জোড়া লাগা যমজ শিশুর জন্ম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরিশালের গৌরনদী উপজেলা সদরে একটি ক্লিনিকে অস্ত্রোপচারের মাধ্যমে পেটে জোড়া লাগা যমজ শিশুর জন্ম হয়েছে
ছবি: প্রথম আলো

বরিশালের গৌরনদী উপজেলা সদরে পেটে জোড়া লাগা যমজ শিশুর জন্ম হয়েছে। আজ বৃহস্পতিবার ওই দুই নবজাতককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। গতকাল বুধবার বিকেলে গৌরনদী উপজেলা সদরের মৌরী ক্লিনিকে অস্ত্রোপচারের মাধ্যমে জোড়া লাগা যমজ শিশুর জন্ম হয়।

জোড়া লাগা যমজ মেয়ে নবজাতকের মায়ের নাম হালিমা বেগম। তিনি বরিশালের মুলাদী উপজেলার বাটামারা ইউনিয়নের সেলিমপুর গ্রামের মো. আবু জাফরের স্ত্রী। তাঁর অস্ত্রোপচার করেন ক্লিনিকটির চিকিৎসক তানজিদ রহমান। তিনি বলেন, গতকাল আবু জাফর তাঁর স্ত্রী হালিমা বেগমকে ক্লিনিকে ভর্তি করান। বিকেলে সফল অস্ত্রোপচারের মাধ্যমে জোড়া লাগা দুটি কন্যাশিশু জন্ম দেন হালিমা বেগম। ওই যমজ শিশু ও তাদের মা সুস্থ আছেন। গৌরনদীতে জোড়া লাগানো যমজ শিশুর চিকিৎসার ব্যবস্থা নেই বলে সন্ধ্যায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক সৌরভ বলেন, অস্ত্রোপচারের মাধ্যমে জোড়া লাগা শিশু দুটি আলাদা করতে হবে। দেশে এ চিকিৎসা থাকলেও বরিশালে নেই। এর আগে দেশে অস্ত্রোপচারের মাধ্যমে জোড়া লাগানো মাথা আলাদা করা হয়েছে। আশা করা হচ্ছে, এই শিশু দুটিকেও আলাদা করা সম্ভব। তাই আজ যমজ শিশু দুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।

যমজ নবজাতকের বাবা আবু জাফর পুরান ঢাকায় ব্যবসা করতেন। করোনার কারণে বছরখানেক আগে ব্যবসায় গুটিয়ে এলাকায় চলে আসেন তিনি। এখন ভ্যান চালিয়ে কোনো রকম সংসার চালান। জোড়া লাগানো যমজ শিশুর চিকিৎসা করার মতো তাঁর সামর্থ্য নেই। আবু জাফর বলেন, ‘চিকিৎসক কইছে সন্তান দুইডা বাঁচাতে অইলে জরুরিভাবে অপারেশন করাইতে অইবে, হেইয়া নাকি অনেক খরচ। মোর সন্তান দুইডা বাঁচাতে সরকার ও সমাজের বিত্তবান মানুষের কাছে মুই সাহায্য চাই।’