জ্বর-শ্বাসকষ্ট শুনে গ্রামে ঢুকতে বাধা

নওগাঁর নিয়ামতপুরে করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে ঢাকাফেরত এক যুবককে (৩৮) নিজ গ্রামে ঢুকতে বাধা দেওয়া হয়। পরে প্রশাসনের হস্তক্ষেপে ওই যুবককে নিজ বাড়িতে কোয়ারেন্টিনে রাখা হয়। আজ সোমবার উপজেলার হাজীনগর ইউনিয়নে এ ঘটনা ঘটে।
করোনাভাইরাসে আক্রান্ত কি না, তা পরীক্ষার জন্য ওই যুবকের নমুনা রাজশাহীতে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে হাজীনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুর রাজ্জাক জানান, ওই যুবক ঢাকার কেরানীগঞ্জে একটি কারখানাতে কাজ করতেন। তাঁর স্বজনদের মাধ্যমে গ্রামের লোকজন জানতে পারেন, ঢাকায় তিনি কিছুদিন ধরে জ্বর ও শ্বাসকষ্টে ভুগছেন। আজ বেলা ১১টার দিকে ওই যুবক গ্রামে এলে তাঁকে ঢুকতে বাধা দেওয়া হয়। এ নিয়ে এলাকায় একটা উত্তেজনা তৈরি হয়। পরে বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানানো হয়। খবর পেয়ে তৎক্ষণাৎ ইউএনও পুলিশ নিয়ে গ্রামে উপস্থিত হন এবং ওই যুবককে নিজ বাড়িতে কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ইউএনও জয়া মারীয়া পেরেরা বলেন, ওই যুবককে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। করোনা পরীক্ষার জন্য স্বাস্থ্যকর্মীরা তাঁর নমুনা সংগ্রহ করেছেন। নমুনা পরীক্ষার জন্য রাজশাহীতে পাঠানো হয়েছে। পরীক্ষার প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী সময়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।