জ্বর, সর্দি, শ্বাসকষ্ট নিয়ে এক ব্যক্তির মৃত্যু
সর্দি, জ্বর, গলাব্যথা ও শ্বাসকষ্ট নিয়ে মুন্সিগঞ্জের লৌহজংয়ের এক ব্যক্তি মারা গেছেন। তাঁর বয়স ছিল ৭৩ বছর। আজ বুধবার সকালে ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে তাঁর মৃত্যু হয়। তিনি নারায়ণগঞ্জে হোসিয়ারি ব্যবসা করতেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শামীম আহমেদ জানান, গত ২০ মার্চ ওই ব্যক্তি গ্রামের বাড়িতে আসেন। তিন থেকে চার দিন আগে তিনি অসুস্থ হয়ে পড়েন। তাঁর সর্দি, জ্বর, গলাব্যথা ও শ্বাসকষ্ট হচ্ছিল। গতকাল মঙ্গলবার পরিবারের সদস্যরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খবর দেন। বাড়িতে গিয়ে পরীক্ষার জন্য তাঁর সোয়াবের নমুনা সংগ্রহ করা হয়। সন্ধ্যায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্সে করে তাঁকে ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে তিনি মারা যান। তাঁর নমুনা পরীক্ষার প্রতিবেদন আগামীকাল বৃহস্পতিবার পাওয়া যেতে পারে।