
নদীভাঙনে ক্ষতিগ্রস্ত হওয়ায় বিদ্যালয়ের ভবনটি ব্যবহারের অনুপযোগী হয়ে গেছে। পাশে বাড়িভাড়া নেওয়া হয়েছে। সেখানে জায়গা না হওয়ায় বিদ্যালয়ে জোড়াতালি দিয়ে তিনটি টিনের ঘর ও একটি ছাপরা বানানো হয়েছে। এতে ভোগান্তিতে আছেন শিক্ষক ও শিক্ষার্থীরা।
এভাবেই চলছে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার পাচুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কার্যক্রম। বিদ্যালয় সূত্রে জানা গেছে, ১৮৮৫ সালে উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের পাচুরিয়া গ্রামে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করা হয়। ২০০৪-০৫ অর্থবছরে বিদ্যালয়ে তিন কক্ষবিশিষ্ট ভবন নির্মাণ করা হয়। তবে ২০১৬ সালের জুন মাসে ভবনটির পেছনের অংশ নদীগর্ভে চলে যায়। ভবনটি পরিত্যক্ত হয়ে পড়ে। পরের মাসে গ্রামের ইবাদত মোল্লার বাড়ি ভাড়া নেওয়া হয়। চলতে থাকে বিদ্যালয়ের কার্যক্রম। তবে সেখানে জায়গা না হওয়ায় পাঠদান চরমভাবে ব্যাহত হয়।
একপর্যায়ে এলাকার গণ্যমান্য ব্যক্তিদের আর্থিক সহযোগিতায় বিদ্যালয়ের জন্য ২৪ শতক জমি কেনা হয়। গত বছরের জুলাই মাসে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে ওই জায়গায় ঘর তোলার জন্য তিন লাখ টাকা অনুদান দেওয়া হয়। মূসক কর্তনের পর আড়াই লাখ টাকা পায় বিদ্যালয় কর্তৃপক্ষ। সেই টাকায় ওই জমিতে একটি টিনের ঘর তোলা হয়।
বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি শহিদুল ইসলাম বলেন, ওই ঘরের একটি কক্ষে বিদ্যালয়ের দাপ্তরিক এবং বাকি দুটি কক্ষে পাঠদান কার্যক্রম চালানো হয়। তবে দুটি কক্ষে পাঠদান সম্ভব না হওয়ায় পাশে একটি ছাপরা তোলা হয়। দুই পালায় চলছে পাঠদান। অর্থ সংকটের কারণে বিদ্যালয়ের জমিতে মাটি ভরাট করা যাচ্ছে না।
গত রোববার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে গিয়ে দেখা যায়, চারদিকে ফসলি জমি, এর মাঝে নিচু জমিতে তোলা হয়েছে চৌচালা ঘর। শ্রেণিকক্ষ সংকটের কারণে পাশেই তোলা হয়েছে ছোট্ট ছাপরা। সেই ঘরে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের পড়াচ্ছেন সহকারী শিক্ষক আবদুর রহিম। ঘরটি খোলামেলা হওয়ায় কনকনে ঠান্ডা বাতাস ভেতরে ঢুকছে। শিক্ষার্থীরা জবুথবু হয়ে বসে শিক্ষকের কথা শুনছে।
এ সময় কথা হলে শিক্ষক আবদুর রহিম জানান, দুটি শ্রেণিকক্ষে পাঠ দেওয়া সম্ভব নয়। এ কারণে ছাপরায় কোনো রকমে পাঠদান করা হচ্ছে। এই শীতের মধ্যে এভাবে ক্লাস করতে কোমলমতি শিশুদের সমস্যা হচ্ছে। ছাত্রছাত্রীদের উপস্থিতিও কমে গেছে।
বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী সিঁথি রানি শীল বলে, ‘শীতের মধ্যে আমাগো ক্লাস করতে কষ্ট হয়। আমাগো স্কুলে একটা বিল্ডিং (ভবন) দরকার।’
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবদুল মালেক বলেন, ১৩৩ বছরের পুরোনো এই বিদ্যালয়ের ফলাফল ভালো। গত বছর সমাপনী পরীক্ষায় ২৬ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। তিনি বলেন, কক্ষ সংকটের কারণে বিদ্যালয়ে পাঠদান চরমভাবে ব্যাহত হচ্ছে। বিদ্যালয়ের ভবন নির্মাণের জন্য জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কাছে আবেদন করা হয়েছে।
প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আলেয়া ফেরদৌসী বলেন, ওই বিদ্যালয়সহ আরও কয়েকটি বিদ্যালয়ের ভবন নির্মাণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বরাদ্দ চেয়ে পত্র পাঠানো হয়েছে। বরাদ্দ পেলে ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হবে।