জোর করে ভোট নিতে চাই না: পরিকল্পনামন্ত্রী
জনগণের প্রতি বিশ্বাস আছে, তাই জোর করে ভোট নিতে চান না বলে মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। তিনি বলেন, ‘আমরা আর কিছু চাই না, এলাকার উন্নয়নের জন্য কাজ করতে চাই, কাজের সুযোগ চাই। ভোটের মাধ্যমে আপনারা সে সুযোগ দেবেন—এটা আশা করছি।’
আজ রোববার সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের ঘোষগাঁও উচ্চবিদ্যালয় মিলনায়তনে এক সভায় এ কথা বলেন পরিকল্পনামন্ত্রী। স্কুলটির পরিচালনা কমিটির আয়োজনে সুধীজনের সঙ্গে এ মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন এম এ মান্নান।
সরকার দলীয় বিবেচনায় কোনো উন্নয়ন করে না মন্তব্য করে পরিকল্পনামন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকার উন্নয়নের সরকার। উন্নয়ন হয় দেশের জন্য, জনগণের জন্য।
তিনি আরও বলেন, আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার গ্রামের পিছিয়ে পড়া জনগোষ্ঠীসহ সারা দেশের মানুষের জীবনযাত্রার মানোন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে। দেশকে বিশ্বের বুকে অনন্য মর্যাদায় নিয়ে গেছেন শেখ হাসিনা।
আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রসঙ্গ তুলে পরিকল্পনামন্ত্রী বলেন, ‘আগামীতে আমি আসি বা না আসি সেটা বড় কথা নয়। বড় কথা হলো নৌকা আসবে, আওয়ামী লীগ আসবে, শেখ হাসিনা আসবেন। শেখ হাসিনা চাইলে, আপনারা চাইলে, আমি আসব।’
ঘোষগাঁও উচ্চবিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিমের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকমল হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাজেদুল ইসলাম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান প্রমুখ।
পরে পরিকল্পনামন্ত্রী স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) বাস্তবায়নে রানীগঞ্জ ইউনিয়নের ঘোষগাঁও-টিয়ারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সড়ক, ঘোষগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সড়ক, ইছগাঁও-রানীগঞ্জ সড়ক এবং শিবগঞ্জ-পাইলগাঁও ভায়া রমাপতিপুর গ্রামের সড়ক উদ্বোধন করেন। এ সময় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উপজেলা প্রকৌশলী গোলাম সারোয়ার, রানীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছদরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।