জোয়ারের তোড়ে উজিরপুরে ৪ ইউনিয়নের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে সৃষ্ট জোয়ারে বরিশালের উজিরপুর উপজেলার সন্ধ্যা নদীর পানি বেড়ে উজিরপুর-সাতলা বেড়িবাঁধ সড়ক ভেঙে গেছে। উপজেলার সাতলা, হারতা, বরাকোঠা ও ওটরা ইউনিয়নের সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। আজ বৃহস্পতিবার সকালে তোলা
ছবি: প্রথম আলো

ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে সৃষ্ট প্রবল জোয়ারের তোড়ে বরিশালের উজিরপুর উপজেলার উজিরপুর-সাতলা বেড়িবাঁধ সড়ক ভেঙে গেছে। এতে চারটি ইউনিয়নের সঙ্গে সড়ক যোগাযোগ হয়েছে বিচ্ছিন্ন। ক্ষতিগ্রস্ত হয়েছে ১০ গ্রামের মানুষ।

স্থানীয় বাসিন্দারা জানান, ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে গত কয়েক দিনে সন্ধ্যা নদীর পানি বাড়তে থাকে। গতকাল বুধবার দুপুরে বিপৎসীমার ওপর দিয়ে পানি প্রবাহিত হয়। পানির চাপে সড়ক উপচে সাতলা, বরাকোঠা, ওটরা ও হারতার বিভিন্ন গ্রাম প্লাবিত হয়েছে। বেড়িবাঁধ ভেঙে বরিশাল জেলা ও উজিরপুর উপজেলা সদরের সঙ্গে সাতলা, বরাকোঠা, ওটরা ও হারতা ইউনিয়নের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। এতে পানিবন্দী হয়ে পড়েছে চারটি ইউনিয়নের প্রায় ৫০ হাজার মানুষ।

আজ বৃহস্পতিবার সকালে সরেজমিনে দেখা যায়, উজিরপুরের সাতলা সড়কটির সাকরাল, নারিকেলবাড়ি, চতলবাড়িসহ বিভিন্ন পয়েন্টে পানি উপচে পড়ে সড়ক ডুবে গেছে। উজিরপুর সাতলা সড়কের বরাকোঠা ইউনিয়নের চতলবাড়ি ও ডাবেরকুলের মধ্যবর্তী মৃধাবাড়ির সামনের পাকা রাস্তাটি ভেঙে বিচ্ছিন্ন হয়ে গেছে। এ সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ আছে।

বরাকোঠা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সহিদুল ইসলাম মৃধা বলেন, সড়ক বিচ্ছিন্ন হওয়ার পরপরই এলাকাবাসী বালুর বস্তা ফেলে ভাঙন ঠেকানোর চেষ্টা করেন। কিন্তু পানির চাপ বেশি থাকায় তা সম্ভব হয়নি।

এ বিষয়ে উজিরপুর উপজেলা প্রকৌশলী মীর মাহিদুল ইসলাম বলেন, বিচ্ছিন্ন সড়কে যানবাহন চলাচলের জোর চেষ্টা চলছে। তবে পানির চাপ থাকায় সংস্কারকাজ বিলম্বিত হচ্ছে। তারপরও কাজ চলছে, আজকের মধ্যে সড়কটিতে যানবাহন চলাচলের ব্যবস্থা করা হবে।