জ্ঞান ফিরলেই সন্তানের কথা জিজ্ঞেস করছেন শারমিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশাল উপজেলার কাজীর শিমলা এলাকায় গতকাল বুধবার সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে শারমিনের সাত মাস বয়সী একমাত্র সন্তান সিন্নাতুর নূর
ছবি: সংগৃহীত

এখনো বেশির ভাগ সময় হাসপাতালের বিছানায় অচেতন অবস্থায় কাটছে শারমিন আক্তার ওরফে অমির। একটু জ্ঞান ফিরলেই জিজ্ঞেস করছেন মেয়ের কথা। বলছেন, ‘আমার মেয়েকে কোথায় রেখেছ? আমার কাছে আসছে না কেন?’ মায়ের এমন আকুতিতে পাশে থাকা স্বজনেরা নানাভাবে তাঁকে বোঝাতে চেষ্টা করছেন। আবার অজ্ঞান হয়ে যাচ্ছেন তিনি।

গতকাল বুধবার দুপুর ১২টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশাল উপজেলার কাজীর শিমলা এলাকায় সড়ক দুর্ঘটনায় শারমিনের সাত মাস বয়সী একমাত্র সন্তান সিন্নাতুর নূর নিহত হয়েছে। দুর্ঘটনায় শারমিনেরও একটি পা হাঁটুর নিচ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়। শারমিনের স্বামী রুবেল মিয়াও আহত হয়ে তাঁর সঙ্গে রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) ভর্তি। এ দুর্ঘটনায় সাতজন আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শী ও আহত ব্যক্তিরা জানান, বাসটি বেপরোয়া গতিতে চলছিল। দুর্ঘটনাস্থলের কাছে আরেকটি বাসের সঙ্গে পাল্লা দিতে গিয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকটিতে আঘাত করে ওই বাস।

আহত শারমিন আক্তারের স্বজন ও পুলিশ জানায়, দুর্ঘটনায় গুরুতর আহত সিন্নাতুরকে ময়মনসিংহের একটি বেসরকারি হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়। আর শিশুটির মা শারমিনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাঁর ডান পা কেটে ফেলা হয়। রুবেলকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এরপর চিকিৎসকের পরামর্শে তাঁদের আনা হয় ঢাকার পঙ্গু হাসপাতালে।

শারমিন-রুবেল দম্পতির বাড়ি ময়মনসিংহ সদর উপজেলার সুতিয়াখালি গ্রামে। আজ বৃহস্পতিবার দুপুরে ওই বাড়িতে গিয়ে দেখা যায়, সেখানে সুনসান নীরবতা। শারমিনের মা–বাবা, শ্বশুরসহ সবাই ঢাকায় পঙ্গু হাসপাতালে আছেন। বাড়ির বাইরে শারমিনের স্বজন ও প্রতিবেশীরা জড়ো হয়ে খবরের কাগজে ছাপানো শারমিনের খবর ও ছবি দেখছেন।

শারমিনের দাদি আয়েশা খাতুন প্রথম আলোকে বলেন, এসএসসি পাসের পর কম বয়সেই একই গ্রামের রুবেল মিয়ার সঙ্গে শারমিনের বিয়ে হয়। স্বামীর সংসারে এসে তিনি উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে উচ্চমাধ্যমিকে ভর্তি হন। বিয়ের দুই বছর পর জন্ম হয় সিন্নাতুর নূরের। সিন্নাতুরের জন্মের পর আর সন্তান না নেওয়ার সিদ্ধান্ত নেন শারমিন-রুবেল দম্পতি। কারণ, স্নেহের সবটুকু দিয়ে এই মেয়েকেই বড় করতে চেয়েছিলেন তাঁরা। তবে তা আর হলো না।

শারমিনের দুলাভাই নুরে আলম বলেন, ঢাকায় পঙ্গু হাসপাতালে থাকা স্বজনদের সঙ্গে কিছুক্ষণ পরপর যোগাযোগ হচ্ছে। সকাল থেকেই শারমিনের ঘাড়ের ব্যথা শুরু হয়েছে। এ ছাড়া তাঁর অন্য পায়েও ব্যথা হচ্ছে। চিকিৎসকেরা সেই পা-ও পরীক্ষা করে দেখছেন।

নুরে আলম জানান, শারমিনের স্বামী রুবেল মিয়া নরসিংদীতে সার কারখানায় ছোটখাটো একটি চাকরি করেন। স্ত্রীর ও নিজের চিকিৎসার ব্যয় বহন করা তাঁর জন্য অত্যন্ত কঠিন হবে।