জোয়ারে তলিয়ে যায় র্যাম্প, পন্টুনে গাড়ি ওঠা-নামায় বিঘ্ন
মেঘনা নদীর শরীয়তপুর-চাঁদপুর নৌপথের আলুর বাজার ফেরিঘাটের পন্টুনের র্যাম্প জোয়ারের পানিতে তলিয়ে যাচ্ছে। এ কারণে প্রতিদিন দুই দফা ঘাটের একটি পন্টুন দিয়ে ফেরিতে ওঠা–নামা বন্ধ রাখতে হচ্ছে। এতে ভোগান্তিতে পড়েন চালক ও যাত্রীরা।
শনিবার সকালে র্যাম্প তলিয়ে যায়। এতে ঘাটের একটি পন্টুন দিয়ে ফেরিতে গাড়ি ওঠা–নামা চার ঘণ্টা বন্ধ থাকে। প্রতিদিন এমন ঘটনা ঘটায় ভোগান্তি পোহাচ্ছে মানুষ।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিটিসি) সূত্র জানায়, দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার স্থলবন্দর বেনাপোল ও ভোমরা এবং নৌবন্দর মোংলা ও পায়রার পণ্যবাহী ও যাত্রীবাহী পরিবহন শরীয়তপুর-চাঁদপুর সড়ক হয়ে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলায় চলাচল করে। দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ব্যবসায়ীরা চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিভিন্ন জেলায় পণ্য পরিবহনের জন্য চাঁদপুর-শরীয়তপুর নৌপথ ব্যবহার করেন। ওই যানবাহনগুলো শরীয়তপুরের আলুর বাজার ও চাঁদপুরের হরিনা ফেরিঘাট দিয়ে মেঘনা নদী পারাপার হয়। ওই ফেরিঘাটে যানবাহন পারাপারের জন্য ৬টি ফেরি আছে। এর মধ্যে একটি ফেরি বিকল হয়ে চাঁদপুরে বিআইডব্লিউটিসির ওয়ার্কশপে আছে।
সূত্র জানায়, ফেরিতে গাড়ি ওঠা-নামার জন্য দুটি পন্টুন আছে। মেঘনা নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় এক সপ্তাহ ধরে একটি পন্টুনের র্যাম্পে পানি উঠে যাচ্ছে। সকাল ৬টা থেকে ১০টা এবং সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত পানি উঠে র্যাম্প তলিয়ে যায়। তখন ঘাটের একটি পন্টুন দিয়ে ফেরিতে গাড়ি ওঠা-নামা বন্ধ রাখতে হয়।
শনিবার সকাল ৯টার দিকে খুলনা থেকে চট্টগ্রাম যাওয়ার পথে জিএস পরিবহনের একটি বাস পন্টুনে ওঠার সময় র্যাম্পে আটকে যায়। এ কারণে ওই পন্টুন দিয়ে কোনো যানবাহন ফেরিতে ওঠা-নামা করতে পারেনি। দুপুর ১২টার দিকে শ্রমিকেরা বাসটি র্যাম্প থেকে সরিয়ে নেন। তখন পন্টুন দিয়ে ফেরিতে গাড়ি ওঠা-নামা শুরু হ
জিএস পরিবহনের সুপারভাইজার লিটু মিয়া বলেন, ‘পানিতে র্যাম্প তলিয়ে ছিল। আমাদের ধারণা ছিল, গাড়িটি ফেরিতে ওঠানো যাবে। কিন্তু পানিতে র্যাম্প উঁচু হয়ে যাওয়ায় গাড়ি আটকে পড়ে। আবার ভাটার সময় র্যাম্প নেমে গেলে গাড়িটি সরিয়ে নেওয়া হয়।’
আলুর বাজার ফেরিঘাটের ইজারাদার ও চরসেনসাস ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জিতু মিয়া ব্যাপারী বলেন, ‘প্রতিবছর বর্ষায় নদীতে পানি বৃদ্ধি পায়। তখন জোয়ারের সময় ঘাটের একটি র্যাম্প পানিতে তলিয়ে যায়। ওই ঘাটের পন্টুন ও র্যাম্প উঁচু করার অনেক অনুরোধ করেছি। কিন্তু কোনো গুরুত্ব দেওয়া হচ্ছে না।’
বিআইডব্লিটিসির আলুর বাজার ফেরিঘাটের ব্যবস্থাপক আবদুল মোমেন প্রথম আলোকে বলেন, বাংলাবাজার-শিমুলিয়া নৌপথে ফেরিতে পণ্যবাহী গাড়ি পারাপারে কিছু বিধিনিষেধ থাকায় আলুর বাজার ঘাটে গাড়ির চাপ বেড়েছে। তার ওপর একটি ফেরি বিকল। আর জোয়ারের পানিতে পন্টুনের র্যাম্প তলিয়ে মাঝেমধ্যে একটি পন্টুন দিয়ে গাড়ি ওঠা-নামা বন্ধ রাখতে হচ্ছে। র্যাম্পটি উঁচু করার কাজ চলছে।