জ্বালানি তেলের সংকট সমাধানসহ ৬ দাবিতে সিলেটে ট্যাংকলরি মিছিল
সিলেটে জ্বালানি তেলের সংকট দূর করা, পাম্পে গ্যাসের সরবরাহ বাড়ানোসহ ছয় দফা দাবিতে শতাধিক ট্যাংকলরি নিয়ে মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার বেলা ১১টা থেকে সিলেট-ঢাকা মহাসড়কের চণ্ডীপুল এলাকা থেকে মিছিল শুরু হয়। এতে সিলেট-ঢাকা মহাসড়কসহ নগরের ভেতরের সড়কগুলোয় যানজটের সৃষ্টি হয়েছে।
এর আগে গত সোমবার ছয় দফা দাবিতে সিলেট বিভাগীয় পেট্রল পাম্প, সিএনজি, এলপিজি, ট্যাংকলরি মালিক-শ্রমিক ঐক্য পরিষদের উদ্যোগে এ কর্মসূচি ঘোষণা করা হয়েছিল।
সরেজমিন দেখা গেছে, জ্বালানি তেলবাহী শতাধিক ট্যাংকলরি সারিবদ্ধভাবে দক্ষিণ সুরমার চণ্ডীপুল এলাকা থেকে মোমিনখলা, হুমায়ুন রশীদ চত্বর হয়ে বন্দরবাজার এলাকায় প্রবেশ করে। এ সময় ট্যাংকলরির গায়ে ছয় দফা দাবিসংবলিত ব্যানার টাঙানো ছিল। এদিকে মিছিলের কারণে নগরের ভেতরের সড়কগুলোয় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে সাধারণ মানুষ দুর্ভোগে পড়ে।
সংগঠনের আহ্বায়ক সিরাজুল হোসেন বলেন, ‘আমরা দীর্ঘদিন ধরে জ্বালানি তেলের সংকট দূর করা, পাম্পে গ্যাসের সরবরাহ বাড়ানোসহ কয়েকটি দাবি জানিয়ে আসছি। কিন্তু কোনো সমাধান হয়নি। তাই বাধ্য হয়েই আমাদের আন্দোলনে নামতে হয়েছে। দ্রুত সমস্যার সমাধান না হলে আরও কঠোর কর্মসূচির ঘোষণা আসবে।
পরবর্তী কর্মসূচির ব্যাপারে সিরাজুল হোসেন বলেন, আগামী বুধবার সংগঠনের নেতা-কর্মীদের নিয়ে বৈঠক অনুষ্ঠিত হবে। এরপর নতুন কর্মসূচির ঘোষণা দেওয়া হবে।
সংগঠন সূত্রে জানা গেছে, সিলেটে প্রতিদিন প্রায় দেড় লাখ লিটার জ্বালানি তেলের চাহিদা থাকলেও মাত্র ৬০ হাজার লিটার সরবরাহ করা হচ্ছে। সমস্যা সমাধানে সিলেটের বন্ধ থাকা গ্যাসফিল্ডগুলো চালুর দাবি জানিয়ে আসছেন পাম্পের মালিকেরা। এ নিয়ে দীর্ঘদিন বিভিন্ন দপ্তরে যোগাযোগ করা হলেও কোনো সমাধান হয়নি। এ জন্য তাঁরা আন্দোলনের দিকে এগোচ্ছেন।
সংগঠনের পক্ষ থেকে সম্প্রতি ছয় দফা দাবি জানানো হয়। তাদের দাবিগুলো হলো ওভারলোডের অজুহাতে সিএনজি ফিলিং স্টেশনের গ্যাসের সংযোগ বিচ্ছিন্নকরণ বন্ধ করা; অবিলম্বে সিলেট বিভাগের প্রতিটি সিএনজি ফিলিং স্টেশনের গ্যাস সরবরাহ বাড়ানো; সিলেট বিভাগে পেট্রল, ডিজেল, অকটেন সরবরাহ নিশ্চিত করা; সিলেটের প্রতিটি গ্যাসফিল্ড থেকে ট্যাংকলরির ডেসপাস চালু করা; অবিলম্বে সিলেট বিভাগের প্রতিটি গ্যাসফিল্ড আগের মতো চালু করা এবং জ্বালানি ব্যবসায়ী ও পরিবহনশ্রমিকদের সরকারের পক্ষ থেকে হয়রানি বন্ধ করা।