কিশোরগঞ্জ পৌরসভার এক কাউন্সিলর ও তাঁর ভাগনে একটি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ দুই শিক্ষককে মারধর করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। তাঁদের বিচারের দাবিতে গতকাল শনিবার ওই বিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে বিক্ষোভ মিছিল করেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার কিশোরগঞ্জ বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক নূরুল হক ও সহকারী শিক্ষক মোহাম্মদ শাহজাহানকে পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ইয়াকুব সুমন ও তাঁর ভাগনে পারভেজ লস্কর মারধর করেন।
প্রধান শিক্ষক জানান, গত বুধবার দুপুরে সহকারী শিক্ষক মোহাম্মদ শাহজাহানের ছেলে শাহরিয়ার আহম্মদ শহরের আখড়াবাজার এলাকায় ঝুলনমেলায় একটি ব্লেন্ডার কিনতে যায়। এ সময় সে সেখানে পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ইয়াকুব সুমনের ভাগনে পারভেজের হাতে একটি ব্লেন্ডার দেখে সেটি দেখতে চাইলে তাকে মারধর করা হয়। খবর পেয়ে শাহজাহান ঘটনাস্থলে গিয়ে পারভেজকে এ ব্যাপারে জিজ্ঞেস করতেই তাঁকেও মারধর করা হয়। বিষয়টি জানতে পেরে প্রধান শিক্ষক কয়েক সহকর্মীকে নিয়ে ঘটনাস্থলে গেলে তাঁকেও পারভেজ ও কাউন্সিলর ইয়াকুব সুমন মারধর করেন। এ ঘটনায় প্রধান শিক্ষক পরদিন পুলিশ সুপারের কাছে স্মারকলিপি দেন। বিষয়টি জানতে পেরে বিদ্যালয়ের কয়েক শ ছাত্রী গতকাল সকাল ১০টায় ক্লাস বর্জন করে শহরে বিক্ষোভ মিছিল করে হামলাকারী ব্যক্তিদের বিচার দাবি করে। এরপর বিদ্যালয় মাঠে আয়োজিত সমাবেশে বিচার না হওয়া পর্যন্ত ক্লাস বর্জন অব্যাহত থাকবে বলে ঘোষণা দেওয়া হয়। এ ছাড়া হামলার খবর জানতে পেরে সদর উপজেলার সব উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ওই বিদ্যালয়ে গিয়ে গতকাল এক সভায় মিলিত হন। ওই সভা থেকে আজ রোববার বেলা ১১টায় শিক্ষকদের ওপর হামলার ঘটনায় জড়িত ব্যক্তিদের বিচারের দাবিতে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন ও তাঁর কাছে স্মারকলিপি দেওয়ার কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়।
পুলিশ সুপার আনোয়ার হোসেন খান অভিযোগ পাওয়ার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে শিক্ষকদের সদর থানায় অভিযোগ দিতে পরামর্শ দেওয়া হয়েছে। অভিযোগের ভিত্তিতে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
কাউন্সিলর ইয়াকুব সুমন শিক্ষকদের মারধর করার অভিযোগ অস্বীকার করে বলেন, ‘শাহরিয়ার নামের ছাত্রটি আমার ভাগনে পারভেজ লস্করের হাত থেকে বাম হাতে ব্লেন্ডারটি নিয়ে আবার বাম হাতে ফেরত দেয়। এ জন্য শাস্তিস্বরূপ শাহরিয়ারকে কান ধরে ওঠবস করানো হয়। খবর পেয়ে প্রধান শিক্ষকসহ অন্য শিক্ষকেরা গিয়ে আমাদের দেখে নেওয়ার হুমকি দেন। আসলে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি বিষয়টি জটিল করছে।’