জৌলুশ হারিয়েছে শত বছরের বালিকান্দি চামড়ার বাজার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাঁচা চামড়া রক্ষণাবেক্ষণে ব্যস্ত এক ব্যবসায়ী। বৃহস্পতিবার মৌলভীবাজারের বালিকান্দি চামড়া বাজারে।
ছবি: প্রথম আলো

শত বছরের ঐতিহ্য বাজারটির। বছরের একটা উৎসবকে ঘিরে শত শত মানুষের ছোটাছুটিতে রাতদিন একাকার। জমজমাট দোকানপাট। মনু নদের পাড়ে, গ্রামের ভেতর এমন চঞ্চলতাই ছিল বাজারটির প্রাণ। এই প্রাণের ছোঁয়া পেতে সারাটা বছর এলাকার মানুষ অপেক্ষাতেই থাকতেন। কিন্তু কয়েক বছর ধরে বাজারটি উৎসবের চেহারা হারিয়েছে। নেই রাতদিনের সেই পুরোনো ব্যস্ততা।

শত বছর আগে মৌলভীবাজারের চাঁদনীঘাট ইউনিয়নে মনু নদের তীর ঘেঁষে বালিকান্দি গোদারা ঘাট চামড়ার বাজার গড়ে ওঠে। বৃহস্পতিবার সরেজমিনে দেখা গেছে, বাজারের দু-তিনটি স্থানে চামড়া পরিষ্কার করে লবণ লাগানোর কাজ চলছে। তেমন লোকজন নেই। পর্যাপ্ত লবণের অভাবে নষ্ট চামড়া মনু নদে ফেলে দেওয়া হচ্ছে।

স্থানীয় ব্যবসায়ীরা জানালেন, সাত-আট বছর ধরে বালিকান্দি চামড়ার বাজার ধীরে ধীরে পড়তে শুরু করে। এই পতনের শুরু নাটোর ও ঢাকার আড়তদার ও ট্যানারির মালিকদের অসহযোগিতা থেকে। বাজারের বড় ব্যবসায়ীদের টাকা আটকে দেওয়ার অভিযোগ আছে তাঁদের বিরুদ্ধে। চামড়া বিক্রির টাকা না পাওয়ায় অনেক ব্যবসায়ী পুঁজি হারিয়ে ব্যবসা ছেড়েছেন। এ ছাড়া চামড়ার দরপতন ব্যবসা ছাড়তে বাধ্য করেছে অন্যদের। এত দিন যাঁরা গ্রামে গ্রামে ঘুরে চামড়া সংগ্রহ করতেন, তাঁরাও পেশাটি ছেড়ে দিয়েছেন। এতে যেমন জৌলুশ হারিয়েছে বালিকান্দি গোদারা ঘাট চামড়ার বাজার, তেমনি চামড়া নিয়ে বিড়ম্বনায় পড়তে হচ্ছে পশুমালিকদের। বিশেষ করে এই কোরবানির ঈদের সময়ে। বিক্রি তো দূরের কথা, কাউকে বিনা মূল্যেও চামড়া দিতে পারলেও যেন বেঁচে যান তাঁরা। অনেকেই এবার চামড়া মাটিতে পুঁতে ফেলেছেন। ক্ষুদ্র ব্যবসায়ী যাঁরা গরুর চামড়া কিনেছিলেন, তাঁরা প্রকৃত দাম পাননি।

বাজারের চার-পাঁচজন এখন চামড়া ব্যবসার সঙ্গে যুক্ত আছেন। তাঁদের একজন বালিকান্দি চামড়া ব্যবসায়ী সমিতির সভাপতি মো. শওকত। তিনি প্রথম আলোকে বলেন, এবার তিনি প্রায় দুই হাজার গরুর চামড়া কিনেছেন। প্রতিটি কাঁচা চামড়া বিক্রি করেছেন ১০০-২৫০ টাকায়। অথচ অন্যান্য খরচসহ কিনেছেন পৌনে ৩০০ থেকে সাড়ে ৩০০ টাকা দরে। ছাগলের চামড়া কেউ কেউ কেনেননি। পর্যাপ্ত লবণ না পেয়ে অনেকে চামড়া মাটিতে পুঁতে ফেলেছেন বা নদীতে ফেলে দিয়েছেন। বাজারটির জৌলুশ হারানোর বিষয়ে তিনি বলেন, ট্যানারির মালিকেরা টাকা আটকে দেন। চামড়ার প্রকৃত দাম পাওয়া যায় না। চামড়া পচনশীল পণ্য। চামড়া সংরক্ষণের ক্ষেত্রে যে রাসায়নিক দ্রব্যের প্রয়োজন, তা বাইরে থেকে আসে। তা–ও বড় কিছু ব্যবসায়ীর নিয়ন্ত্রণে। ছোট ব্যবসায়ীকে অনেক দামে সেই রাসায়নিক পদার্থ কিনতে হয়। সবকিছু শেষে যে মূল্য মেলে, তাতে পোষানো কঠিন। বাধ্য হয়ে অনেকে আর এ ব্যবসাতে নেই।