জৌলুশ হারিয়েছে মহারাজা গিরিজানাথের শহর

স্বাধীনতার ৫০ বছরে রাজধানী ঢাকা যেমন বড় হয়েছে, তেমনি সম্প্রসারিত হয়েছে দেশের পুরোনো শহরগুলোও। বড় শহরের পরিবর্তন ও বাসযোগ্যতা নিয়ে ধারাবাহিক আয়োজন।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিনাজপুর রাজবাটি দরবার মহলের সামনের অংশ। সংস্কারের অভাবে জরাজীর্ণ হয়ে আছে। গত রোববার সকালে
ছবি: রাজিউল ইসলাম

ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনামলের শুরুর দিকেও আদি জেলা শহরগুলোর অন্যতম ছিল দিনাজপুরের ঘোড়াঘাট। পলাশী যুদ্ধের প্রায় আট বছর পর নবাবি শাসনের সঙ্গে পতন হয় ঘোড়াঘাট নগরের। পরে ইংরেজরা ঘোড়াঘাট থেকে দিনাজপুরের রাজবাটিতে তাদের প্রশাসনিক কার্যক্রম স্থানান্তর করে। ধারণা করা হয়, এই অঞ্চলে দিনারাজ নামের এক রাজা ছিলেন। পরে ব্রিটিশরা রাজার সম্মানার্থেই জেলার নাম রাখেন দিনাজপুর। সেটি ১৭৮৬ সালের কথা।

গানে গানে দিনাজপুরে আসার আমন্ত্রণ জানিয়েছেন স্থানীয় কবি, ‘ওরে বাংলাদেশের মানুষগুলা থাকিল তোমহার নিমন্তন, দিনাজপুর ভাই বেড়েয়া যান। ওরে কান্তনগর-সুখসাগর, রাজবাটি আর রামসাগর দেখিলে ভাই জুড়ায় যাবে প্রাণ।’ গানের কথায় জেলার সৌন্দ‌র্যের কিছুটা ধারণা পাওয়া যায়। আমজাদ আলীর সেই গান মুখে মুখে বেঁচে থাকলেও দিনাজপুরের সেই ঐতিহ্য এখন মৃতপ্রায়।

সংস্কারের অভাবে ধ্বংসের মুখে রাজবাটি, পরিকল্পনার অভাবে পর্যটকশূন্য রামসাগর আর কান্তনগর। আড়াই শ বছরের পুরোনো শহরের বর্তমান রাস্তাগুলো পরিণত হয়েছে খানাখন্দে ভরা গ্রামীণ মেঠো পথে। অপরিকল্পিত নগরায়ণে কালে কালে খেলার মাঠ, পুকুর, খাল-জলাশয় হারিয়ে যাচ্ছে। শহরের পানিনিষ্কাশনের প্রধান দুটি খাল ঘাগড়া ও গিরিজা ভরাট করে গড়ে উঠেছে সুদৃশ্য অট্টালিকা। শহরের মধ্যে দূরপাল্লার বাস কাউন্টার, সকাল থেকে রাত পর্যন্ত তীব্র যানজট, অস্বাস্থ্যকর পয়োনালাব্যবস্থা আর ময়লা-আবর্জনার ঘূর্ণিপাকে অতিষ্ঠ নাগরিক জীবন। জেলায় কেবল কৃষিতে উল্লেখযোগ্য কিছু সাফল্য আছে।

