জ্ঞান সৃষ্টিতে ভূমিকা রাখবে হাজী দানেশ বিশ্ববিদ্যালয়ের গবেষণাগার: শিক্ষামন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আজ রাতে দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গবেষণাগার উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী দীপু মনি
ছবি: প্রথম আলো

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গবেষণাগার উদ্বোধনের মধ্য দিয়ে উচ্চশিক্ষার ক্ষেত্রে গবেষণায় নতুন দ্বার উন্মোচিত হয়েছে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

শিক্ষামন্ত্রী বলেন, গবেষণাগারটি গবেষকদের নতুন জ্ঞান সৃষ্টিতে ভূমিকা রাখবে। কৃষি, প্রাণিসম্পদ, মৎস্যসম্পদসহ মানুষের দেহের বিভিন্ন রোগ নিয়ে গবেষণা করতে সহায়তা করবে। এ গবেষণাগার করতে অনেক টাকা বিনিয়োগ করতে হয়েছে উল্লেখ করে এটি ব্যবহারে গবেষকদের যত্নবান হওয়ার আহ্বান জানান শিক্ষামন্ত্রী।

মুজিব বর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আজ রোববার রাতে গবেষণাগারটি উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন দীপু মনি। বিশ্ববিদ্যালয়ের রাজস্ব আয় থেকে প্রায় চার কোটি টাকা ব্যয়ে এ গবেষণাগার করা হয়েছে। পরে শিক্ষামন্ত্রী বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল মাঠে ‘জ্যোতির্ময় বঙ্গবন্ধু’ শীর্ষক স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন ও সপ্তাহব্যাপী সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন করেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক এম কামরুজ্জামান প্রমুখ।

এদিকে বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় গবেষণাগারটি চালু হওয়ায় শিক্ষক–শিক্ষার্থীরা উচ্ছ্বাস প্রকাশ করেছেন। কয়েকজন শিক্ষক বলেন, এর মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয় পর্যায়ে গবেষণা আরও একধাপ এগিয়ে গেল। সব বিভাগের গবেষকেরা ল্যাবটি ব্যবহার করতে পারবেন। জিনোম সিকুয়েন্স থেকে শুরু করে, ডিএনএ, আরএনএ আইসোলেশন, ক্ষুদ্রাতিক্ষুদ্র জীবাণু চিহ্নিতকরণের মতো গুরুত্বপূর্ণ গবেষণা সম্পন্ন হবে এই গবেষণাগারে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, এটি উত্তরবঙ্গে প্রথম ও একমাত্র অত্যাধুনিক গবেষণাগার। এখানে রয়েছে পিসিআর, আরটিপিসিআর, ডেটা অ্যানালাইজড, ডিএনএ/আরএনএ, খাদ্য বা উদ্ভিদে হেভি মেটাল নির্ণয়, ডিজিজ ডায়াগনস্টিক ইউনিট, ফুড নিউট্রিশন অ্যান্ড কেমিক্যাল অ্যানালাইসিস ইউনিট, মেটেরিয়াল সায়েন্স ইউনিট, সেল অ্যান্ড টিস্যুকালচার ইউনিট। এ ল্যাবে জীবাণু, ছত্রাক, ফাঙ্গাস, ব্যাকটেরিয়াসহ মানুষ, প্রাণী বা উদ্ভিদের রোগ সৃষ্টিকারী যেকোনো ধরনের অণুজীবের জীবনরহস্য উন্মোচন করা যাবে।