জোনায়েদ সাকির ওপর হামলার প্রতিবাদে বরিশালে বিক্ষোভ
চট্টগ্রাম মেডিকেল কলেজে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকির ওপর ছাত্রলীগের সন্ত্রাসী হামলার প্রতিবাদে বরিশালে বিক্ষোভ সমাবেশ করেছে গণসংহতি আন্দোলন। আজ বুধবার বেলা ১১টার দিকে নগরের সদর রোডের অশ্বিনীকুমার হল চত্বরের সামনে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেন সংগঠনটির নেতা-কর্মীরা।
সমাবেশে বক্তারা বলেন, চট্টগ্রামে বিএম কনটেইনার ডিপোর অগ্নিকাণ্ড দেশের জন্য আরেকটি কলঙ্কজনক অধ্যায়। দেশের অর্থনীতির প্রধান চালিকা শক্তি শ্রমিকেরা। কিন্তু এ দেশে শ্রমিকের মূল্য কম। এর আগেও বিভিন্ন অগ্নিকাণ্ডে অর্ধশতাধিক শ্রমিক নিহত হয়েছেন। কিন্তু শ্রমিকদের নিরাপদ কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়নি। উল্টো শ্রমিকদের লাশের মূল্য ৫০ হাজার টাকা নির্ধারণ করে জনগণের সঙ্গে তামাশা করা হয়েছে।
বক্তারা আরও বলেন, গতকাল মঙ্গলবার গণতন্ত্র মঞ্চের নেতারা আহত ব্যক্তিদের দেখতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে গেলে তাঁদের ওপর বর্বরোচিত হামলা চালায় ছাত্রলীগ। হামলায় গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি নাকে ও হাতে আঘাত পান। বক্তারা এ ঘটনার তীব্র নিন্দা জানান। তাঁদের দাবি, দেশ আজ আওয়ামী ফ্যাসিবাদের কবলে পতিত, রক্তাক্ত। ন্যূনতম যেকোনো গণতান্ত্রিক কর্মসূচিতেও ছাত্রলীগ হামলে পড়ছে। জোনায়েদ সাকির প্রাণনাশের উদ্দেশ্যে এ হামলা করা হয় বলেও অভিযোগ করেন তাঁরা।
সমাবেশে বক্তারা আরও বলেন, গুন্ডা বাহিনী দিয়ে তাঁদের কণ্ঠ রোধ করা যাবে না। জনগণ তাঁদের সঙ্গে আছে। জনগণের কণ্ঠ রোধ করার যেকোনো হামলা রাজপথে প্রতিহত করা হবে। অবিলম্বে হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও বিচারের আওতায় আনতে হবে। তাঁদের লক্ষ্য, আওয়ামী ফ্যাসিবাদের হাত থেকে দেশকে রক্ষা করা ও রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তরের লক্ষ্যে বৃহত্তর ঐক্য গড়ে তোলা।
গণসংহতি আন্দোলনের বরিশাল জেলার আহ্বায়ক দেওয়ান আবদুর রশিদের সভাপতিত্বে ও সংগঠনের সদস্য সাকিবুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন জেলা কমিটির সদস্যসচিব আরিফুর রহমান, সদর উপজেলার সদস্যসচিব ইয়াসমিন সুলতানা, ছাত্র ফেডারেশনের বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক জামান কবির, বরিশাল জেলা সভাপতি জাবের মোহাম্মদ, সহসভাপতি হাসিব আহমেদ প্রমুখ।
‘দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির চাপে দেশের মানুষ আজ নাকাল’ উল্লেখ করে সমাবেশে বক্তারা বলেন, শ্রমিকেরা তাঁদের প্রাপ্য মজুরি দিয়ে জীবন যাপন করতে পারছেন না। এ জন্য গত কয়েক দিন মিরপুরের শ্রমিকেরা রাজপথে আন্দোলন করছেন। তাঁদের ন্যায্য আন্দোলনে পুলিশ বাধা দিয়েছে। প্রধানমন্ত্রী তাঁদের জীবন-জীবিকা নিয়ে হুমকি দিচ্ছেন। এই হুমকি-ধমকিতে উৎসাহিত হয়ে ছাত্রলীগ দেশের বিভিন্ন জায়গায় সন্ত্রাসী হামলা চালাচ্ছে। তারা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত করেছে। দেশের সব গণতান্ত্রিক অধিকার আজ ভূলুণ্ঠিত। সম্মিলিত আন্দোলনের মাধ্যমে দেশকে ফ্যাসিবাদের কবল থেকে মুক্ত করতে হবে। এ জন্য রাজপথে সংগ্রামের কোনো বিকল্প নেই। পরে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।