সংকটে ঘাগড়া ও গিরিজা খাল

দিনাজপুর শহরের প্রায় মধ্যভাগ দিয়ে প্রবাহিত হয়েছে খাল দুটি। তবে ইতিহাস বলছে, বর্তমানের ঘাগড়া খাল পুনর্ভবা নদীরই একটি উপনদী। বর্তমান শহরটি দুই খালের উভয় পাড় ঘিরেই সম্প্রসারিত হয়েছে। শহরে মানুষ বসবাসের উপযোগী করে তুলতে দিনাজপুর রাজবংশের দশম উত্তরাধিকারী তৎকালীন মহারাজা গিরিজানাথ কিছু পরিকল্পনা গ্রহণ করেছিলেন। এর মধ্যে শহরের ময়লা পানি নিষ্কাশনে খাল দুটির সংস্কার, স্কুল প্রতিষ্ঠা, বেঙ্গল সংগীত সমাজ, সাহিত্য সম্মিলনী পরিষদ গঠন করেন। সর্বশেষ দিনাজপুর মিউনিসিপ্যালিটির পরপর তিনবার চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করে কিছু পরিকল্পনাও গ্রহণ করেছিলেন মহারাজা গিরিজানাথ।

শহরে বসবাসকারী বয়োবৃদ্ধরা বলছেন, অতীতে এ জেলা কখনো বন্যায় প্লাবিত হয়নি। অথচ ২০১৭ সালের বন্যায় প্রায় এক সপ্তাহ পুরো শহর পানিতে ডুবে ছিল। এর কারণ হিসেবে শহরের পানিনিষ্কাশনের প্রধান দুটি খাল দখল ও ভরাট হয়ে যাওয়াকে দায়ী করছেন তাঁরা।

সর্বশেষ ২০১৯ সালের ডিসেম্বরে ১ কোটি ৩৪ লাখ টাকা ব্যয়ে পাউবো ঘাগড়া খাল সংস্কারের উদ্যোগ নিয়ে টিনশেড, আধপাকা বাড়ি, দ্বিতল, একতলা ভবনসহ মোট ৫৪৯টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করে। সে বছর বর্ষা মৌসুম শুরু হওয়ায় অসমাপ্তই থেকে যায় সংস্কারকাজ। এদিকে মাত্র দেড় বছরের মাথায় সেই খাল পুনরায় দখল হয়ে ফিরে গেছে আগের অবস্থায়।

অপরিকল্পিত দালানকোঠায় ভরা

শহরের গোড়াপত্তনকালে দালানকোঠা বলতে শহরের মাঝামাঝি ছিল দেবী সিংহের বাড়ি, রায়সাহেব জমিদারবাড়ি, খাঁ সাহেব জমিদারবাড়ি, গোলকুঠিতে জমিদার কেশরী বিবির বাড়ি। বাকি সব ছিল মাটির ঘর। সেই শহরের মাঝামাঝি কোনো ভবনের ছাদে দাঁড়ালে এখন চোখে পড়বে সারি সারি উঁচু ভবন। শহরের বালুবাড়ি, সুইহারি, ঈদগাহ বস্তি, ঘাসিপাড়া, বালুয়াডাঙ্গা এবং সাম্প্রতিক সময়ে মির্জাপুর এলাকায় নতুন বাড়ি করার কোনো জায়গা ফাঁকা নেই।

ইমারত নির্মাণ বিধিমালা উপেক্ষা করে দিনাজপুর শহরে নির্মিত হচ্ছে এসব ভবন। এমনকি বর্তমানে শহরে কতগুলো ভবন রয়েছে, তার সঠিক হিসাব নেই পৌর কর্তৃপক্ষের কাছে। তবে পৌরসভার নির্বাহী প্রকৌশলী মিজানুর রহমান জানান, গত আড়াই বছরে ৯০০ থেকে ১ হাজার ভবনের পরিকল্পনা পাস করেছেন তিনি।

শহরজুড়ে ময়লার স্তূপ

পৌরসভার হিসাবমতে, পৌর এলাকায় নালা আছে ৫৫ হাজার ৯৮৭ মিটার। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় প্রতিটি ওয়ার্ডের নালাগুলো ভেঙে গেছে। ময়লা-আবর্জনায় ভর্তি হয়ে আছে। নালা দিয়ে পানি প্রবাহিত না হওয়ায় সামান্য বৃষ্টিতেই পানি উপচে পড়ে রাস্তায়। শহরের কালিতলা, বালুয়াডাঙ্গা, পুলহাট বিসিক, সুইহারি এলাকায় প্রায় সারা বছরই রাস্তায় জমে থাকে ময়লা পানি।

