছে। কত মানুষ এই গ্রামোত আইসে।’ প্রায় একই ধরনের মন্তব্য করলেন এই গ্রামের রোকেয়া, শাহীনুর, তাহেরন, জেলেমা, ইফারনসহ আরও অনেকে।
সারের প্রকার ও তৈরি পদ্ধতি: আনিছা জানালেন, কম্পোস্ট জৈব সার উৎপাদনে তেমন একটা খরচ নেই। পরিশ্রমই আসল। ‘হিপ’ কম্পোস্ট তৈরি করতে মাটিতে ১০ ফুট দৈর্ঘ্য, ৪ ফুট প্রস্থ ও ৪ ফুট গভীর গর্ত করতে হয়ে। তবে প্রস্থ ও গভীরতা ঠিক রেখে দৈর্ঘ্য কমবেশি করা যেতে পারে।
অন্যান্য কম্পোস্ট সার তৈরিতে রিং ব্যবহার করা হয়। মাটির নিচে গভীরতা থাকে ১ ফুট। চারটি রিং বসিয়ে মাটির ওপরে চলে আসে।
কম্পোস্ট জৈব সার তৈরিতে বাড়ির ময়লা-আবর্জনা, খড়কুটো, গোবর, গরুর মূত্র, নরম ঘাস, কচুরিপানা, হাঁস-মুরগির বিষ্ঠা, শাকসবজির উচ্ছিস্ট, আলুর পাতা, গাছের ঝরা পাতা পচিয়ে কম্পোস্ট জৈব সার তৈরি করা হয়।
আনিছা জানালেন, সব কম্পোস্ট সারেই গোবর ও গরুর মূত্র থাকবে। খড়কুটো, নরম ঘাস, ঢেঁকিশাক, কলার গাছের ছোবড়া, ছাই ও গোবর দিয়ে তৈরি করা হয় ‘সুপার কম্পোস্ট’। গোবর, খৈল, হাঁস-মুরগির বিষ্ঠা দিয়ে তৈরি হয় ‘পাওয়ার কম্পোস্ট’। বাঁধাকপির পাতা, আলুর পাতা, নরম ঘাসসহ সবজির ফেলে দেওয়া উচ্ছিষ্ট দিয়ে হয় ‘সবুজ কম্পোস্ট’। গরুর মূত্র ও গাছের ঝরা পাতা দিয়ে তৈরি করা হয় ‘পাতা কম্পোস্ট’। মানুষের মলমূত্র, ছাই, কেরোসিন, ডলোচুন দিয়ে হয় ‘নাইট কম্পোস্ট’। এভাবে অন্তত ২২ প্রকার জৈব সার তৈরি করা হয়।
আনিছার বাড়িটি এখন যেন একটি পাঠশালা। বিশ্বব্যাংকের প্রতিনিধি, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালকসহ আরও অনেকেই আনিছার বাড়িতে এসেছিলেন জৈব সার তৈরির প্রক্রিয়া দেখতে। এসেছেন বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থার (এনজিও) অন্তত সাড়ে চার শ কর্মী। দেশের বিভিন্ন এলাকা থেকে কৃষিবিদ এসেছেন প্রায় ২০০। তাঁর বাড়িতে এসে জৈব সার তৈরির কাজে হাতেখড়ি নিয়েছেন তাঁদের অনেকে। কৃষি কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে কৃষি বিষয়ের শিক্ষার্থীরা এসেছিলেন আনিছার বাড়িতে। এ ছাড়া দেশের বিভিন্ন জেলায় কৃষিভিত্তিক সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও বেসরকারি উন্নয়ন সংস্থায় আনিছা জৈব সার তৈরির প্রশিক্ষণও দিয়েছেন, দিচ্ছেন এখনো।
স্বীকৃতি: সার তৈরি এবং নারীদের এ কাজের উৎসাহ ও প্রশিক্ষণ দিয়ে স্বাবলম্বী করে তোলার স্বীকৃতি হিসেবে আনিছা ২০১২ সালে বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার (রৌপ্যপদক) পান। এর পরের বছর সরকারি উদ্যোগে তিনি ভিয়েতনাম সফর করেন।
আনিছা এখন স্বপ্ন দেখেন, পায়রাবন্দের প্রতিটি নারী জৈব সার তৈরি করে স্বাবলম্বী হবেন। পায়রাবন্দ স্বাবলম্বী নারীদের মডেল এলাকা হিসেবে পরিচিতি পাবে। নিজের বর্তমান অবস্থানের কথা বলতে গিয়ে সেই কৃষি কর্মকর্তাকে ধন্যবাদ জানাতে ভুললেন না তিনি। বললেন, ‘আমার এই সাফল্যে হামিদুর স্যারের অবদান আছে।’
হামিদুর রহমান বললেন, ‘জৈব সার ব্যবহারের উদ্দেশ্য হলো মাটির স্বাস্থ্য সুরক্ষা, উৎপাদন বৃদ্ধি ও দূষণমুক্ত ফসল উৎপাদন। প্রান্তিক নারীরা এ কাজ করে স্বাবলম্বী হয়েছেন। তাঁদের সঙ্গে থাকতে পেরে আমি আনন্দিত।’
পায়রাবন্দ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রেজাউল করিম বলেন, ‘আমাদের এলাকার একজন নারী যখন বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার পান, তখন গর্বে বুক ভরে ওঠে। আনিছা শুধু পায়রাবন্দের নন, রংপুর তথা এই দেশেরই গর্ব।’