স্বামীর সঙ্গে বেড়াতে যাওয়া তরুণীকে তুলে নিয়ে সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে ধর্ষণের ঘটনার প্রতিবাদে এবং এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সুনামগঞ্জে মানববন্ধন হয়েছে। আজ বুধবার পৌর শহরের আলফাত স্কয়ারে দুপুরে এই মানববন্ধন আয়োজন করে দিরাই-শাল্লা ছাত্রকল্যাণ পরিষদ।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, এমসি কলেজ সিলেটের শতবর্ষের একটি ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানে রাজনৈতিক নেতাদের মদদে দিনের পর দিন নানান অপকর্ম হচ্ছে। সর্বশেষ একজন নারী তাঁর স্বামীর সঙ্গে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয়েছেন। যাঁরা এই ঘটনা ঘটিয়েছেন, তাঁদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।
মানববন্ধন চলাকালে বক্তব্য দেন দিরাই-শাল্লা ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি এস এম হোসাইন তালুকদার, সহসভাপতি সালমান আহমেদ, সাধারণ সম্পাদক আবদুস সালাম, ছাত্রনেতা দ্বীপাল ভট্টাচার্য ও নাসিম চৌধুরী, তাহিরপুর ছাত্রকল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক শামীম আহমেদ, দোয়ারাবাজার স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক জুবায়ের আহমদ, ছাতক ছাত্রকল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আতিকুর রহমান প্রমুখ।