সংস্কারহীন রাস্তাঘাট

দীর্ঘদিন সংস্কার না হওয়ায় বর্তমান পৌর শহরের এক-তৃতীয়াংশ রাস্তার পিচ উঠে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। তার ওপর দিয়েই চলছে মোটরবাইকসহ ভারী যানবাহন। বর্ষায় কাদা আর শুকনা মৌসুমে ধুলাবালির মধ্যে দুর্ভোগে পৌরবাসী।

লিলির মোড় থেকে বালুয়াডাঙ্গা শহীদ মিনার, ফুলবাড়ী বাসস্ট্যান্ড এলাকা, চৌরঙ্গী থেকে রামনগর হয়ে লালবাগ এলাকা, চারুবাবুর মোড় থেকে ক্ষেত্রীপাড়া, কোতোয়ালি থানার পেছন থেকে মালদহপট্টি হয়ে নিমতলা মোড়, ঘাসিপাড়া হয়ে চাউলিয়াপট্টি, ষষ্ঠীতলা থেকে বড় ময়দান এলাকার রাস্তাঘাট যান চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।

তীব্র যানজট

জেলা গেজেটিয়ারের তথ্যমতে, দিনাজপুরে প্রথম ‘রোলসরয়েস’ নামের একটি মোটরযান কেনেন তৎকালীন মহারাজা গিরিজানাথ। তারও আগে রাজবাটিতে অস্টিন কোম্পানির ৮-১০টি মোটরগাড়ি ছিল। সেই দিনাজপুর শহরে ট্রাক্টর আর ইজিবাইকের দৌরাত্ম্যে এখন অতিষ্ঠ মানুষ। শহরের প্রধান রাস্তার কালিতলা এলাকায় দূরপাল্লার বাসের ১৯টি কাউন্টার। এসব ইজিবাইক, ট্রাক্টর আর দূরপাল্লার বাসের কারণে শহরে তীব্র যানজট এখন রোজকার চিত্র।

২০১৬ সালে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় শহরে চলাচলের জন্য ৪ হাজার অটোরিকশাকে ২ হাজার ৮৭৫ টাকা নিয়ে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত হয়। সেই সঙ্গে অটোরিকশা নিয়ন্ত্রণে ১৪টি সিদ্ধান্ত নেওয়া হয়। পরে সদর উপজেলা পরিষদ কর্তৃপক্ষ অটোরিকশার নিবন্ধন দেওয়া শুরু করে। গৃহীত সিদ্ধান্তগুলো উপেক্ষিতই থেকে যায়।

পানি সরবরাহ সীমিত

চল্লিশের দশকে দিনাজপুর শহরে ১৫-২০ হাজার মানুষের বসবাস ছিল। সে সময় শহরের মানুষকে সুপেয় পানির সুবিধা দিতে ঢোপকল স্থাপন করেছিল দিনাজপুর মিউনিসিপ্যালিটি। শহরের বুটিবাবুর মোড়, ঘাসিপাড়া এলাকায় এখনো দেখা মিলে এই ঢোপকলের। স্থানীয়রা বলছেন, একটা সময় দিনাজপুর শহরে দুই শতাধিক পুকুর ছিল। পানির অসুবিধা হতো না।

একবিংশ শতাব্দীতে এসে পৌরসভায় বসবাসকারী মানুষের সংখ্যা প্রায় তিন লাখ। মোট ১৪টি পানির পাম্পের সাহায্যে সাড়ে ৪ হাজার মানুষকে দেওয়া হচ্ছে সাপ্লাইয়ের পানিসুবিধা। দিনে দুবার পানি সরবরাহ করা হয়। অনেকে পর্যাপ্ত পানিসুবিধা না পেয়ে নিজস্ব ব্যবস্থাপনায় বাসাবাড়িতে পানির ব্যবস্থা করেছেন।

