জ্বর, শ্বাসকষ্ট নিয়ে টেকনাফ উপজেলা ভাইস চেয়ারম্যানের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

কক্সবাজারের টেকনাফ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা ফেরদৌস আহমদ জমিরী (৬৫) জ্বর, সর্দি–কাশি ও শ্বাসকষ্ট উপসর্গ নিয়ে মারা গেছেন। আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে উখিয়া উপজেলার কুতুপালং রোহিঙ্গা শরণার্থীশিবিরে বেসরকারি সংস্থা পরিচালিত হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

টেকনাফ উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল আলম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সাইফুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন। ফেরদৌস আহমেদ টেকনাফ পৌরসভার কুলালপাড়া গ্রামে মরহুম মৌলভী এজাহার আহমদের ছেলে।

পরিবার সূত্র জানায়, দীর্ঘদিন ধরে ফেরদৌস আহমদ শ্বাসকষ্ট ও ডায়াবেটিসে ভুগছিলেন। গত শুক্রবার তিনি করোনা পরীক্ষার জন্য নমুনা দিয়েছেন। তবে এখনো ফলাফল পাওয়া যায়নি। একই দিন প্রচণ্ড জ্বর, সর্দি–কাশি ও শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় তাঁকে উখিয়ার কুতুপালং আইসোলেশন হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। তিনি আজ রোববার সকালে সেখানে মারা যান। বাদ আসর হ্নীলার মৌলভীবাজারে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।

টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা প্রণয় রুদ্র প্রথম আলোকে বলেন, গত শুক্রবার করোনা উপসর্গ নিয়ে ফেরদৌস আহমদ হাসপাতালে এলে নমুনা সংগ্রহ করে উন্নত চিকিৎসার জন্য উখিয়ার কুতুপালং আইসোলেশন হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তাই যাবতীয় স্বাস্থ্যবিধি মেনে তাঁর দাফনের ব্যবস্থা করা হবে।

চিকিৎসা কর্মকর্তা প্রণয় রুদ্র জানান, এ পর্যন্ত টেকনাফ থেকে ১ হাজার ৪২৩ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। শনিবার পর্যন্ত ৮৬ জনের পজিটিভ ফলাফল এসেছে। এর মধ্যে মারা গেছেন তিনজন। হাসপাতাল ও এনজিও সংস্থার চারজন চিকিৎসকসহ ২০ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এখনো দুজন রোহিঙ্গা নাগরিকসহ ৬৩ জন চিকিৎসাধীন। এখন পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পাঁচজন চিকিৎসক কোভিডে আক্রান্ত হয়েছেন।