জ্যোতির্ময় গুহঠাকুরতার স্বজনদের ‘জমি দখল’ নিয়ে সংশ্লিষ্টদের আইনি নোটিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শহীদ বুদ্ধিজীবী জ্যোতির্ময় গুহঠাকুরতার পরিবারিক ‘সম্পত্তি দখল’ করে টিনের বেড়া দেওয়ার পর ভেতরের পুরনো একতলা ভবন ভেঙে ফেলা হচ্ছে।
ফাইল ছবি

বরিশালের বানারীপাড়ায় শহীদ বুদ্ধিজীবী জ্যোতির্ময় গুহঠাকুরতার স্বজনদের জমি দখলের অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের আইনি নোটিশ পাঠানো হয়েছে। প্রকৃত ঘটনা জানতে এবং এর সঙ্গে কারা জড়িত, এ বিষয়ে তথ্য দিতে সুপ্রিম কোর্টের আইনজীবী আনিসুর রহমানের পক্ষে আইনজীবী স্বপন কুমার দত্ত গতকাল সোমবার এই নোটিশ পাঠান।

জাতীয় সংসদের চিফ হুইপ, শিক্ষাসচিব, শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, বরিশালের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, বানারীপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি ও বরিশাল-২ আসনের সাংসদ মো. শাহে আলমসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের এই নোটিশ দেওয়া হয়েছে।

আইনজীবী স্বপন কুমার দত্ত আজ মঙ্গলবার বিকেলে প্রথম আলোকে এই নোটিশ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আমরা নোটিশ–গ্রহীতাদের জমি দখলকারীদের প্রকৃত তথ্য জানাতে তিন দিনের সময়সীমা দিয়েছি। তথ্য পাওয়ার পর পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।’

নোটিশে বলা হয়, বরিশালের বানারীপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের জন্য স্থানীয় সাংসদ মো. শাহে আলমের উপস্থিতিতে ওই জমি দখল করা হয় বলে অভিযোগ তুলেছেন জ্যোতির্ময় গুহঠাকুরতার মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক অধ্যাপক মেঘনা গুহঠাকুরতা ও তাঁর স্বজনেরা। সাংসদ শাহে আলম ওই বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি।

বানারীপাড়া বন্দর বালিকা বিদ্যালয়টি শহীদ বুদ্ধিজীবী জ্যোতির্ময় গুহঠাকুরতা ও তাঁর চাচাতো ভাই প্রফুল্ল কুমার গুহের জমিতে প্রতিষ্ঠিত। ওই বিদ্যালয়ের পাশেই প্রয়াত প্রফুল্ল কুমার গুহের দুই ছেলে অনুপ কুমার গুহ ও পল্লব কুমার গুহের নামে রেকর্ড থাকা ৫ শতাংশ জমি ২ জানুয়ারি বিকেলে বিদ্যালয়ের নামে দখলে নেন সাংসদ। এ সময় জমি দখলে নিতে বাধা দেন অনুপ কুমার গুহ। কিন্তু সাংসদ শাহে আলম তাঁকে নানাভাবে হুমকি-ধমকি দেন বলে অভিযোগ করেছেন তিনি।

আইনি নোটিশে বলা হয়েছে, পরবর্তী তিন দিনের মধ্যে প্রকৃত ঘটনা ও জমি দখলের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিষয়ে তথ্য না জানানো হলে উচ্চ আদালতে রিট করা হবে। শহীদ বুদ্ধিজীবী জ্যোতির্ময় গুহঠাকুরতার পরিবারের জমি দখলের অভিযোগ–সংক্রান্ত পত্রিকায় প্রকাশিত বিভিন্ন সচিত্র প্রতিবেদন নোটিশে সংযুক্ত করা হয়।

জমি দখলের অভিযোগের বিষয়ে ওই সময় সাংসদ শাহে আলম প্রথম আলোকে বলেছিলেন, অনুপ যে জমি নিজেদের বলে দাবি করছেন, সেই জমি বানারীপাড়া সদর ইউনিয়ন পরিষদের। ১৯৭৭ সালে অনুপের বাবা ভুয়া ডিক্রি করে ওই জমি তাঁর নামে নিয়ে যান। বিদ্যালয়ের প্রধান ফটকের কাছে হওয়ায় শিক্ষক-অভিভাবক সবাই চান জমিটা বিদ্যালয়ের থাকুক। এর সঙ্গে বিদ্যালয়ের নিরাপত্তা জড়িত। তাঁরা জমির প্রকৃত মালিক হলে বাজারমূল্য অনুযায়ী বিদ্যালয় থেকে জমির মূল্য দেওয়া হবে।

আরও পড়ুন