একনজরে দিনাজপুর

১৯৯০ সালে প্রথম শ্রেণির পৌরসভার মর্যাদা লাভ করে দিনাজপুর।

২৬.৫ বর্গকিলোমিটার আয়তন নিয়ে পৌর এলাকা।

১২টি ওয়ার্ডে ৩ লক্ষাধিক মানুষের বাস।

পৌরসভার হিসাব অনুযায়ী, হোল্ডিং ২৯ হাজার ২৬৭টি।

শিক্ষা ও স্বাস্থ্যব্যবস্থা

পৌরসভার বাসিন্দারা বলছেন, গত এক দশকে ‍দিনাজপুরে উচ্চশিক্ষার সুযোগ বেড়েছে। হাজী দানেশ বিশ্ববিদ্যালয়, একটি মেডিকেল কলেজ, তিনটি সরকারি কলেজ, টেক্সটাইলস কলেজ, পলিটেকনিক ইনস্টিটিউট, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের পাশাপাশি বেড়েছে বেসরকারি স্কুল-কলেজের সংখ্যাও।

জেলার শিক্ষাব্যবস্থা নিয়ে লোকসংস্কৃতি গবেষক বীরগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যক্ষ মাসুদুল হক বলেন, নব্বইয়ের দশকের পরে শিক্ষাপ্রতিষ্ঠান বাড়তে শুরু করে। কিন্তু শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও শিক্ষা হয়েছে নামসর্বস্ব।

শহরে রয়েছে এম আবদুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল এবং ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল। দুটি হাসপাতালে প্রতিদিন দেড় হাজারের বেশি মানুষ বহির্বিভাগে চিকিৎসা নেন। হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা নেন ৪৫০-৫০০ জন। চিকিৎসক-সংকটে ব্যাহত হচ্ছে চিকিৎসাসেবা। হাসপাতাল সূত্রে জানা যায়, এম আবদুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসক দরকার ১৯০ জন, সেখানে বর্তমানে আছেন ৭৬ জন। অন্যদিকে জেনারেল হাসপাতালের অর্গানোগ্রাম অনুযায়ী চিকিৎসক প্রয়োজন ৫৯ জন। সেখানে তত্ত্বাবধায়ক, আবাসিক চিকিৎসা কর্মকর্তাসহ আছেন ১৮ জন।

সাফল্য আছে কৃষিতে

‘চাল লিচুতে ভরপুর জেলার নাম দিনাজপুর’ স্লোগানকে দিয়ে জেলার ব্র্যান্ডিং করা হয়েছে। এর থেকেই বোঝা যায়, জেলার অর্থনীতি মূলত কৃষিকে ঘিরেই আবর্তিত। কৃষি বিভাগের তথ্যমতে, জেলায় উৎপাদিত চাল নিজ জেলার প্রয়োজন মিটিয়ে প্রায় ৯ লাখ মেট্রিক টন উদ্বৃত্ত থাকে। যা অন্যান্য জেলায় সরবরাহ হয়।

শুধু ধান নয়, পাশাপাশি ভুট্টা, আলু, টমেটো এবং মৌসুমি ফল হিসেবে এ জেলায় আম ও লিচু চাষের আধিক্য রয়েছে। ২০১৯-২০ অর্থবছরে ৭৮ হাজার ৬৩২ হেক্টর জমিতে ৮ লাখ ৩১ হাজার ২৬৫ মেট্রিক টন ভুট্টা উৎপাদন হয়েছে। অন্যদিকে বোম্বাই, মাদ্রাজী, বেদানা, চায়না-থ্রীসহ বিভিন্ন জাতের লিচুর চাষও বেড়েছে। প্রতি মৌসুমে প্রায় ৪০০ কোটি টাকার লিচু বেচাকেনা হয় এই জেলায়।

