জয় বাংলা মুখে নয়, থাকতে হবে চেতনায়: হুইপ ইকবালুর
জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম বলেছেন, জয় বাংলা স্লোগান শুধু মুখে নয়, জয় বাংলা ও মুক্তিযুদ্ধের স্লোগান থাকতে হবে চিন্তায় ও চেতনায়। আজকে রাজাকাররা মুক্তিযুদ্ধের কথা বলে, মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত করার চেষ্টা করে। তাদের বিরুদ্ধে হুঁশিয়ার থাকতে হবে। ভবিষ্যতে তারা যেন কোনো ষড়যন্ত্র করতে না পারে।
দিনাজপুরে জাতীয় পতাকা উত্তোলন দিবস এবং বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে আয়োজিত মুক্তিযোদ্ধা ও জনতার মানববন্ধন কর্মসূচির বক্তব্যে এসব কথা বলেন ইকবালুর রহিম। দিনাজপুর-৩ (দিনাজপুর সদর) আসনের এই সাংসদ আরও বলেন, ‘রাজাকারদের ষড়যন্ত্রে পা না দিয়ে মুক্তিযুদ্ধ এবং বঙ্গবন্ধুর চেতনাকে বুকে ধারণ করে যে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেছিলাম, শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর সেই সোনার বাংলাদেশ প্রতিষ্ঠা করব, এই হোক প্রত্যয়।’
আজ শুক্রবার বেলা ১১টায় দিনাজপুর শহরের জেল মোড় এলাকায় এ কর্মসূচির আয়োজন করে দিনাজপুর এম আব্দুর রহিম সমাজকল্যাণ ও মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্র।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দীর্ঘ ৯ মাস মুক্তিযুদ্ধ শেষে ১৯৭১ সালের এই দিনে সদ্য স্বাধীন দেশে দিনাজপুরে প্রথম গোড়-এ-শহীদ ময়দানে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। দিনাজপুরে আনুষ্ঠানিকভাবে প্রথম জাতীয় পতাকা উত্তোলন করেন তৎকালীন মুজিবনগর সরকারের পশ্চিমাঞ্চলীয় জোন-১-এর চেয়ারম্যান এম আব্দুর রহিম। ওই সময় মুক্তিবাহিনী ও মিত্রবাহিনীর যৌথভাবে দেওয়া গার্ড অব অনারে নেতৃত্ব দিয়েছিলেন মিত্রবাহিনীর এই অঞ্চলের অধিনায়ক ব্রিগেডিয়ার ফরিদ ভাট্টি ও কর্নেল শমসের সিং।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান ইমদাদ সরকার, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তৌহিদুল ইসলাম সরকার, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক নাসিরুল হক, এম আব্দুর রহিম সমাজকল্যাণ ও মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্রের সভাপতি সফিকুল হক, সাধারণ সম্পাদক চিত্ত ঘোষসহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতারা।
এর আগে দিনাজপুর ইনস্টিটিউট মাঠে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুজিবনগর সরকারের পশ্চিমাঞ্চলীয় জোনের চেয়ারম্যান মুক্তিযুদ্ধের সংগঠক এম আব্দুর রহিমের অস্থায়ী প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন বিভিন্ন সামাজিক–সাংস্কৃতিক সংগঠন ও রাজনৈতিক ব্যক্তিরা। এ সময় সম্মিলিত সাংস্কৃতিক জোটের ব্যবস্থাপনায় জাতীয় সংগীতসহ গণসংগীত পরিবেশন করেন স্থানীয় শিল্পীরা।