জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বরিশালে বাসদের বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডিজেল-কেরোসিনের মূল্যবৃদ্ধি প্রত্যাহার ও চাল-ডাল-তেলের দাম কমানোর দাবিতে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) বিক্ষোভ মিছিল করে। বরিশাল নগরের সদর রোডে রোববার
প্রথম আলো

ডিজেল-কেরোসিনের অযৌক্তিক মূল্যবৃদ্ধি প্রত্যাহার ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমানোর দাবিতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ)। আজ রোববার বেলা ১১টায় অশ্বিনীকুমার হল চত্বরে এ আয়োজন করা হয়।

বাসদের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এই সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে সভাপতিত্ব করেন বাসদ বরিশাল জেলার আহ্বায়ক ইমরান হাবিব ও পরিচালনা করেন বাসদ বরিশাল জেলার সদস্য বিজন শিকদার।

সমাবেশে বক্তারা বলেন, এই সরকার গরিব, মধ্যবিত্তের কথা কখনো ভাবেনি। গুটিকয় ধনিক-লুটেরাদের স্বার্থ রক্ষাকেই সব সময় গুরুত্ব দিয়েছে। এখন নতুন করে সাধারণ মানুষের পকেট কাটতে ডিজেল-কেরোসিনের মূল্যবৃদ্ধি করেছে। মানুষ আজ অসহায়। অন্যদিকে নিত্যপণ্যের দাম বাড়ায় দিশেহারা দেশবাসী।

তাঁরা আরও বলেন, ২০১৩ থেকে ২০২০ পর্যন্ত আন্তর্জাতিক বাজারে তেলের দাম কম থাকলেও সরকার মূল্য সমন্বয় করে দেশের মধ্যে তেলের দাম কমায়নি। গত সাত বছরে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন ৪০ হাজার কোটি টাকা মুনাফা করেছে। কিন্তু আন্তর্জাতিক বাজারে গত দুই মাসে তেলের দাম সামান্য বাড়ার পরই সরকার প্রতি লিটার ডিজেলের দাম একলাফে ১৫ টাকা বাড়িয়েছে, যা অযৌক্তিক ও অমানবিক। তেলের দাম বাড়লে পরিবহন ভাড়া বাড়বে, নিত্যপ্রয়োজনীয় সব দ্রব্যের দাম বাড়বে, যা করোনা মহামারির সংকটের পর মড়ার ওপর খাঁড়ার ঘা হিসেবে নেমে আসবে।

সমাবেশে বক্তব্য দেন বাসদ বরিশাল জেলা শাখার সদস্য সচিব মনীষা চক্রবর্তী, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট বরিশাল জেলা শাখার সাধারণ সম্পাদক মানিক হাওলাদার, বরিশাল রিকশা-ভ্যানচালক-শ্রমিক ইউনিয়নের সভাপতি দুলাল মল্লিক, সমাজতান্ত্রিক মহিলা ফোরামের বরিশাল জেলা শাখার সংগঠক সানু আক্তার, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বরিশাল মহানগর শাখার সহসভাপতি হাফিজুর রহমান, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট বরিশাল জেলা শাখার সহসাধারণ সম্পাদক শহীদুল ইসলাম প্রমুখ।