বিনোদনের জায়গাও সীমিত

পৌর এলাকায় ১৫টির বেশি খেলার মাঠ ছিল। যোগেনবাবুর মাঠ, রামনগর মাঠ, সুইহারি, লালবাগ বালুবাড়ি, রাজবাটির মাঠ এখন মৃতপ্রায়। মাঠগুলো দখল হয়ে বাসাবাড়িতে ভরে গেছে। বিকেল হলেই মাঠগুলোতে কত রকমের আড্ডা, খেলাধুলা হতো। এভাবেই বলছিলেন শহরের প্রবীণ ব্যক্তি আবুল কালাম আজাদ (৭৯)।

পৌরসভার নিয়ন্ত্রণাধীন পৌর শিশুপার্কটিও সংস্কারের অভাবে মুখ থুবড়ে পড়েছে। ১৯৮০ সালে পার্কটি নির্মাণ করা হয়েছিল। দীর্ঘদিন সংস্কারের অভাবে সেই পার্কটির শুধু দেয়ালটাই চোখে পড়বে। সেখানে শিশুদের বিনোদনের কোনো ব্যবস্থা নেই। বর্তমানে শহরের মানুষের বিনোদনের একমাত্র স্থান ২২ একর জমির ওপর দিনাজপুর গোড়-এ-শহীদ বড় মাঠ।

পর্যটনের সম্ভাবনা

দিনাজপুরের কান্তজিউ মন্দির, রাজবাটি আর ঐতিহ্যবাহী রামসাগরের কথা সবারই জানা। জেলার অর্থনীতি কৃষিনির্ভর হলেও পর্যটক আকর্ষণের অপার সম্ভাবনা রয়েছে। কিন্তু তৎকালীন মহারাজাদের সময়কার এসব নিদর্শন দীর্ঘ সময় ধরে সংস্কারের অভাবে জরাজীর্ণ অবস্থায় রয়েছে।

পৌর মেয়রের কথা

পৌর মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম বলেন, ‘এটি অনেক বড় একটি পৌরসভা। সেই তুলনায় উন্নয়ন বরাদ্দ অপ্রতুল। রাজনৈতিক বিবেচনায় বরাদ্দ কম পেয়েছি। তবে সাম্প্রতিক সময়ে নগর উন্নয়ন প্রকল্পের মাধ্যমে ১৫ কোটি টাকা বরাদ্দ হয়েছে। ৭ কোটি টাকার কাজ এখনো চলমান। এ ছাড়া বিশ্বব্যাংক থেকে একটি প্রকল্পের মাধ্যমে ৫০ কোটি টাকা এবং এমজিএসপি প্রকল্পের আওতায় ৩০০ কোটি টাকা বরাদ্দের জন্য একটি প্রকল্প প্রস্তাব জমা দেওয়া হয়েছে। এই বরাদ্দগুলো প্রস্তাব অনুযায়ী শহরের উন্নয়ন করা হবে।’

সাবেক মেয়র সফিকুল হক বলেন, দিনাজপুর শহরের ঐতিহ্য ছিল, সুনাম ছিল, সেটা হারিয়েছে। কারণ, শহরের উন্নয়ন ভাবনায় সমন্বয়হীনতা। মেয়র, সাংসদ ও স্থানীয় প্রশাসন কারও মধ্যে কোনো সমন্বয় নেই। ১৫ বছর ধরে শহরবাসী রাস্তাঘাট থেকে শুরু করে সব ক্ষেত্রেই দুর্ভোগ পোহাচ্ছে। দাতা সংস্থাগুলো দলীয় পরিচয়ে বরাদ্দ দেয় না। বরাদ্দ আনতেও যোগ্যতার প্রয়োজন।